লেখক : অভিজিৎ হালদার
এক সময় বাগান জুড়ে ছিল রঙের উৎসব,
আজ কেবল বিবর্ণ স্মৃতির কঙ্কাল পড়ে আছে।
তোমার দেওয়া সেই একেকটি রক্তিম প্রতিশ্রুতি,
আজ মলাটের নিচে নিথর হয়ে শুয়ে আছে।
শত শত গোলাপ ফুল শুকিয়ে আছে ডায়েরির ভাঁজে ভাঁজে,
পাব বলে যে হাত বাড়িয়েছিলাম একদা তোমার দিকে—
সেই হাত এখন ধুলোমাখা কিছু শুষ্ক পাপড়ি ছোঁয়,
বুকের ভিতর জমানো সব শব্দ আজ বড় ফিকে।
তুমি হয়ত নতুন কোন বাগানে সাজাও ঘর,
সেখানে হয়ত টাটকা ফুলের গন্ধ দিনরাত ভাসে।
আর আমার এখানে ঝরে পড়া সময়ের দীর্ঘশ্বাস,
পুরনো ডায়েরির পাতায় বিমর্ষ হয়ে হাসে।
ফুলের শরীর থেকে রং মুছে গেছে অনেক আগেই,
গন্ধটুকুও অভিমান করে পালিয়েছে দূর অজানায়।
তবুও ডায়েরিটা খুললেই মনে হয় এই তো সেদিন,
তুমি বলেছিলে, “ভালবাসা বেঁচে থাকে প্রতীক্ষায়।”
শুকিয়ে যাওয়া সেই গোলাপের কাঁটা বিঁধে যায় মনে,
রক্ত ঝরে না ঠিকই, তবে যন্ত্রণা হয় খুব গোপনে।
তোমার দূরত্ব বজায় রাখতে গিয়ে জেনেছি আজ—
কিছু ফুল মরে গেলেও থেকে যায় স্মৃতির অনশনে।
রাতের নিস্তব্ধতায় যখন মলাট উল্টে দেখি,
শুকনো পাপড়িগুলো ঝরঝর করে খসে পড়ে নিচে।
ওরা যেন তোমার সেই না রাখা কথার অবশিষ্টাংশ,
যেগুলো আজও আমার একাকিত্বের পিছে পিছে।
এক-একটা গোলাপ ছিল এক একটা পূর্ণিমা রাত,
অথবা বৃষ্টিভেজা কোন আলসে দুপুরবেলা।
আজ তারা প্রাণহীন, কড়কড়ে রোদে পোড়া তৃষ্ণার মত,
ভালবাসা তবে কি ছিল নিছক সময়ের খেলা?
ডায়েরির সাদা পাতাগুলো এখন হলদেটে আর বিষণ্ণ,
ঠিক যেমনটা হয়েছে আমার ছন্নছাড়া এই জীবন।
তুমি হয়ত ভুলে গেছ সেই পুরনো ফুলের ঘ্রাণ,
আর আমি আগলে রাখি তোমার ফেলে যাওয়া এই মরণ।
শত ফুল শুকিয়ে গেলেও ডায়েরিটা তো ফেলতে পারি না,
প্রতিটি ভাঁজে মিশে আছে তোমার আঙুলের স্পর্শের টান।
আমি এক নিঃস্ব মালি, মৃত বসন্তের পাহারা দিয়ে যাই—
যেখানে স্মৃতির অন্ত্যেষ্টিতে চলে কেবল দীর্ঘশ্বাসের গান।।
লেখক পরিচিতি : অভিজিৎ হালদার
লেখক পরিচিতি:- লেখক অভিজিৎ হালদার এর জন্ম নদীয়া জেলার অন্তর্গত মোবারকপুর গ্রামে ২০০১ সালের ১লা সেপ্টেম্বর। পিতা কার্ত্তিক হালদার ও মাতা আরতি হালদার। প্রাথমিক শিক্ষা মোবারকপুর প্রাইমারী বিদ্যালয় , মাধ্যমিক শিক্ষা ভাজনঘাট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় , সুধীরঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয় থেকে স্নাতক এবং বর্তমানে আই টি আই এর ছাত্র। লেখালেখির সূএপাত: স্কুল জীবন থেকে। লেখালেখি:- বিভিন্ন – পএ পত্রিকা, ম্যাগাজিন , ওয়েবজিন, ফেসবুক পেজ/ ফেসবুক গ্রুপ , ব্লগসাইট , ওয়েবসাইট , অনলাইন প্লাটফর্ম , এছাড়া বিভিন্ন ফোরামে। প্রথম বই: "প্রথম আলো " পেশা ও পরিচয়: তরুণ কবি, গল্পকার, উপন্যাসিক, গীতিকার, লেখক ও অন্যান্য। সাহিত্যিক ধারা: আধুনিক ও উত্তর-আধুনিক কবিতা, প্রেম ও বিরহ, অস্তিত্ববাদী ভাবনা, গ্রামীণ ও শহুরে জীবনচিত্র , বাস্তববাদী, দার্শনিক চিন্তাধারা, কল্পনাবিলাসী , রূপকথা , বাস্তব পেক্ষাপট ও সমসাময়িক। বিশেষ উক্তি: "এই শহরকে ভালো না বেসে যদি আমি চাঁদের মাটিকে ভালো বাসতাম তবে আমি নীল ডায়েরি না হয়ে নীল আর্মস্ট্রং হতাম।"

