লেখক : তনিমা হাজরা
মাথাহীন প্রকাণ্ড এক ধড়ের মিছিল
যারা নিজেদের সাংঘাতিক বোদ্ধা ভাবে,
কথা বলে ঢের বেশি, শোনে কিংবা
শেখে তার বহুগুণ কম, তারাই নিয়ন্ত্রণ করে চতুর্দিক।
এরাই প্রতিটি দেশের মহামান্য নাগরিক।
এরা সামান্য মুদ্রায় কিংবা সামান্য দাক্ষিণ্যে
অনায়াসে দল বদল করে, নিমেষে বদলে
ফেলতে পারে নিজস্ব বয়ান।
এরা অভ্যাসকে ভাবে ধর্ম, পরধর্ম বিদ্বেষ আর বিষোদগারকেই ভাবে ধর্মাচার।
মাথাহীন অবিরাম অবিশ্রান্ত ধড়ের মিছিল
ডিগ্রি গজিয়েছে অনেক এদের আগাপাশতলায়
শিক্ষা জ্বালতে পারেনি আলো মস্তিষ্ক কন্দরে।
এরা দৃঢ় হাতে আটকে রাখে ভাবনার ভিত,
পাছে উন্মেষের আলো এসে পড়ে।
মাথাহীন প্রকাণ্ড এক ধড়ের মিছিল,
অনিবার্য শুক্র আর ডিম্বের মিলনে
বেরিয়ে আসা অগাধ মানুষের স্রোত,
এ পৃথিবীকে গ্রাস করে বসে আছে
পূর্ণগ্রাস গ্রহণের মত।
মাথাহীন প্রকাণ্ড এক ধড়ের মিছিল
যাদের নিজেদের দৃঢ় বিশ্বাস,
তাদের ধড়ের উপরে
সত্যি সত্যি বুঝি মুণ্ডু রাখা আছে।
লেখক পরিচিতি : তনিমা হাজরা
লেখাই আমার চিৎকার, লেখাই আমার মুক্তি

