অবসর

লেখক : বিপ্লব নসিপুরী

আজ হৃদয়ে বেদনার তানে বিষাদের সুর বাজে
বৃন্তচ্যুত শাখাখানি শুধু পুষ্পরে ফিরে ফিরে যাচে।
রোজকার দেখা ম্লান হয়ে আসে আজকের ক্যানভাসে
স্মৃতির অ্যালবামখানি আজ বারবার ফিরে আসে।

এ তরী শুধু চিনেছিল বাড়ি আর এই দেবঘাট
সময় রশি বেঁধেছে তাহারে ভুলে যাবে খেয়াপাট।
গোধূলি রঙে বিষাদ জড়ানো মোদের হৃদয়াকাশ
সাঁঝের আঁধার রাতের বাহার মিলিবে দীর্ঘ অবকাশ।

হৃদয় কলস উঠেছে ভরে বিষাদ বিরাগ রসে
এই অবসর সবার জীবনে এমন করেই আসে।
দুঃখের ফেনা তীরে এসে বাঁধে অন্তরে চোরাস্রোত
বিদায়ের ক্ষণ যত কাছে আসে নিভে আসে সুখরোদ।

অবসর মানে অফুরান সময় ক্লান্ত হওয়ার শেষ
ঘড়ির সাথে এত দ্বৈরথ এবার হবে মিলমেশ।
চিরপরিচিত শব্দের স্রোতে ভাসিবে না অফিসঘর
তোমা পরশে চক ডাস্টার কাটিবে না কোন আঁচড়

তোমার বসার আসনখানি জানি থাকিবে না ফাঁকা
স্মৃতির আসনে তুমি অমলিন চিরকাল রবে আঁকা।
তবু দেখা হবে তবু কথা হবে বিষণ্ণতার চাদর মুড়ে
এই দেবালয় আর ধ্বনিত হবে না তোমার মধুর সুরে।


লেখক পরিচিতি : বিপ্লব নসিপুরী
গ্রাম পোস্ট শীতলগ্রাম,জেলা বীরভূম,পিন ৭৩১২৩৭,পেশা শিক্ষক শখ বই পড়া ও ক্রিকেট

2 Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up