লেখক : সমাদৃত দাস
মিথ্যেগুলো আজ তারার মতো খসে পড়ছে
বেড়াজালে জড়িয়ে যাওয়া মিথ্যাগুলোকে
আর ধরা গেল না
সত্যি-মিথ্যে লুকোচুরি খেলতে খেলতে
মিথ্যেরা হেরে গেল
রোজ রোজ কত ভ্যালেণ্টাইন ডে চলে যায়
প্রমিজ ডে চলে যায়
পার্কের আড়ালে, নদীর কিনারে
কত মিথ্যেরা আঁকিবুঁকি কাটে
কিন্তু মিথেরা সত্যি হয় না
মিথ্যেগুলো যদি সত্যি হত
চোখের জলের কাটা রাতগুলো শান্ত হত
যদি সত্যি হতো বকুলের ঘ্রাণ
তাহলে শিশিরে ভেজা কলকাতা মুগ্ধতা হারাত
তারপর কেটে গেল এক সহস্রকাল…
অবশেষে আজ সত্যি-মিথ্যের হিসেব মিটছে
মিথ্যের সাথে সাথে সত্যিকে হারালাম
রডোডেনড্রন ফুল বলে বসল
ব্রুটাস! তুমিও
আমি আর কথা বাড়াতে পারলাম না
আমি নির্বাক চলচ্চিত্রের মতো এগিয়ে গেলাম
নষ্ট হয়ে যাওয়া মিথ্যের প্রজাপতিদের
আজ জানতে পেরেছি
কলহ বাতাসে গভীরতম মায়াজাল
আরও একবার আটকে দিল বিষণ্ণতা
সত্যি-মিথ্যেরা আবার কলহে মাতল
মাঝখানে শিরশিরে বাতাসে রডোডেনড্রন বলল
ব্রুটাস! তুমিও
লেখক পরিচিতি : সমাদৃত দাস
কবি পরিচিতি:- লেখক, ছড়াকার, কবি এবং সম্পাদক সমাদৃত দাস এর জন্ম ২০১০ সালের ২৬ শে আগস্ট মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে। ছোট্ট থেকেই বই পড়ার উদ্দীপনা তাঁর মনে জাগে। বই পড়তে পড়তেই লেখালেখির দিকে আগ্রহের বহিঃপ্রকাশ। তাঁর প্রথম প্রকাশিত ছোটগল্প শারদীয় উড়োজাহাজ ১৪৩০ এ প্রকাশ পায়, নাম "দাদার গুপ্তধন"। এছাড়া আরও বেশ কিছু উল্লেখযোগ্য গল্পের নাম হল, "দীপর বিলের সন্নিকটে","স্বপ্নের থিওপানি জয়", "তনুর জীবনের লক্ষ্য", "জন্মদিনের উপহার" "সুজয়ের নতুন স্কুল" ইত্যাদি। পেয়েছেন একাধিক উল্লেখযোগ্য সম্মান! "হাজারদুয়ারী সাহিত্য সম্মান ২০২৫", "মোহিত অনূর্ধ্ব-১৬ কবিতা সম্মান", "রেনেসাঁস সাহিত্য সম্মান", "উপাসনা সিংহ রায় স্মৃতি পুরস্কার" ইত্যাদি। তাঁর প্রথম সম্পাদিত সংকলন "শৈলজা"। তাঁর লেখা প্রথম একক বই "অর্ধেক আকাশ" প্রকাশিত হয়েছে ২০২৫ সালের কলকাতা বইমেলায় সকল গুণীজনের হাত ধরে। কবির প্রথম কাব্যগ্রন্থ "কৈশোরের কাব্যমঞ্জরী"। কবি বর্তমানে স্কুল পড়ুয়া ছাত্র।

