লেখক : ড. বিশ্বজিৎ বাউনা
১. আত্মবিভ্রম-১
অক্ষরে স্বজনহানা, বলিনি আমি কত চৌচির-
শিকড়ে স্মৃতির রোশনাই, প্রেম আজ মাটি-মন্দির।
মগ্নপ্রায় শীতে আজ মাথানত বাতাসের চমক-
আরোগ্যের স্পৃহা হুলের ডগায় ভেসে ক্ষুণ্ণ, আহাম্মক!
যেন বিষধর করে রাখা ত্রিকালের চিবুকে আমি খুনি-
শিশিরে হবিষ্যি ছোঁয়া, আগামীর ক্ষোভ কতটুকু শুনি?
সে তাই শিখে নেয় পাহাড়প্রমাণ সংকোচে বাঁক-
হৃদয়ে এপিটাপ স্থিতি, ধীরে অনুজ্জ্বল ঝরে পড়ে ফাঁক।
যেভাবে বেখেয়ালে দূরে সরে যায় আয়ু থেকে ছায়া-
আজ ম্রিয়মাণ বিশ্বাসে সেলাই খুঁজছে বাকি মায়া।
ধীরে ধীরে ক্ষতি জেগে ওঠে, নিকানো বিভ্রমে কে বসে?
দেখি আমরাই শূন্য সাজিয়ে রেখেছি স্বীয় রম্বসে।
২. আত্মবিভ্রম-২
আজকাল সরীসৃপ করে রাখা অক্ষর থেকে ভেঙে
বলিনি ভেতরের ক্ষত নিজে থেকে কত যায় রেঙে।
সমূহ বাহুল্য ডিঙিয়ে নেমে আসে মৌন চোরকাঁটা,
ছায়া তার বিকেলের গলা থেকে ঝুলে খুব সাদামাটা।
এখানে প্রতিশ্রুতি মরে যায় নব প্রভাতের খোঁজে-
সবুজ রঙ আজ মরীচিকা – তা কেউ কেউ বোঝে!
ক্ষয়ের প্রকট পাটাতনে নামে ছলাৎ হুঙ্কার-
একে অন্যকে দেখায় আছে কার কত পেশীতে ধার!
আমরা যেন মূঢ় বৈভবে ডুবে, ওড়ে অনুদান রেণু…
ভেবেছি – মৃত ছায়াকে প্রিয় আশ্রয়ের কামধেনু!
আসলে তীক্ষ্ণ শোষণের যূপকাঠে রাখা সব মাথা,
আত্মবিভ্রমে লোভ সাজিয়েছে জনতার বিনম্রতা।
লেখক পরিচিতি : ড. বিশ্বজিৎ বাউনা
ড: বিশ্বজিৎ বাউনা জন্ম ১৯৮৬। পশ্চিম মেদিনীপুরে। পিংলায়। পড়াশোনায় চিরদিনই মেধাবী। ২০০২-এ মাধ্যমিকে ৫৪ তম স্থান অধিকার করেছিলেন। ২০১০-এ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এমএ (ফার্স্ট ক্লাস/ সিলভার মেডেলিস্ট)। বি.এড., পিএইচডি। জেনারেল ক্যাটেগরিতে ইউজিসি নেট (NET) ও ওয়েস্ট বেঙ্গল সেট (SET) কোয়ালিফায়েড। পেশায় এইচ এস শিক্ষক। ২০১১ থেকে শিক্ষকতা করছেন ঘাটালের গৌরা সোনামুই কেবিএ শিক্ষায়তনে। বিভিন্ন জার্নালে গবেষণামূলক প্রবন্ধের পাশাপাশি মূলত কবিতা লেখেন। গল্পও লেখেন। পেয়েছেন 'দ্বৈরথ সাহিত্য সম্মান', 'চূনী কোটাল স্মৃতি সম্মান', 'বিভূতিভূষণ স্মৃতি পুরস্কার', 'কবি যতীন্দ্রমোহন বাগচী স্মৃতি পুরস্কার' ও "দীপায়ন-২"(দীপঙ্কর চট্টোপাধ্যায় স্মৃতি পুরস্কার)।


Amazing..
Since I have been following your words in form of poems and poetry … These are all mesmerizing..
Go ahead .
Stay blessed .
You have always inspired me by dint of your love and words. Too grateful.