লেখক : অভিজিৎ সুর
সময়ের দেহে মরচে পড়েছে
জং ধরেছে কবিতার শরীরে;
কোথাও কোন প্রশ্ন নেই, কোন জবাবদিহি নেই,
সবাই বেশ খুশি-খুশি, শপিং মলে মিষ্টি মিষ্টি গন্ধ।
এখনও ভিটেহীন মানুষ ফুটপাতে তাঁবু খাটায়
ছেঁড়া পলিথিনের, কার যেন আবার খিদে পায়!!
ছিঃ ওসব দেখতে নেই, শুনতে নেই;
মেনে নিতে নিতে জলীয় বাষ্পীভূত,
ছায়াও পড়ে না মাটিতে আর
Boring feel হলে চলো ধর্মপরিচয় জেনে
কয়েকটা মাথা ভেঙে দিই,
আঃ, কিছু একটা তো করলাম;
হাতে স্মার্টফোন নিয়ে ডারউইন অস্বীকার করি,
নেতা বলবেন, “সাবাস, এই তো চাই।”
ওদিকে কৃষ্ণচূড়ার শিকড়ে পিঁপড়ের আস্ফালন,
সবুজ প্রান্তর ঢেকেছে উইপোকা,
আকাশ কাঁপে পঙ্গপালের হুংকারে
এস প্রিয়তমা,
কবিতার অঙ্গীকার-
ট্রাফিক থামিয়ে চুমু খেয়ে
পৃথিবীর বুকে এঁকে দেব
বসন্তের বজ্রনির্ঘোষ
লেখক পরিচিতি : অভিজিৎ সুর
একক জীবন, পরিচিতিহীন

