লেখক : বিশ্বরূপ দাস
পশ্চিম আকাশে মেঘ। সূর্য ডুবেছে অনেক আগেই, আর আলোর গোধূলি মেঘের আঁচলে — লাল, কমলা, বেগুনি। কে যেন রঙের ঝুলি উল্টে দিয়েছে আকাশপারে। পথের ধারে একে একে জ্বলে উঠেছে আলো, প্রদীপের মত সারি সারি। গাছের শাখায় নেমেছে অন্ধকার, আর আলো পৌঁছেছে মানুষের ঠিকানায়।
গ্রীষ্মের সন্ধ্যায় একটু ক্লান্তি, একটু বিষণ্ণতা। দূরে কোথাও পাখির ডাক — যেন কারও ফিরে যাওয়ার তাড়া। বৃষ্টি আসন্ন; বাতাস স্থির, নিস্পন্দ।
ল্যাম্পপোস্টের আলোয় এক টুকরো পথ। কে যেন হেঁটে চলেছে দূরে। সে একা, সন্ধ্যার শঙ্খচিলের মত। এই আলো-আঁধারের মাঝে তার নিঃসঙ্গতা, তার নীরবতা। সে হেঁটে চলেছে দূরে, অজানা দিগন্ত পরে – সে একাকী ছায়া। সে আজ মানুষ।
লেখক পরিচিতি : বিশ্বরূপ দাস
ড. বিশ্বরূপ দাস, সম্পাদক: Journal of Interdisciplinary History and Human Societies (মার্কিন যুক্তরাষ্ট্র)

