লেখক : বিজুরিকা চক্রবর্তী
আজ আর প্রশ্ন করো না
সব উত্তর দিতে দাও,
মেঘ দিয়ে ঝড়কে ঢেকো না
এই আঙুল মুঠোতে ডোবাও।
ভুলগুলো মাথা পেতে নিয়ে
আরেকটা ভুলে দিক ডুব,
গাঙচিল একা হতে গিয়ে
নিয়ে যাক ভালবাসা খুব।
নদীটার বুদবুদগুলো
নাম নিয়ে ফিরুক আবার,
আকাশেতে ‘কোণে-দেখা আলো’
রঙ দিক কপালে তোমার।
রাগ ভুলে, অভিমান যত
ফিরে পাক তৃপ্তির স্বাদ,
হতাশার যন্ত্রণা শত
মুছে দিক প্রেমিক উন্মাদ।
আজ আর নিঃস্ব করো না
মনে গাঁথো সবটুকু সুর,
এই আবেশ ভুলতে দিও না
ভেসে যাই চলো, বহুদূর।।
লেখক পরিচিতি : বিজুরিকা চক্রবর্তী
বিজুরিকা চক্রবর্তী, কলকাতা দমদমের, বাসিন্দা। সেন্ট জেভিয়ার'স কলেজ থেকে স্নাতকোত্তর এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পি.এইচ.ডি ডিগ্ৰী পাওয়ার পর বর্তমানে এন.আর.এস মেডিক্যাল কলেজের এম.আর.ইউ ডিপার্টমেন্টে রিসার্চ-সায়েন্টিস্ট হিসেবে কর্মরত। কবিতা লেখা হঠাৎ করে খুঁজে পাওয়া এক জেদী, একরোখা, অবিচ্ছেদ্য বন্ধু। এখনও যেই বন্ধু বেইমানি করেনি। 🙏

