ঈদ উল্লাস

লেখক : আবুল হাসান তুহিন

উপস্থাপনা: পুরুষ

পুরুষ: তুমি দ্রুত ইফতার করে ছাদে উঠে এলে, চাঁদের দেখা কি পেলে?
নারী: না, এখনও পাইনি। তুমিও এসে চোখ রাখো, দুজন মিলে একসাথে দেখি।
পুরুষ: তাই বুঝি? আমার জন্য কি চাঁদ লুকিয়ে আছে? (ঠাট্টা করে)
নারী: আকাশের দিকে চেয়ে থাকতে থাকতে আমার ঘাড় ব্যথা করছে আর তুমি ঠাট্টা করছ?
পুরুষ: আমি তোমার কাছে আসলে চাঁদ ঠিকই উঠবে। এই যে আমি এসেছি, আর ঐ দেখো সাদা মেঘের পাশে চিকন হয়ে চাঁদ উঠেছে।
নারী: ঐ সাদা মেঘের নিচে, তাই তো? আসলে আমি ঠিক মত দেখতে পাইনি। দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর, পবিত্র ঈদুল ফিতরের চাঁদ উঠেছে, সুপ্রিয় শ্রোতা রাত পোহালেই ঈদ। সবাইকে জানাচ্ছি ঈদ মুবাররক।
পুরুষ: কবি কাজী নজরুল ইসলামের লেখা বিখ্যাত গান ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশির ঈদ। ধর্মীয় ও আনন্দের উৎসব ঈদ-উল-ফিতর নিয়ে কবি কাজী নজরুল ইসলাম রচিত একটি কালজয়ী গান। গানটি বাঙালি মুসলমানের ঈদ উৎসবের আবশ্যকীয় অংশ। কবির শিষ্য শিল্পী আব্বাস উদ্দিন আহমদ-এর অনুরোধে ১৯৩১ সালে কবি নজরুল ইসলাম এই গান রচনা ও সুরারোপ করেন।
নারী: একমাত্র এই গানটি যেন বাংলা ভাষায় ঈদের শ্রেষ্ঠ গান হয়েই থাকবে শতাব্দীর পর শতাব্দী ধরে।
পুরুষ: আমরা এমনই একটি গান শুনব, রোজার শেষে এল রে শোন এল খুশির ঈদ—

গান-০১ ।। ঈদের গান ।। দলীয় ।।

রোজার শেষে এল রে শোন
এল খুশির ঈদ,
নিজেকে আজ বিলিয়ে দিতে
আছে যে তাগিদ।।
আজ সোনাদানা বাড়ি গাড়ি করে দে লিল্লাহ,
যাকাত ফিতরা গরিব দুঃখীর হবে যে হিল্লা।
মুমিম মুসলিম এক কাতারে ভেঙেছে যে নীদ
রোজার শেষে এল রে শোন
এল খুশির ঈদ।।
পড়বি নামাজ ঈদগাহেতে ধনী গরিব মিলে,
নেই ভেদাভেদ উঁচু-নিচুর দিল মিলেছে দিলে।
খোদার রাহে জীবনটাকে করবি রে শহীদ,
রোজার শেষে এল রে শোন
এল খুশির ঈদ।।
শিরনি পোলাও খুশবুতে আজ ভাসছে চারিধার,
দাওয়াত খাবে জনে জনে রাখবি খোলা দ্বার।
আল্লা রাসুল হবেন খুশি রাখ মনে উম্মীদ,
রোজার শেষে এল রে শোন
এল খুশির ঈদ।।

উপস্থাপনা: নারী

নারী: ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ-উল্লাস-রঙবেরঙের পোষাক পরে নতুন সাজে সজ্জিত হওয়া।
পুরুষ: ঈদ সংস্কৃতির দীর্ঘদিনের ঐতিহ্যের অন্যতম আকর্ষণ হ’ল ছোট ছোট ছেলেমেয়ে থেকে শুরু করে আবালবৃদ্ধবনিতা সবার জন্যই নতুন পোষাক, ভাল ভাল খাবার আর আনন্দ বিনোদন।
নারী: ঈদের নামাজ শেষে সকলে হিংসাবিদ্বেষ ভুলে কোলাকুলি করে, এতে ভালবাসার বন্ধন দৃঢ় হয়।
পুরুষ: মোবাইল ক্যামেরার ফ্রেমে বন্দি হয় অসংখ্য স্থিরচিত্র, বন্ধুবান্ধব আর আত্মীয়ের বাসায় বাসায় ঘোরাঘুরি, খাওয়াদাওয়া, মজা করা, ঈদের সেলামিতে পকেট ভর্তি করা, ইত্যাদি।
নারী: ঈদ মুসলমানদের জন্য মহামিলন ও মহা আনন্দের দিন।
পুরুষ: তাই তো ফিরে যেতে মন চায় ছোট্টবেলার সেই দিনে, আজ সারাদিন নেই কোন কাজ, করব ছোটাছুটি, ঘুরব ফিরব করব মজা হেসে কুটি কুটি।।

গান-০২ ।। আধুনিক ।। দলীয় ।। 

আজ সারাদিন নেই কোন কাজ করব ছোটাছুটি,
ঘুরব ফিরব করবচ মজা হেসে কুটি কুটি।।
বাঁধনহারা হব সবাই যাব অনেক দূরে,
শাসন বারণ মানব না কেউ বেড়াই ঘুরে ঘুরে।
ফুল পাখিদের শুনব গান স্বপ্ন লুটোপুটি,
আজ সারাদিন নেই কোন কাজ করব ছোটাছুটি,
সবুজ ঘাসের হাসি মেখে ফুটব তারা হয়ে,
লতাপাতায় বাতাস নাচে খুশির ঝর্ণা বয়ে।
আকাশ মাটির গল্প গাথা সবাই মিলে লুটি,
আজ সারাদিন নেই কোন কাজ করব ছোটাছুটি।।

উপস্থাপনা: পুরুষ

পুরুষ: ইসলাম ধর্ম অনুসারে বছরে ঈদ দু’বার আসে। প্রথমে ঈদ-উল-ফিতর, দান করার উৎসব। তারপরে ঈদ-উল-আজহা, ত্যাগ করার উৎসব।
নারী: মহানবী হজরত মহম্মদ (সা.) মদিনায় হিজরতের পরেই ঈদ-উল-ফিতর উৎসব পালন শুরু হয়।
পুরুষ: তারই ধারাবাহিকতায় রমজান মাসের শেষে সবাই একসঙ্গে মিলেমিশে ও আনন্দের সহিত পালন করে ঈদ-উল-ফিতর।
নারী: চাঁদ তো দেখা হল মশাই, এবার উঠতে হবে। কত কিছু গোছানো বাকি।
পুরুষ: আহা একটু বসোই না, পাশে থাকো তুমি যতক্ষণ, ধন্য হয়ে যায় এ জীবন।

গান-০৩ ।। আধুনিক ।। নারী ।। একক ।। 

পাশে থাকো তুমি যতক্ষণ
ধন্য হয়ে যায় এ জীবন,
আকাশে লুকনো যে চাঁদ
পেতেছে রূপেরই ফাঁদ,
পাশে থেকো সারাক্ষণ।।
প্রনয়নের দীপশিখা জ্বেলে
জোছনার মাধুরী ঢেলে,
আমাকে করেছ আকুল
ফুটিয়ে আশারও ফুল,
হয়েছ আরও আপন
পাশে থেকো সারাক্ষণ।।
প্রজাপতির ডানা মেলে
জীবন রাঙাতে এলে,
ভালবাসার মায়াজাল
বেঁধে রেখ চিরকাল,
সুখে দুঃখে আমরণ
পাশে থেকো সারাক্ষণ।।

উপস্থাপনা: নারী

নারী: বাংলাদেশ নামের সাথে জড়িয়ে আছে গৌরব, ঐতিহ্য আর ভালবাসা।
পুরুষ: এদেশ অসাম্প্রদায়িক, সম্প্রীতির ও ভ্রাতৃত্বপরায়ণের দেশ। এদেশে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করে।
নারী: একে অপরের সাথে এক ভালবাসার বন্ধন নিয়ে জীবন যাপন করছে।
পুরুষ: প্রতিটি ধর্মেই তার প্রধান ধর্মীয় উৎসব রয়েছে। আর সেই উৎসবের আমেজ বা আনন্দ সবার সাথে সমবণ্টন করে ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তোলে।
নারী: যার ফলে মানব জাতির মধ্যে এক ভালবাসার বন্ধন সৃষ্টি হয়েছে।
পুরুষ: সুখ যদি খুঁজে পাও ভালবাসা প্রেমে, স্বর্গ থেকে প্রেম আসে পৃথিবীতে নেমে।।

গান-০৪ ।। আধুনিক ।। পুরুষ ।। একক ।।

সুখ যদি খুঁজে পাও
ভালবাসা প্রেমে,
স্বর্গ থেকে প্রেম আসে
পৃথিবীতে নেমে।।
প্রেমের আগুনে পুড়ব না
যদি থাকো পাশে,
তোমার আমার মিলন খেয়ায়
চাঁদ তারা হাসে।
সেই সুখে স্মৃতিগুলো
বেঁধে রাখো ফ্রেমে,
স্বর্গ থেকে প্রেম আসে
পৃথিবীতে নেমে।।
ভালবাসা ফুরাবে না
প্রেমে বেঁধে রাখো,
স্বপ্ন চোখে রাঙিয়ে নিতে
হাত ধরে থাকো,
দোদুল দোলায় সুখ সরোবর
যাবে না তো থেমে,
স্বর্গ থেকে প্রেম আসে
পৃথিবীতে নেমে।।

উপস্থাপনা: পুরুষ

পুরুষ: ঈদ-উল-ফিতর উপলক্ষে দরিদ্র-অভাবীদের মধ্যে বস্ত্র, অর্থ এবং খাবার বিতরণ করা হয়। এই দানকে যাকাতুল ফিতর বলা হয় এবং এটি ইসলাম ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নারী: এই দিনে বিশ্বজুড়ে মুসলমানরা তাদের প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগ করে নেয় এবং ভালবাসা ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেয়।
পুরুষ: আমার মনের বার্তা তোমাকে দিলাম, জানিনা কেন বুঝলে না তুমি কত ভালবাসি, কেন আমি তোমার কাছে বারবার ফিরে আসি।।

গান-০৫ ।। আধুনিক ।। নারী ।। একক

জানিনা কেন বুঝলে না তুমি
কত ভালবাসি,
কেন আমি তোমার কাছে
বারবার ফিরে আসি।।
তোমার দুটি আঁখির কোণে
আমার ছায়া পড়ে,
লজ্জা রাঙা ঠোঁটের কোণে
গোলাপ পাপড়ি নড়ে।
তোমার রূপের ফাঁদে পড়ে
সুখের খেয়ায় ভাসি,
জানিনা কেন বুঝলে না তুমি
কত ভালবাসি।।
তোমার মুখে চাঁদের আলো
ছড়ায় রূপের জ্যোতি,
চাঁদ কন্যা তুমি অনন্যা
তুমি রূপবতী।
পাগল করে রাখলে আমায়
দিলে প্রেমের ফাঁসি,
জানিনা কেন বুঝলে না তুমি
কত ভালবাসি।।

উপস্থাপনা: নারী

নারী: রমজান মাসকে অত্যন্ত পবিত্র মাস হিসেবে বিশ্বাস করা হয়। এইমাসে সৎকর্ম, মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ছড়িয়ে দেওয়া ও ধৈর্য ধরা হয়।
পুরুষ: সমস্ত মন্দ চিন্তা ও অভ্যাসকে দূরে সরানো হয়। আর, এই ঈদ-উল-ফিতরের মধ্য দিয়েই পবিত্র রমজানের সমাপ্তি হয়।
নারী: শোন, আর সময় দিতে পারব না। অনেক কাজ করতে হবে।
পুরুষ: ঠিক আছে, ঈদ উল্লাস সবার মাঝে ছড়িয়ে দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ঈদ মোবারাক ঈদ, ঈদ এসেছে ঈদ।

গান-০৬ ।। ঈদের গান।। পুরুষ ।। একক ।।

খুশির দুয়ার খুলে আজ মন উঠেছে দুলে
রোজার শেষে চাঁদটা হেসে
কাড়ল চোখের নীদ,
ঈদ মোবারাক ঈদ, ঈদ এসেছে ঈদ।।
আকাশ জুড়ে বাঁকা চাঁদের হাসি,
সবাই মিলে সুখের ডানায় ভাসি।
চারিদিকে উঠল বেজে মধুর সঙ্গীত,
ঈদ মোবারাক ঈদ, ঈদ এসেছে ঈদ।।
নতুন পোষাক আজকে সবার গায়ে
পড়তে নামাজ তাই যাব ঈদগাহে।
কোরমা পোলাও খাব, করব না কেউ জীদ
ঈদ মোবারাক ঈদ, ঈদ এসেছে ঈদ।।
আয়রে ছুটে আয়, যত বন্ধু স্বজন
পাড়ায় পাড়ায় আজ ঈদের আয়োজন।
শক্ত হবে তাই ভালবাসার ভীত,
ঈদ মোবারাক ঈদ, ঈদ এসেছে ঈদ।।


লেখক পরিচিতি : আবুল হাসান তুহিন
গীতিকার - নাট্যকার, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up