প্রলয় শপথ

লেখক : উম্মাদ তাহসিন

ঐ শোন শোন চরিদিকে ভাই, বাজল বিষাণ ঘোর,
আঁধার চিরে জাগছে আবার রক্তমাখা ভোর!
মসনদে ঐ জাঁকিয়ে বসে শোষকদলের ভিড়,
লুঠছে যারা বাংলা মা-কে, হানছে বুকে তীর।

শান্তি-সুখের পায়রাগুলো ভয়েতে মরে ত্রাস,
রাজনীতির এই রঙ্গমঞ্চে শুধুই সর্বনাশ!
মানুষ মরে পথের ধুলোয়, নিত্য হাহাকার,
বিচার-আচার অন্ধ ওরে, রুদ্ধ যে সব দ্বার।

কোথায় আছিস নওজওয়ান? কোথায় তরুণ দল?
জাগ রে তোরা, জাগ রে বাঘের বাচ্চা মহাবল!
ভাঙরে জিঞ্জির, লাথি মার ঐ ভণ্ড-তখত্-‘পরে,
কাঁপুক ধরণী, কাঁপুক আকাশ তোদের হুংকারে।

রক্ত যদি চাইতে আসে, রক্ত দেব ঢালি,
ধুয়ে দেব রক্তে মোদের দাসত্বের ঐ কালি।
মিথ্যাবাদের ফানুস যত, পুড়বে লেলিহান,
গাইব আবার সাম্য-মৈত্রী-স্বাধীনতার জয়গান।

থামিস না আর, চল রে এগিয়ে, বক্ষে বাঁধি বল,
ধ্বংসস্তূপে ফুটবে কমল— সুনিশ্চিত তাজা ফল!
আজকে প্রলয় নাচন নাচে ক্ষ্যাপা মহাকাল,
ছিঁড়বে শিকল, আসবে সুদিন, কাটবে জঞ্জাল!


লেখক পরিচিতি : উম্মাদ তাহসিন
উম্মাদ তাহসিন (আহনাফ তাহসিন) বগুড়ার আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজের নবম শ্রেণীর ছাত্র।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up