লেখক : রাজীব চক্রবর্ত্তী
১
এক অমীমাংসিত যুদ্ধের সৈনিক আমরা।
উপেক্ষার অস্ত্রে বলীয়ান তুমি,
আমার সম্বল
হৃদয় খুঁড়ে নিয়ে আসা
কোমল অনুভূতির অস্ত্রগুলি।
২
তোমার পছন্দ সূর্য, আমার চন্দ্র।
ঝলমলে আলোয় ভেসে যাও তুমি,
আমি স্নান করি জ্যোৎস্নার প্রশান্ত দীপ্তিতে।
তবুও দিনান্তে একবার
কাছাকাছি আসি গোধূলিবেলায়।
৩
সমুদ্রের ফেনিল ঢেউ আমোদিত করে তোমায়,
পাইন বনের সুগন্ধে মাতি আমি।
সৈকতে বালিরাশির মাঝে ঝাউবন
কিংবা পাহাড়তলির অরণ্য –
দু’টোই আমাদের আশ্রয়।
৪
শ্রাবণের অঝোর ধারায়
ভেসে যেতেই আমার সুখ।
তোমার অভ্যেস নেই বৃষ্টিতে ভেজার,
তাই তো তোমাকে বারে বারে ভেজাই
ভালবাসার ধারাপাতে।
৫
তোমার পাথর বুকে
আমি এক মৃত গুল্ম যেন।
যদি অভ্যেসে ধরে রাখো কিছুটা সময়,
ভালবাসার কথা লিখে যাব
জীবাশ্ম হয়ে।
৬
কখনও আঁকাবাঁকা পথে
কখনও বা সমান্তরাল আমাদের গতিপথ।
তবু ষ্টেশন আসার আগে একবার
ঠিক মিলে যাই একে অন্যতে।
লেখক পরিচিতি : রাজীব চক্রবর্ত্তী
জন্ম ১৯৭০ সালের ৩০শে ডিসেম্বর, কলকাতার সিঁথিতে। পেশায় কেন্দ্রীয় সরকারী কর্মচারী। দৈনন্দিনতার ক্লান্তি কাটাতেই মূলত: কলম ধরা। বেশ কয়েকটি লিট্ল ম্যাগাজিনে লিখেছেন গল্প, কবিতা। ২০১৭ সালে প্রকাশিত "সংশ্লেষ" নামক গদ্য সংকলনে স্থান পেয়েছে তাঁর মুক্তগদ্য। ঐ একই বছরে সোনারপুর কাব্যমঞ্চ আয়োজিত স্বরচিত কবিতা প্রতিযোগিতায় তৃতীয় স্থান লাভ করেন তিনি। ২০১৯ সালে প্রকাশিত "অন্য গদ্য" গ্রন্থে স্থান পেয়েছে তাঁর গদ্য। জীবনের বিবিধ অনুভূতি, বাস্তবতাকে ছন্দে বাঁধার প্রয়াসে তাঁর কবিতাচর্চা।

