সুন্দরবন: এক গভীর অনিশ্চয়তার উৎস

লেখক : অর্দ্ধেন্দু গায়েন

নোনাজলের প্রগাঢ় আলিঙ্গন আর পলিমাটির সুবাসে ঘেরা এক আদিম, রহস্যময় ভূখণ্ড—সুন্দরবন, যেখানে নদী আর অরণ্য পরস্পরের হাত ধরে এক অনন্ত রূপকথা বুনে চলেছে। মহাকবি বা রূপকারদের কল্পনার চেয়েও জীবন্ত, শ্বাপদসংকুল অথচ অদ্ভুত এক মায়াবী আকর্ষণে জড়ানো এই ম্যানগ্রোভ অরণ্য। গঙ্গা, ব্রহ্মপুত্র আর মেঘনার পলি-ঝরা বুকে গড়ে ওঠা এই বিশ্বঐতিহ্য কেবল এক বিশাল বনভূমি নয়, তা হলো কোটি প্রাণের রক্ষাকবচ, বাংলার এক সবুজ সীমান্ত। কিন্তু আজ সেই সুন্দরের কপালে চিন্তার ভাঁজ। প্রকৃতি আর মানুষের দ্বান্দ্বিক সম্পর্কের টানাপোড়েনে এই চিরসবুজ অরণ্য আজ দাঁড়িয়ে আছে এক গভীর, অতলান্ত অনিশ্চয়তার মুখোমুখি।

সুন্দরবনের রূপ এক নিমেষে চোখ জুড়িয়ে দেয়, আবার পরক্ষণেই বুকের ভেতর এক অজানা শিহরণ জাগায়। সুন্দরী, গেউয়া, গরান আর গোলপাতার নিবিড় চাঁদোয়া ভেদ করে যখন সূর্যের আলো খণ্ড খণ্ড হয়ে নদীর ঘোলাটে জলে পড়ে, তখন মনে হয় কোন দক্ষ চিত্রশিল্পী তার ক্যানভাসে আলোছায়ার এক বিমূর্ত খেলা খেলছেন। ভাঁটার টানে জেগে ওঠা কর্দমাক্ত তটভূমি আর জোয়ারের জলে ডুবে যাওয়া শ্বাসমূলের (Pneumatophores) এই আশ্চর্য লীলাভূমি পৃথিবীর আর কোথাও মেলা ভার। এখানে বনের স্তব্ধতা ভেঙে হঠাৎ জেগে ওঠে রয়েল বেঙ্গল টাইগারের গম্ভীর গর্জন, যা অরণ্যের আদিমতার জানান দেয়। চিত্রল হরিণের চপলতা, কামটের ক্ষিপ্রতা, আর নোনা জলের কুমিরের অলস রোদ পোহানো—সব মিলিয়ে সুন্দরবন এক স্বয়ংসম্পূর্ণ জীববৈচিত্র্যের মহাকাব্য। নদীগুলোর জটিল জালবিন্যাস যেন এই বনের ধমনী, যা প্রতিনিয়ত জীবনরস জুগিয়ে চলেছে এই অদ্ভুত বাস্তুতন্ত্রকে।

বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনের প্রথম ও সবচেয়ে নিষ্ঠুর আঘাতটি এসে পড়েছে সুন্দরবনের বুকে। সমুদ্রপৃষ্ঠের জলস্তর বৃদ্ধির হার এখানে আশঙ্কাজনক। বিজ্ঞানীদের মতে, বিশ্ব গড়ের চেয়েও দ্রুত গতিতে ডুবছে সুন্দরবনের দ্বীপগুলো। লোহাচড়া বা ঘোড়ামারার মত দ্বীপগুলো আজ প্রায় মানচিত্র থেকে মুছে যাওয়ার পথে। জলের এই আগ্রাসনে কেবল ভূখণ্ডই হারাচ্ছে না, বদলে যাচ্ছে বনের ভেতরের চিরন্তন রসায়ন। নদীতে মিষ্টি জলের প্রবাহ কমে যাওয়ায় নোনা জলের আধিক্য বাড়ছে। ফলে সুন্দরী গাছের মত সংবেদনশীল উদ্ভিদগুলো আজ ‘টপ ডাইং’ বা আগামরা রোগে আক্রান্ত হয়ে ধুঁকে ধুঁকে মরছে। যে মাটির বাঁধন অরণ্যকে ধরে রেখেছিল, নোনা জলের প্রভাবে সেই মাটি আজ আলগা হয়ে যাচ্ছে। প্রকৃতি যেন তার নিজের তৈরি দুর্গ নিজেই ভেঙে ফেলছে এক অদৃশ্য ইশারায়।

বিগত কয়েক দশকে বঙ্গোপসাগরে সৃষ্ট একের পর এক প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়—সিডর, আয়লা, আম্ফান, ইয়াস, রেমিল—সুন্দরবনের বুক চিরে চলে গিয়েছে। প্রতিবারই এই সবুজ দেওয়াল নিজের বুক পেতে দিয়ে বাঁচিয়েছে কলকাতা বা হিঙ্গলগঞ্জ তথা উত্তর ২৪ পরগণা সহ বিস্তীর্ণ জনপদকে। কিন্তু বারবার আঘাত সইতে সইতে এই প্রাকৃতিক ঢাল আজ ক্লান্ত, জরাজীর্ণ। ঝড়ের তাণ্ডবে অরণ্যের ভিতরের গাছপালা উপড়ে যায়, বাস্তুতন্ত্র লণ্ডভণ্ড হয়ে পড়ে। সবচেয়ে বড় বিপর্যয় নেমে আসে বনের মিষ্টি জলের উৎসগুলোতে। জলোচ্ছ্বাসের নোনা জল যখন বনের ভেতরের পুকুর ও জলাশয়গুলোতে প্রবেশ করে, তখন বন্যপ্রাণীরা তীব্র পানীয় জলের সংকটে ভোগে। হরিণ বা বাঘের মত প্রাণীরা তৃষ্ণা মেটাতে বাধ্য হয়ে লোকালয়ের দিকে পা বাড়ায়, যা মানব-বন্যপ্রাণী সংঘাতকে আরও বাড়িয়ে তোলে।

সুন্দরবনের এই অনিশ্চয়তার পিছনে কেবল প্রকৃতির রোষ নয়, মানুষের সীমাহীন লোভ আর অবিবেচনাও সমভাবে দায়ী। অরণ্যের বুক চিরে গড়ে ওঠা পর্যটন কেন্দ্র, ইঞ্জিনচালিত নৌকার অবিরাম কোলাহল এবং প্লাস্টিক দূষণ বনের আদিম স্তব্ধতাকে গ্রাস করছে। লঞ্চ ও জাহাজ থেকে নির্গত পোড়া তেল ও রাসায়নিক নদীর জলকে বিষাক্ত করে তুলছে, যা নোনা জলের মাছ এবং ডলফিনদের অস্তিত্ব বিপন্ন করছে।

সুন্দরবন অঞ্চলের এক অনন্য এবং প্রধান লোকদেবী হলেন মা বনবিবি। তিনি শুধু কোন একটি নির্দিষ্ট ধর্মের দেবী নন, বরং হিন্দু ও মুসলিম—উভয় সম্প্রদায়ের মানুষের কাছেই এক পরম শ্রদ্ধার ও ভরসার প্রতীক। গভীর ও বিপজ্জনক সুন্দরবনে জীবিকার তাগিদে যারা প্রবেশ করেন, যেমন মধু সংগ্রহকারী (মৌলে), কাঠুরিয়া ও মৎস্যজীবী, তারা বাঘ এবং অন্যান্য প্রাকৃতিক বিপদের হাত থেকে রক্ষা পেতে মা বনবিবির পূজা ও দোয়া প্রার্থনা করেন। মা বনবিবির মাহাত্ম্য মূলত ‘বনবিবি জহুরনামা’ নামক কাব্যে বর্ণিত হয়েছে। লোকগাথা অনুযায়ী, তিনি মক্কার এক সুফি সাধকের কন্যা। অলৌকিক আদেশে তিনি সুন্দরবনের মানুষদের অত্যাচারী ব্যাঘ্ররূপী দানব দক্ষিণরায়ের হাত থেকে রক্ষা করতে বাংলায় আসেন। দক্ষিণরায়ের সাথে এক ভয়াবহ যুদ্ধের পর বনবিবি তাকে পরাজিত করেন। তবে তাকে হত্যা না করে, সুন্দরবনের একটি সীমানা নির্ধারণ করে দেন এবং মানুষের ওপর অত্যাচার না করার শর্তে ক্ষমা করেন। বনবিবির গল্পের সবচেয়ে আবেগঘন চরিত্র হলো দুখে। ধনা নামের এক লোভী কাকা তার ছোট্ট ভাইপো দুখে’কে দক্ষিণরায়ের গ্রাসে উৎসর্গ করে প্রচুর মোম ও মধু নিয়ে বাড়ি ফিরে এসেছিল। মৃত্যুর মুখে দাঁড়িয়ে দুখে যখন মা বনবিবিকে স্মরণ করে, তখন দেবী আবির্ভূতা হয়ে তাকে উদ্ধার করেন এবং বাঘের কবল থেকে বাঁচিয়ে মায়ের কোলে ফিরিয়ে দেন।

মা বনবিবির রূপটি অত্যন্ত চমৎকার এবং সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ। সাধারণত মূর্তিতে তাঁকে এক মঙ্গলাময়ী নারীরূপে দেখা যায়। তাঁর মাথায় মুকুট, গায়ে ঘাগরা-চোলি বা শাড়ি এবং পায়ে জুতো থাকে। তাঁর কোলে বা পাশে প্রায়শই ছোট্ট দুখেকে দেখা যায়। প্রতি বছর জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে (সাধারণত পয়লা মাঘ বা মকর সংক্রান্তির পরের দিন) সুন্দরবনের গ্রামগুলোতে এবং গভীর জঙ্গলের ভেতরে বনবিবিতলায় অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তাঁর পূজা ও মেলা অনুষ্ঠিত হয়। সুন্দরবনের সংস্কৃতিতে মা বনবিবি কেবল ধর্মীয় বিশ্বাসের মধ্যে সীমাবদ্ধ নন, তিনি মানুষের টিকে থাকার লড়াইয়ের এক অবিচ্ছেদ্য অংশ। জঙ্গলে ঢোকার আগে হিন্দুরা মন্ত্র পড়ে তাঁর পূজা দেন, আর মুসলমানরা দেন ‘সিন্নি’ বা মিলাদ। বনবিবির এই সর্বজনীনতা শতাব্দীর পর শতাব্দী ধরে এই অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতিকে টিকিয়ে রেখেছে। তিনি সুন্দরবনের মানুষের সাহস, সহাবস্থান এবং প্রকৃতির সঙ্গে মানুষের ভারসাম্য বজায় রাখার এক জীবন্ত প্রতীক।

সুন্দরবন কেবল বাঘ আর গাছের নয়, এটি লক্ষ লক্ষ বাওয়ালি, মৌয়ালি আর মৎস্যজীবীরও জীবন-জীবিকা। বংশপরম্পরায় তারা এই বনের কৃপা আর বাঘের ভয়ের সাথে সহাবস্থান করে বেঁচে আছে। কিন্তু আজ সুন্দরবনের এই রূপান্তর তাদের জীবনকে এক চরম অনিশ্চয়তার মুখে দাঁড় করিয়ে দিয়েছে। নদীতে মাছ ও কাঁকড়ার পরিমাণ কমছে, বনে মধুর খোঁজ মেলা কঠিন হয়ে পড়ছে। তার ওপর প্রতিনিয়ত নদীভাঙনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ। জীবিকার তাগিদে, পেটের টানে মানুষ যখন বনের আরও গভীরে প্রবেশ করছে, তখন দক্ষিণরায়ের সাথে লড়াইয়ে প্রাণ হারাতে হচ্ছে পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে। এই ‘ব্যঘ্রবিধবা’দের কান্না আর উদ্বাস্তু মানুষের দীর্ঘশ্বাসে সুন্দরবনের বাতাস আজ ভারী। অরণ্য ধ্বংস হলে এই মানুষগুলো যাবে কোথায়? তারা তো প্রকৃতির সন্তান, প্রকৃতির এই বিনাশ তাদেরও সমূলে উৎপাটিত করছে।

সুন্দরবন আজ এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। এটি কেবল এক ভৌগোলিক অঞ্চলের সংকট নয়, এটি সমগ্র মানবজাতির বিবেক ও দূরদর্শিতার পরীক্ষা। সুন্দরবন যদি হারিয়ে যায়, তবে শুধু সুন্দর একটি অরণ্য হারাবে না, হারিয়ে যাবে বাংলার জলবায়ুর ভারসাম্য, বিলুপ্ত হবে এক অনন্য জীববৈচিত্র্য, আর অরক্ষিত হয়ে পড়বে কোটি কোটি মানুষের জীবন।

এখনই সময় কৃত্রিম বাঁধের চেয়ে ম্যানগ্রোভের প্রাকৃতিক প্রাচীরকে আরও শক্তিশালী করার। মিষ্টি জলের প্রবাহ বাড়াতে নদীগুলোর পলি সংস্কার করা জরুরি। সর্বোপরি, স্থানীয় মানুষকে সাথে নিয়ে, তাদের বিকল্প জীবিকার সন্ধান দিয়ে এক পরিবেশ-বান্ধব উন্নয়নের মডেল তৈরি করতে হবে। সুন্দরবনের এই গভীর অনিশ্চয়তাকে যদি আমরা আজ রুখে দিতে না পারি, তবে ভবিষ্যৎ প্রজন্মকে হয়ত এক বুক হাহাকার নিয়ে বলতে হবে, “এখানে এক রূপসী অরণ্য ছিল, যাকে আমরা বাঁচাতে পারিনি।” সুন্দরের এই আর্তনাদ আমাদের ঘুম ভাঙাক, এইটুকুই এখন একমাত্র প্রার্থনা।


লেখক পরিচিতি : অর্দ্ধেন্দু গায়েন
জন্ম উত্তর চব্বিশ পরগনার যোগেশগঞ্জের মাধবকাটী গ্রামে।পেশায় সরকারী চাকুরী হলেও নেশা পড়াশোনা , ইচ্ছে হলেই লেখা-সে কবিতা, ছোটগল্প, অণুগল্প, প্রবন্ধ যা কিছু হতে পারে, অবসরে বাগান করা,ছোট্ট ছোট্ট বাচ্চাদের সঙ্গে খেলা ইত্যাদি।তবে সব পরিচয়ের সমাপ্তি ঘটে সৃষ্টিতে --পাঠক যেভাবে চিনবেন আমি সেভাবেই থেকে যাবো।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

বইটি কিনতে ছবিতে ক্লিক করুন