লেখক : সৈকত প্রসাদ রায়
একটি শব্দ, তিনটি স্তর, ‘মাতৃকা’ শব্দটি বাঙালির কানে অতি পরিচিত, অথচ ভারতীয় চিন্তাধারায় এর বিস্তার বিস্ময়কর। প্রথম স্তরে মাতৃকা মানে জননী, যিনি জন্ম দেন, ধারণ করেন, পালন করেন। দ্বিতীয় স্তরে মাতৃকা হল বর্ণমালার অক্ষর, যে অক্ষর থেকে জন্ম নেয় শব্দ, শব্দ থেকে অর্থ, অর্থ থেকে আমাদের জগৎ-ব্যবহার। তৃতীয় স্তরে মাতৃকা দেবীর এক বিশেষ রূপ – ব্রাহ্মী, মাহেশ্বরী, কৌমারী, বৈষ্ণবী, বারাহী, ঐন্দ্রী ও চামুণ্ডা, অর্থাৎ সপ্তমাতৃকা, যাঁরা মহাদেবীর যুদ্ধশক্তি ও রক্ষাশক্তির প্রতীক। এই তিনটি স্তর আপাতদৃষ্টিতে আলাদা মনে হ’লেও ভারতীয় দর্শন তাদের এক সুতোয় গেঁথেছে। যিনি জগৎকে জন্ম দেন, তিনিই জগৎকে নাম দেন, আবার তিনিই জগতের রক্ষয়িত্রী। সাংখ্যের পরিভাষায় এই জননীশক্তির নাম প্রকৃতি, বেদান্ত ও তন্ত্রে তাঁর নাম মায়া, শক্তি বা পরাবাক্। আর মানবসমাজে এই শক্তির জীবন্ত প্রতিমা হিসেবে দেখা হয়েছে নারীকে।
এই প্রবন্ধে আমরা তিনটি প্রশ্নের উত্তর খুঁজব। এক, ভারতীয় দর্শনে ‘প্রকৃতি’ ও ‘মাতৃকা’ ধারণা কীভাবে গড়ে উঠল? দুই, তন্ত্র কীভাবে নারীকে কেবল সামাজিক সত্তা নয়, তত্ত্বগত সত্তা হিসেবে দেখল? তিন, এই মহিমান্বিত আদর্শ আর বাস্তব নারীজীবনের মধ্যে কোথায় ফাঁক রয়ে গেল? শেষ প্রশ্নটি অপ্রিয়, কিন্তু সৎ আলোচনায় তাকে এড়ানো যায় না।
সিন্ধু থেকে বৈদিক দেবীসূক্ত
ভারতীয় মাতৃপূজার শিকড় কত গভীর, তা নিয়ে পণ্ডিতেরা একমত নন। সিন্ধু সভ্যতার খননে প্রচুর নারীমূর্তি পাওয়া গেছে। জন মার্শালের মত প্রথম যুগের গবেষকেরা এগুলিকে মাতৃদেবীর উপাসনার প্রমাণ বলে ধরেছিলেন। পরবর্তী গবেষকেরা সতর্ক করে বলেছেন, লিপির পাঠোদ্ধার না হওয়া পর্যন্ত এগুলিকে নিশ্চিতভাবে ‘দেবী’ বলা যায় না। তবু উর্বরতা, জননী ও ধরিত্রীর সঙ্গে নারীর সম্পর্কের এই প্রাচীন চেতনা যে উপমহাদেশের মাটিতে অতি পুরনো, তা অনুমান করা অসংগত নয়।
বেদের সাহিত্যে পুরুষদেবতার প্রাধান্য থাকলেও নারীশক্তির কণ্ঠ সেখানে স্পষ্ট শোনা যায়। ঋগ্বেদের দশম মণ্ডলের ১২৫ সূক্ত, যা ‘দেবীসূক্ত’ নামে খ্যাত, তার ঋষি বাক্ অম্ভৃণী নামে এক নারী। এই সূক্তে বাক্ নিজেকে সমগ্র সৃষ্টির ধারক বলে ঘোষণা করেন। তিনি রুদ্র, বসু ও আদিত্যদের সঙ্গে বিচরণ করেন, রাষ্ট্রের অধীশ্বরী, ধনদাত্রী, এবং যিনি তাঁকে জানেন তিনিই প্রকৃত জ্ঞানী। বাক্ এখানে শুধু বাগদেবী নন, তিনি বিশ্বচেতনার মূল। পরবর্তী কালে তন্ত্র ও কাশ্মীরীয় শৈবদর্শনে যে ‘পরাবাক্’ তত্ত্ব বিকশিত হল, তার বীজ এখানেই।
অথর্ববেদের ‘পৃথিবীসূক্ত’ আরেক ধরণের মাতৃচেতনার দলিল। এখানে ঋষির উচ্চারণ, ‘মাতা ভূমিঃ পুত্রোহহং পৃথিব্যাঃ’, অর্থাৎ ভূমি আমার মাতা, আমি পৃথিবীর পুত্র। প্রকৃতিকে মা বলে ডাকার এই ঐতিহ্য পরবর্তী ভারতীয় পরিবেশচেতনার নৈতিক ভিত্তি। এই মা কেবল স্নেহময়ী নন, তিনি পর্বত-অরণ্য-নদীর সমষ্টি, আমাদের সকলের আশ্রয়।
উপনিষদের যুগে এই ধারণা আরও সূক্ষ্ম রূপ পেল। কেনোপনিষদের তৃতীয় খণ্ডের শেষে দেবতারা যখন ব্রহ্মকে চিনতে পারছেন না, তখন আকাশে আবির্ভূত হন ‘উমা হৈমবতী’। তিনিই বলে দেন, এই যক্ষ ব্রহ্ম। জ্ঞানের দ্বার খুলে দেন একজন নারী, আর পরব্রহ্মকে চেনার পথ দেখান দেবী। শ্বেতাশ্বতর উপনিষদের এক শ্লোকে এক ‘অজা’, অর্থাৎ জন্মরহিতা, লোহিত-শুক্ল-কৃষ্ণবর্ণা নারীর কথা আছে, যিনি নিজের সদৃশ বহু প্রজা সৃষ্টি করেন। পরের শ্লোকগুলিতে বলা হয়েছে, ‘মায়াং তু প্রকৃতিং বিদ্যাৎ মায়িনং তু মহেশ্বরম্’, মায়াকে প্রকৃতি বলে জানবে, আর মায়ার অধিপতি মহেশ্বর। এভাবে সৃষ্টিশক্তি হিসেবে ‘প্রকৃতি’ শব্দটি উপনিষদেই দার্শনিক মর্যাদা পেয়ে গেছে।
ভারতীয় দর্শনে প্রকৃতিকে সবচেয়ে স্পষ্ট তাত্ত্বিক কাঠামো দিয়েছে সাংখ্য। ঈশ্বরকৃষ্ণের ‘সাংখ্যকারিকা’র (আনুমানিক খ্রিষ্টীয় চতুর্থ-পঞ্চম শতক) মূল কথা হল দু’টি স্বতন্ত্র তত্ত্ব – পুরুষ ও প্রকৃতি। পুরুষ চেতন, নিষ্ক্রিয়, সাক্ষী। প্রকৃতি অচেতন, কিন্তু সক্রিয় ও সৃষ্টিশীলা। প্রকৃতি সত্ত্ব, রজঃ ও তমঃ, এই তিন গুণের সাম্যাবস্থা। সেই সাম্য ভেঙে গেলেই মহৎ, অহংকার, মন, ইন্দ্রিয় ও পঞ্চভূত নিয়ে এই বিচিত্র জগৎ প্রকাশ পায়।
সাংখ্যের সবচেয়ে মনোহর উপমা কারিকার ৫৯ সংখ্যক শ্লোকে। সেখানে বলা হয়েছে, নর্তকী যেমন দর্শকদের সামনে নিজেকে দেখিয়ে নৃত্য শেষ করে মঞ্চ থেকে সরে যায়, প্রকৃতিও তেমনি পুরুষের কাছে নিজেকে প্রকাশ করে নিবৃত্ত হন। দু’জনের সংযোগেই সৃষ্টির যাত্রা। এই উপমাগুলিতে একটি লক্ষণীয় দিক আছে। প্রকৃতি এখানে কর্ম, নৃত্য ও সৃজনের মূর্তি। তাঁর সক্রিয়তা ছাড়া পুরুষের সাক্ষিত্বের কোন অর্থই থাকে না।
তবে সাংখ্যের প্রকৃতি-ধারণার একটি অন্ধকার দিকও আছে, যা পরে সমালোচনার অংশে আসবে। প্রকৃতি এখানে জড়, অচেতন, বন্ধনের কারণ। মোক্ষ মানে প্রকৃতি থেকে পুরুষের বিযুক্তি। যিনি জননী, তিনিই যেন আবার ছেড়ে যাওয়ার বস্তু। এই দ্বন্দ্বই ভারতীয় চিন্তায় নারীত্বের দ্বিমুখী প্রতিমার উৎস, যেখানে নারী একই সঙ্গে আশ্রয় ও আসক্তির প্রতীক।
প্রকৃতিই মহৎ ব্রহ্মের যোনি
ভগবদ্গীতা সাংখ্যের প্রকৃতিকে ঈশ্বরের অধীনে এনে এক সমন্বয় ঘটিয়েছে। সপ্তম অধ্যায়ের চতুর্থ-পঞ্চম শ্লোকে কৃষ্ণ বলছেন, ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ, মন, বুদ্ধি ও অহংকার, এই আটভাগে বিভক্ত আমার ‘অপরা প্রকৃতি’। এর বাইরে আছে আমার ‘পরা প্রকৃতি’, জীবরূপা, যাঁর দ্বারা জগৎ ধৃত। অর্থাৎ প্রকৃতি এখানে শুধু জড় উপাদান নয়, তার একটি চৈতন্যময় স্তরও আছে।
চতুর্দশ অধ্যায়ের তৃতীয়-চতুর্থ শ্লোকে ছবিটি আরও স্পষ্ট। ‘মম যোনির্মহদ্ ব্রহ্ম তস্মিন্ গর্ভং দধাম্যহম্’, মহৎ ব্রহ্মই আমার যোনি, তাতে আমি গর্ভ স্থাপন করি, তা থেকেই সকল প্রাণীর জন্ম। এখানে সৃষ্টিকে স্পষ্টতঃই মাতৃত্বের ভাষায় ব্যাখ্যা করা হয়েছে। প্রকৃতি গর্ভধারিণী, ঈশ্বর বীজদাতা, আর সর্বভূত তাঁদের সন্তান। প্রকৃতিকে এখানে অচেতন ঘৃণ্য বস্তু ভাবার অবকাশ নেই। তিনি ঈশ্বরের সৃষ্টিলীলার অপরিহার্য সঙ্গিনী। গীতার এই অবস্থান সাংখ্যের দ্বৈত থেকে পরবর্তী শাক্ত অদ্বৈতের দিকে যাওয়ার সেতু। সাংখ্যে প্রকৃতি ও পুরুষ আলাদা, তন্ত্রে তারা একই সত্যের দুই দিক, শিব ও শক্তি, যেমন আগুন ও তার দহনশক্তি।
তন্ত্রে এসে ‘মাতৃকা’ শব্দটি তার সবচেয়ে গভীর দার্শনিক অর্থ পায়। শাক্ত ও কাশ্মীরীয় শৈব তন্ত্রের মতে, বর্ণমালার পঞ্চাশটি অক্ষর (অ থেকে ক্ষ) হল জগৎ-সৃষ্টির মূল উপাদান, আর সেই অক্ষরগুলির অধিষ্ঠাত্রী শক্তিই মাতৃকা। কারণ অক্ষর থেকেই শব্দ, শব্দ থেকেই নাম, নাম থেকেই রূপের জগৎ। আমরা যা কিছু জানি, যা কিছু বলি, তা ভাষার মধ্য দিয়েই জানি। সুতরাং ভাষার মা-ই জগতের মা।
ভর্তৃহরির ‘বাক্যপদীয়’-তে শব্দব্রহ্মের ধারণা পাওয়া যায়, যেখানে বাক্ চারটি স্তরে প্রকাশিত হয় – পরা, পশ্যন্তী, মধ্যমা ও বৈখরী। বৈখরী হল মুখে উচ্চারিত শব্দ, যা আমরা শুনি। তার ভেতরে মধ্যমা, মনের অন্তর্গত ভাষা। আরও গভীরে পশ্যন্তী, যেখানে শব্দ ও অর্থ এখনও অভিন্ন। সবার মূলে পরা, যা সম্পূর্ণ নিঃশব্দ চৈতন্য। তন্ত্র এই সোপানকেই মাতৃকাতত্ত্বের কাঠামো করেছে। আচার্য অভিনবগুপ্ত তাঁর ‘তন্ত্রালোক’-এ (বিশেষত তৃতীয় আহ্নিকে) বর্ণমালাকে শক্তির বিস্তার হিসেবে ব্যাখ্যা করেছেন, আর ক্ষেমরাজের ‘প্রত্যভিজ্ঞাহৃদয়ম্’-এ চিতিশক্তিই জগতের কর্ত্রী বলে বর্ণিত। এই সূত্রে মাতৃকা আর বর্ণমালা এক হয়ে যায় – যিনি অক্ষরের জননী, তিনিই সৃষ্টির জননী।
মাতৃকার একটি মনোজ্ঞ দিক হল তাঁর দ্বৈত চরিত্র। কাশ্মীরীয় শৈব গ্রন্থ ‘মালিনীবিজয়োত্তর তন্ত্র’-এ দুটি ক্রমের কথা আছে। ‘মাতৃকা’ ক্রমে অক্ষর সাজানো থাকে তাদের ধ্বনিতাত্ত্বিক ক্রমে, আর ‘মালিনী’ ক্রমে অক্ষর সাজানো হয় এক ভিন্ন, বিপর্যস্ত বিন্যাসে। অভিনবগুপ্তের ব্যাখ্যায় মাতৃকা হল শক্তির সেই রূপ, যে অজ্ঞান বা সংকোচের মধ্য দিয়ে আমাদের সীমিত জগতে বেঁধে রাখে, আর মালিনী সেই রূপ, যা সেই বাঁধন খুলে দেয়। অর্থাৎ একই শক্তি একই সঙ্গে বন্ধনের কারণ ও মুক্তির দ্বার। এই ধারণা সাংখ্যের প্রকৃতির সঙ্গে মেলে, কিন্তু এখানে সিদ্ধান্ত ভিন্ন। প্রকৃতিকে ত্যাগ করে মুক্তি নয়, প্রকৃতির শক্তিকে চিনে নিয়েই মুক্তি।
এই চিন্তার একটি সহজ বাংলা রূপ আমরা পাই ‘মাতৃকা-ন্যাস’ ও ‘বর্ণমালা-পূজা’-র মত সাধনায়। সাধক নিজের দেহের নানা অংশে এক-একটি অক্ষর স্থাপন করে দেহকেই বর্ণমালার মণ্ডলে পরিণত করেন, যেন নিজের শরীরের ভেতরেই জগৎ-জননীর অক্ষরময় রূপকে প্রতিষ্ঠিত করছেন। স্যার জন উডরফ তাঁর ‘Garland of Letters’ গ্রন্থে এই ধারণাকে সুস্পষ্ট ভাষায় ইংরেজি পাঠকের সামনে এনেছিলেন। শশিভূষণ দাশগুপ্তও তাঁর ‘ভারতের শক্তি-সাধনা ও শাক্ত সাহিত্য’ গ্রন্থে বাংলা পাঠকের জন্য তন্ত্রের এই শক্তিধারা বিশ্লেষণ করেছেন।
শক্তির যুদ্ধরূপ মাতৃকার তৃতীয় স্তর, সপ্তমাতৃকা, পৌরাণিক ও শিল্পকলার জগতে বেশি পরিচিত। ব্রহ্মাণী, মাহেশ্বরী, কৌমারী, বৈষ্ণবী, বারাহী, ঐন্দ্রী ও চামুণ্ডা, এই সাত দেবী প্রত্যেকে এক-একজন দেবতার শক্তি। ‘দেবীমাহাত্ম্য’ বা ‘শ্রীশ্রীচণ্ডী’-র অষ্টম অধ্যায়ে এঁরা রক্তবীজ বধের যুদ্ধে দেবীর সহায়ক হিসেবে আবির্ভূত হন। সেখানে অসুরের বিনাশ মাতৃকাদের সমবেত শক্তির ফল। এর দার্শনিক তাৎপর্য গভীর – সকল দেবতার শক্তি আসলে একই আদ্যাশক্তির প্রকাশ। ‘শক্তি’ ছাড়া শিব অস্তিত্বহীন, বিষ্ণু নিষ্ক্রিয়, ব্রহ্মা নির্মাণহীন।
চণ্ডীর প্রথম অধ্যায়ে মধু-কৈটভের কাহিনীতে যোগনিদ্রা-রূপিণী মহামায়ার কথা আছে। তিনিই বিষ্ণুকে ঘুম পাড়িয়ে রাখেন, আবার তিনিই জাগিয়ে তোলেন। এখানে ঈশ্বরও প্রকৃতির শক্তির অধীন। পঞ্চম অধ্যায়ের বিখ্যাত দেবীস্তুতি, ‘যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা’, দেবীকে বুদ্ধি, নিদ্রা, ক্ষুধা, ছায়া, শক্তি, তৃষ্ণা, ক্ষান্তি, লজ্জা, শান্তি, শ্রদ্ধা, কান্তি, লক্ষ্মী, বৃত্তি, স্মৃতি, দয়া, তুষ্টি ও মাতৃরূপে সর্বপ্রাণীর মধ্যে অবস্থিত বলে বন্দনা করে। অর্থাৎ, দেবী কেবল বাইরের বিশ্বশক্তি নন, তিনি প্রতিটি জীবের অন্তর্গত অনুভূতি ও প্রবৃত্তিও। প্রকৃতি এখানে বাহ্য জগৎ আর অন্তর্জগৎ দুইয়েরই ধারক।
ডেভিড কিনসলি তাঁর ‘Hindu Goddesses’ গ্রন্থে লক্ষ্য করেছেন, দেবীমাহাত্ম্যে প্রথমবারের মত একজন মহাদেবী এক পূর্ণাঙ্গ দার্শনিক ও ধর্মীয় কাঠামোর কেন্দ্রে বসেছেন। থমাস কোবার্নের ‘Devī-Māhātmya: The Crystallization of the Goddess Tradition’ গ্রন্থেও এই গ্রন্থকে শাক্ত ধারার এক নির্ণায়ক মোড় বলা হয়েছে। এখানে নারীশক্তি আর সহায়ক ভূমিকায় নেই, তিনিই সর্বোচ্চ সত্য।
দেবীর জীবন্ত প্রতিরূপ তত্ত্ব যদি মাতৃকা ও প্রকৃতির কথা বলে, তবে সাধনা সেই তত্ত্বকে নিয়ে আসে মানুষের জীবনে। শাক্ত ধারায় নারীকে দেবীর প্রতিনিধি মনে করার ঐতিহ্য বহুদিনের। চণ্ডীর একাদশ অধ্যায়ের নারায়ণী স্তুতিতে আছে, সব বিদ্যাদেবীর বিভিন্ন রূপ এবং জগতের সকল নারী তাঁরই প্রকাশ। এই উক্তি তন্ত্রসাহিত্যের নানা জায়গায় প্রতিধ্বনিত হয়েছে, আর কুলার্ণব তন্ত্র ও মহানির্বাণ তন্ত্র-এর মত গ্রন্থে নারীর অবমাননা নিষিদ্ধ বলে নির্দেশ আছে। সাধকের কাছে প্রতিটি নারীকে দেবীজ্ঞানে শ্রদ্ধা করাই ধর্ম।
কুমারী পূজার প্রথা এই বিশ্বাসেরই প্রত্যক্ষ প্রকাশ। দুর্গাপূজার অষ্টমী বা নবমীতে অপ্রাপ্তবয়স্ক বালিকাকে দেবী হিসেবে পূজা করা হয়। এখানে একটি শিশুর মধ্যে আদ্যাশক্তির উপস্থিতি স্বীকার করা হচ্ছে, জাতি বা সামাজিক মর্যাদা নির্বিশেষে। বেলুড় মঠে প্রতি বছর এই পূজা স্বামী বিবেকানন্দের প্রবর্তিত রীতিতে সম্পন্ন হয়। উনিশ শতকে এই তত্ত্ব এক বিস্ময়কর জীবন্ত রূপ পেল শ্রীরামকৃষ্ণের সাধনায়। ১৮৭২ সালে দক্ষিণেশ্বরে তিনি নিজের পত্নী সারদাদেবীকে ষোড়শীরূপে পূজা করেন। এটি তন্ত্রের ভাষায় ‘ষোড়শী পূজা’, শ্রীবিদ্যা সাধনার একটি রীতি। কিন্তু রামকৃষ্ণ সেখানে স্ত্রীকে ভোগের নয়, জননীর আসনে বসান। সারদাদেবী পরবর্তী জীবনে ‘শ্রীমা’ নামে পরিচিত হন, আর রামকৃষ্ণ সম্প্রদায়ে তিনি আজও জগজ্জননীর মানবী রূপ। এই ঘটনা তন্ত্রকে ভোগসর্বস্বতার অপবাদ থেকে মুক্ত করে তার আধ্যাত্মিক শুদ্ধিকে প্রতিষ্ঠা করেছিল। অন্যদিকে ‘যোগিনী তন্ত্র’ ও ‘কৌলজ্ঞাননির্ণয়’-এর মত গ্রন্থে শক্তিসাধনায় নারী আচার্যের ভূমিকাতেও আসতে পারেন। কৌল ঐতিহ্যে গুরুপরম্পরায় ‘যোগিনী’ ও ‘দূতী’-র উল্লেখ আছে, যা তৎকালীন সমাজের গতানুগতিক নারীর ভূমিকার তুলনায় যথেষ্ট স্বতন্ত্র।
বাংলার সংস্কৃতিতে মাতৃকা-ধারণা বারবার নতুন রূপ নিয়েছে। প্রথমত, লোকধর্মে। মা মনসা, মা ষষ্ঠী, বনবিবি, এঁরা প্রত্যেকে প্রকৃতির এক-একটি ভয়ংকর বা কল্যাণময়ী শক্তি। মহামারি, শিশুমৃত্যু, বাঘের ভয়, সুন্দরবনের বিপদ, এসব থেকে নিরাপত্তার জন্য মানুষ দেবীর শরণ নিয়েছে। দেবী এখানে তত্ত্ব নয়, দৈনন্দিন সুরক্ষার আশ্রয়। দ্বিতীয়ত, শাক্ত পদাবলিতে। রামপ্রসাদ সেন ও কমলাকান্ত ভট্টাচার্যের গানে মা কখনও আবদারের পাত্রী, কখনও রাগের, কখনও করুণার। দার্শনিক ধারণাটি এখানে ঘরোয়া আদর পেয়েছে। জগৎকারণ দেবী সন্তানের সঙ্গে অভিমানের সম্পর্কে বাঁধা পড়েন, আর এই আন্তরিকতাই বাংলার শাক্ত ধর্মের বৈশিষ্ট্য। তৃতীয়ত, জাতীয়তাবাদী চেতনায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘আনন্দমঠ’ (১৮৮২) উপন্যাসে মাতৃভূমি তিন রূপে প্রকাশিত, ‘মা যা ছিলেন’, ‘মা যা হইয়াছেন’ এবং ‘মা যা হইবেন’। ‘বন্দে মাতরম্’ গানে দেশ ও দুর্গা প্রায় একাকার। এখানে প্রকৃতি, দেশ, দেবী ও নারী এক সূত্রে গাঁথা। এই প্রতীক রাজনৈতিক জাগরণে প্রবল প্রেরণা জুগিয়েছিল, যদিও পরবর্তীকালে এর ব্যবহার নিয়ে বিতর্কও কম হয়নি। ঐতিহাসিক সুমিত সরকার ও অন্যান্যরা দেখিয়েছেন, এই প্রতীক ঔপনিবেশিক বাংলার ভাবজগতে কেমন বহুমুখী ভূমিকা নিয়েছিল।
এখন প্রশ্ন, এই সব কিছু কি নারীর বাস্তব জীবনে সম্মান বাড়িয়েছে? সৎ উত্তর হল, আংশিকভাবে। দেবীকে পূজা করা আর নারীকে সমান অধিকার দেওয়া এক নয়। ভারতীয় সমাজে একদিকে জগজ্জননীর আরাধনা, অন্যদিকে কন্যাভ্রূণ হত্যা, পণপ্রথা ও গার্হস্থ্য হিংসার বাস্তবতা, এই বৈপরীত্য নারীবাদী গবেষকরা বারবার দেখিয়েছেন। নারীকে ‘মা’ বা ‘দেবী’ বানিয়ে আদর্শায়িত করলে তার মানবিক ত্রুটি, ইচ্ছা ও স্বাধীনতার জায়গা সংকুচিত হয়ে পড়ে। দেবীত্বের বোঝা কখনও কখনও বন্দিত্বের নামান্তর। পরিবেশগত ভাবনার ক্ষেত্রেও একই দ্বিধা। বন্দনা শিবের ‘Staying Alive’ (১৯৮৮) গ্রন্থে প্রকৃতিকে ‘নারীনীতি’ হিসেবে দেখার ভারতীয় ঐতিহ্যকে উপনিবেশী, পুঁজিবাদী ও পুরুষকেন্দ্রিক উন্নয়ন-ধারণার বিপরীতে দাঁড় করিয়েছেন। অন্যদিকে বিনা আগরওয়াল ‘The Gender and Environment Debate’ (১৯৯২) প্রবন্ধে প্রশ্ন তুলেছেন, নারী ও প্রকৃতির এই প্রতীকী যোগসূত্র কি বাস্তবে নারীর শ্রম, ভূমির অধিকার ও সম্পদের নিয়ন্ত্রণ সংক্রান্ত প্রশ্নকে আড়াল করে ফেলে? তাঁর মতে, নারী-প্রকৃতির সম্পর্ক শুধু আধ্যাত্মিক নয়, বস্তুগত ও অর্থনৈতিকও। দুটি অবস্থানই বিবেচ্য, কারণ প্রতীক ও বাস্তব, দুটিকে একসঙ্গে ভাবাই সুস্থ বিশ্লেষণ।
তন্ত্রের নিজের ভিতরেও টানাপোড়েন আছে। একদিকে নারীর অবমাননা নিষিদ্ধ করে এবং তাঁকে আচার্যের আসনে বসিয়ে তন্ত্র প্রচলিত বৈদিক-ব্রাহ্মণ্য সমাজের সীমা লঙ্ঘন করেছে। অন্যদিকে কোন কোন আচারে নারী সাধনার সহায়ক উপকরণ হিসেবেই ব্যবহৃত, সাধিকা হিসেবে নন। নরেন্দ্রনাথ ভট্টাচার্য তাঁর ‘ইতিহাসের আলোকে শাক্ত ধর্ম’ গ্রন্থে এবং নানা পশ্চিমি গবেষক এই বহুস্তরীয় বাস্তবতা তুলে ধরেছেন। তাই তন্ত্রকে এক-রঙা করে দেখা ঠিক নয়। তার মধ্যে মুক্তির সম্ভাবনা ও সীমাবদ্ধতা পাশাপাশি আছে।
সূচনার তিন স্তরে ফিরে আসা যাক। মাতৃকা জননী, কারণ তিনি জন্ম দেন ও ধারণ করেন। মাতৃকা অক্ষর, কারণ ভাষাই আমাদের জগৎ গড়ে। মাতৃকা দেবী, কারণ সর্বশক্তির মূলে এক নারীসত্তা। এই তিন সূত্রে প্রকৃতি বাঁধা পড়েছে – প্রকৃতি জননী-মাটি, প্রকৃতি অক্ষর-ভাষা, প্রকৃতি দেবী-শক্তি। ভারতীয় দর্শনের বিশেষত্ব এই যে, সে এই তিনকে বিচ্ছিন্ন করেনি, বরং একের মধ্যে অপরকে দেখেছে।
তবু আজকের পাঠকের কাছে সবচেয়ে প্রাসঙ্গিক সম্ভবত দু’টি শিক্ষা। প্রথমত, প্রকৃতিকে নিছক ভোগ্য সম্পদ ভাবার বদলে জননী-দৃষ্টিতে দেখার অভ্যাস। তার কাছে আমরা ঋণী, তাকে ধারণ ও রক্ষা করা আমাদের কর্তব্য। দ্বিতীয়ত, নারীকে পূজার বেদিতে তুলে দূরে সরিয়ে না রেখে তাঁর মধ্যে মানুষের পূর্ণ মর্যাদা ও সৃজনী শক্তিকে স্বীকার করা। ‘স্ত্রিয়ঃ সমস্তাঃ সকলা জগৎসু’ বাক্যের তাৎপর্য তখনই পূর্ণ হবে, যখন প্রতিটি নারীর বাস্তব জীবনে সেই সম্মানের প্রতিফলন ঘটবে। ভারতীয় দর্শনের মাতৃকা শুধু অতীতের স্তব নন, ভবিষ্যতের এক নৈতিক আমন্ত্রণ।
তথ্যসূত্র:
- ঋগ্বেদ – ১০.১২৫ (দেবীসূক্ত / বাক্সূক্ত)।
- অথর্ববেদ – ১২.১ (পৃথিবীসূক্ত)।
- কেনোপনিষদ – তৃতীয় খণ্ড (উমা হৈমবতী প্রসঙ্গ) শ্বেতাশ্বতর উপনিষদ, ৪.৫ ও ৪.১০।
- ঈশ্বরকৃষ্ণ, সাংখ্যকারিকা – (বিশেষত কারিকা ২১ ও ৫৯-৬১)।
- শ্রীমদ্ভগবদ্গীতা – ৭.৪-৫ ও ১৪.৩-৪।
- দেবীমাহাত্ম্য / শ্রীশ্রীচণ্ডী – (মার্কণ্ডেয় পুরাণের অংশ), অধ্যায় ১, ৫, ৮ ও ১১।
- ভর্তৃহরি, বাক্যপদীয়।
- অভিনবগুপ্ত – তন্ত্রালোক (বিশেষত তৃতীয় আহ্নিক); ক্ষেমরাজ, প্রত্যভিজ্ঞাহৃদয়ম্; মালিনীবিজয়োত্তর তন্ত্র।
- কুলার্ণব তন্ত্র; মহানির্বাণ তন্ত্র; যোগিনী তন্ত্র।
- Shakti and Shakta; The Garland of Letters (Varnamala) – Woodroffe, John (Arthur Avalon).
- Hindu Goddesses: Visions of the Divine Feminine in the Hindu Religious Tradition – Kinsley, David.
- Devī-Māhātmya: The Crystallization of the Goddess Tradition – .Coburn, Thomas B.
- The Concept of the Word in Selected Hindu Tantras – Padoux, André. Vāc
- Devī: Goddesses of India – .Hawley, John Stratton & Wulff, Donna Marie (eds).
- Mohenjo-daro and the Indus Civilization – Marshall, John.
- Staying Alive: Women, Ecology and Development. Zed Books, 1988.
- “The Gender and Environment Debate: Lessons from India”, Feminist Studies, 18(1), 1992. – Bina Agarwal
- ভারতের শক্তি-সাধনা ও শাক্ত সাহিত্য – শশিভূষণ দাশগুপ্ত
লেখক পরিচিতি : সৈকত প্রসাদ রায়
সৈকত প্রসাদ রায় ১৯৮৯ সালের ২৭ শে জুলাই কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেন, নবম শ্রেণীতে পড়ার সময় রানাঘাট পালচৌধুরী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সার্ধ - শতবর্ষের ম্যাগাজিনে সর্বপ্রথম ছোট গল্প লেখা দিয়ে লেখালিখির শুরু , রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করে বর্তমানে তিনি কলকাতা বড়বাজারে অবস্থিত মহালক্ষী এন্টারপ্রাইজের কর্ণধার, তিনি আধ্যাত্মিক ও সামাজিক বিষয় নিয়ে লেখেন। তিনি সারদা মা-কে নিয়ে লিখেছেন বই “Teachings of The Holy Mother”, ও " মমতাময়ী মা " যেখানে সারদা মার জীবন, আদর্শ ও শিক্ষা নিয়ে গভীরভাবে বিশ্লেষণ করা হয়েছে। এছাড়া তিনি মাদার টেরেসা-কে নিয়ে লিখেছেন বই “The Universal Love of Mother Teresa”, যেখানে মানবতার প্রতি মাদার টেরেসার অমোঘ প্রেম এবং দয়ালু কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে।এছাড়া তিনি বিভিন্ন জনপ্রিয় সাহিত্যিক গল্পগ্রন্থ রচনা করেছেন, যার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো " The First Reader" " Give Me Form " “সাতরঙা প্রেম”, যা পাঠকপ্রিয়তা অর্জন করেছে। এছাড়া " নিয়তির খেলা " , " মাতৃরূপেণ " তার লেখা বইগুলোর মধ্যে অন্যতম। আনন্দবাজার পত্রিকা ও বর্তমান পত্রিকা সহ বিভিন্ন পত্রিকা ও অনলাইনে নিয়মিত তিনি লেখালিখি করেন , সম্প্রতি তিনি দীপঙ্কর চট্টোপাধ্যায় স্মৃতি পুরস্কার পেয়েছেন সেরা লেখক হিসেবে ।

