জ্যোৎস্নারাতের কাব্য

লেখক : বিপ্লব চন্দ্র দত্ত

নিশি শশধর যেন রূপরথী গগন সিন্ধুতে করে বিহার,
তীরসম রূপালি রশ্মি ঝরিয়া বিদীর্ণ করে অন্ধকার।
নিশীথিনী নীরবীণায় তোলে গোপনগীতির গুঞ্জরণ,
তারামালা দেবকুসুম ছড়ায় আকাশ জ্যোতির অঞ্জন।
নদী যেন রূপসী রমণী শশীর সুধা পানে করে অভিসার,
কুঞ্চিতা কেশ দোলে তার প্রেমোচ্ছ্বাসে অপরূপ ধার।
বনবীথি যেন যোগিনীদল শশী ধ্যানে মগ্ন অবিরাম,
পাতার কম্পন মৃদুমন্ত্র, সমীরণ যেন ঋষির প্রণাম।
ধরা আজ স্বপ্নদেবী শশীর কিরণে অলংকার সজ্জা,
জোৎস্নার অমৃতধারা স্নানে ভাসে জগতের লজ্জা।
চাঁদের প্রতিচ্ছবি খেলে পুকুরের স্বচ্ছ জলে,
রূপকথার গল্প গড়ে ওঠে নিঃশব্দ মায়ার ছলে!
দূর আকাশে জেগে থাকে নক্ষত্রের সুক্ষ্ণহাসি,
প্রেমের আবেশ বয়ে আনে মৃদু মলয় উদাসী।
গভীর বিনিদ্র রাতে হৃদয় গায় মোর প্রেমের গান,
জ্যোৎস্নার মায়াতে জাগিয়া পুলকিত এই প্রাণ!
হে রজনী! তব হাসি হৃদয়ে আঁকে চির অভিলাষ,
তুমি কাব্যের দেবী রূপক রাগিণী উপমার উদ্ভাস।
জোৎস্না-রজনী সুশীতল শশী হাসে গগন মাঝে,
রূপালি রশ্মি ছড়ায় ধরা মায়াময়ী সুধা সাঁজে।
বনবীথিকা নতশিরে শশী ছায়া লয়ে করে নৃত্য,
মন্দ সমীরণ বহিছে ধীরে জাগিয়ে হৃদয়ে স্বপ্নচিত্ত।
ঘুমায় ধরা মায়ায় মগ্ন  জাগে কেবল কাব্য তরঙ্গ,
জোৎস্না রজনী অমৃতময়ীরূপী চিরসুন্দর-চিরঅনঙ্গ!


লেখক পরিচিতি : বিপ্লব চন্দ্র দত্ত
বাংলাদেশ ব্যাংক সিলেট এ অতিরিক্ত পরিচালক পদে কর্মরত আছেন। প্রহেলিকা, আয়না, মুখোশ, স্বপ্নডানা ও ছড়া পড়ুক ছড়িয়ে নামে 5টি কাব্যগ্রন্থ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। জন্মস্থান-নেত্রকোনা, 20শে কার্ত্তিক,1374

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up