ইতিহাস

লেখক : অভিজিৎ সুর

জানলার গ্রিলের ওপারে পুকুর,
পুকুরের ধারে ঝিম মেরে বসে আছে বসন্ত,
এখনও রক্ত জাগেনি তার।
একদিন যেখানে ছিল আবির পেলবতা
এখন সেখানে রুক্ষ্ম এক বোধ যা হয়ত বা ক্ষণস্থায়ী
কিংবা চিরকালের পুকুরের জলের শ্যাওলার মত
জমে আছে, পৃথিবীর পেটের মধ্যে জমা
আকরিক লোহার মত।

জলেতে বিলি কেটে যায় বেহায়া বাতাস,
কোকিলের স্বর ক্লান্ত হয়ে আসে;
কখনও বা মাছরাঙা হঠাৎ ডুব দেয় জলে
ঠোঁটে আটকে থাকে জীবন,
পুকুরের জলে ঝিলিক মারে দুরন্ত দুপুর

পুকুর কি জানে স্থবিরতা কাকে বলে?
আমরা জানি না, কেউ জানে না,
পুকুরের হৃদয় আতরগন্ধী হয় কিনা
একাকী পিয়ানোবাদকের একলা একলা সুরে

আমরা জানি না, কেউ জানে না,
এই পুকুরের ধারে মাঝরাতে ইতিহাস হাঁটতে আসে।


লেখক পরিচিতি : অভিজিৎ সুর
একক জীবন, পরিচিতিহীন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up