লেখক : শাহ আলম আল মুজাহিদ
নীল নদীর শিরায় শিরায়
কে যেন ঢেলে দিয়েছে সবুজের রক্ত—
ধানের শীষে তাই দুলে ওঠে
এক অনন্ত জন্মের সঙ্গীত।
পলাশের আগুনে দেখি
বসন্ত নয়—ইতিহাস জেগে ওঠে;
মাটির নাভিতে লুকনো অগ্নিবীজ
নিঃশব্দে ভেঙে দেয় পরাধীনতার পাথর।
এই দেশ কোন মানচিত্র নয়—
এ আমার রক্তের অন্তর্লিখিত কবিতা;
যার প্রতিটি বিন্দুতে নদী,
প্রতিটি অক্ষরে মানুষের মুখ।
যেদিন আমার কণ্ঠ স্তব্ধ হবে,
স্বদেশ—তোমার বাতাসে রেখে যাব
আমার শেষ উচ্চারণ:
তুমি বেঁচে থাকো,
আমার সমস্ত মৃত্যুর ওপারে।
লেখক পরিচিতি : শাহ আলম আল মুজাহিদ
কবি শাহ্ আলম আল মুজাহিদ ১৯৯৯ সালের ৪ জুন নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার তিতারজান গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা জয়নাল আবেদীন একজন কৃষক এবং মাতা আনোয়ারা একজন গৃহিণী। গ্রামীণ জীবন ও পারিবারিক মূল্যবোধ তাঁর মানস গঠনে গভীর প্রভাব ফেলে। তিনি ২০১৯ সালে আবু আব্বাস ডিগ্রি কলেজ থেকে উচ্চমাধ্যমিক এবং ২০২৫ সালে নেত্রকোনা সরকারি কলেজ থেকে অনার্স (বি.এ) সম্পন্ন করেন। ছাত্রজীবন থেকেই সাহিত্যচর্চার প্রতি তাঁর গভীর অনুরাগ ছিল। কবিতা তাঁর আত্মপ্রকাশের প্রধান মাধ্যম। সমাজ ও মানুষের অন্তর্দ্বন্দ্ব তাঁর লেখার মূল বিষয়। বিশেষত কাজী নজরুল ইসলাম-এর বিদ্রোহী ভাবধারা তাঁর কবিতায় প্রভাব ফেলেছে। সাহসী উচ্চারণ ও প্রতিবাদী চেতনা তাঁর কবিসত্তার প্রধান বৈশিষ্ট্য।

