লেখক : দীপঙ্কর বেরা
আগমনীর সুর উঠেছে
শিশির শিউলি তলায়
দুগ্গি ঠাকুর আসছে চেপে
কাশের ফুলের দোলায়।
সাদা মেঘের ভাসছে ভেলা
দূর আকাশের গায়ে
সবুজ ধানে হাওয়া যেন
হাঁটছে গুটি পায়ে।
আলের ধারে ঘাসের ফুলে
প্রজাপতি আসে
পদ্ম শালুক মুখ তুলে তার
ঝিলের জলে ভাসে।
মাতছে উঠোন পূজোর গন্ধে
ঢাকের আওয়াজ দূরে
চারিদিকে আলো রাশি
শারদীয়ার সুরে।
মন খুশি মন সবার মনে
পোষাক নতুন ছোঁয়া
আগমনীর আকাশ খানি
শিশির জলে ধোয়া।
লেখক পরিচিতি : দীপঙ্কর বেরা
আমার লেখাই আমার পরিচয়

