লেখক : শমিতকুমার দাস
সালটা ১৯৮৪। সেই সময় থাকি হাওড়ায় শৈল মুখার্জি রোডে। পাড়ায় সে বছর প্রায় আট-দশজন একসঙ্গে মাধ্যমিক আর উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছি। সামনে অনেকটা ফাঁকা সময়। আমার অবশ্য একটু চিন্তা ছিল অঙ্ক নিয়ে। পাশ করব কি না সেটাই বুঝতে পারছিলাম না। তবে সদ্য কৈশোরে কোন দুশ্চিন্তাই স্থায়ী হয় না, সুতরাং এই সময়টাকে কীভাবে কাটানো যায়, তাই নিয়ে সবার সঙ্গে আমিও ভাবনা-চিন্তা শুরু করলাম। অনেক ভেবে ঠিক করা হ’ল নাটক হবে। কোন নাটক? সেটা নির্বাচনের ভার নিল পাড়ার বড়রা। আমাদের পাড়াটা ছিল মূলত চাকরিজীবী মধ্যবিত্ত অধ্যুষিত। ফলে সংস্কৃতি-চর্চাও ছিল। তাঁরা আমাদের নাটক করার উৎসাহ দেখে দায়িত্ব নিলেন নাটক খোঁজার। একাধিক নাটক বাছা হ’ল। কোনটাই ঠিক মনমত হ’ল না। শেষপর্যন্ত নির্বাচিত হ’ল “ভজ-গৌরাঙ্গ কথা” নাটকটা। খুব সম্ভবত সরোজ দত্তর লেখা। এতদিন পরে আর মনে নেই।
নাটক তো হ’ল। এবার পরিচালক। আমাদের মধ্যে তেমন অভিজ্ঞতা কারও নেই যে নাটকের ডিরেকশন দেব। কেউ মঞ্চেই উঠিনি কোনদিন। না, ঠিক তা নয়। অনেক ছোট বয়সে, বছর পাঁচেক তখন, পাড়ার রবীন্দ্রজয়ন্তীতে আবৃত্তি করেছিলাম তালগাছ কবিতার প্রথম স্তবক। আমার জ্যেঠতুতো দাদা বুবুদা আমার পাশে দাঁড়িয়ে প্রম্পট করছিল। কোন একটা জায়গায় ভাল শুনতে পাই নি। মাইক্রোফোনের সামনে দাঁড়িয়েই বলেছিলাম, “অ্যাঁ, জোরে বলো। শুনতে পাচ্ছি না।” সেটা নিয়ে সারা পাড়ায় হাসির ঢেউ বয়েছিল স্বাভাবিকভাবেই। ঐ অনুষ্ঠানেই আমার খুড়তুতো দাদা চন্দন আরেক কাণ্ড করেছিল। তার বয়স তখন বছর আটেক। আমাদের বলা হয়েছিল, মঞ্চে উঠে প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিকে প্রণাম করে, তারপর রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে তাঁর লেখা কবিতার নাম বলে আবৃত্তি শুরু করতে। আমি ছোট বলে সাহায্যকারী দাদা ছিলেন। চন্দন তো বড়। তাই একাই মঞ্চে উঠল। এবং প্রথমেই “আমাদের ছোট নদী” বলে জিভ কেটে রবীন্দ্রনাথের ছবির দিকে ঘাড় ঘুরিয়ে পেন্নাম ঠুকে বলতে শুরু করল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট নদী চলে আঁকেবাঁকে/বৈশাখ মাসে তার হাঁটুজল থাকে, ইত্যাদি। আরেকজন বুবাই, চন্দনেরই বয়সী মঞ্চে উঠে যথাকর্তব্য ঠিকঠাক করে বলল, “রবীন্দ্রজয়ন্তীতে কবিগুরুর শ্রাদ্ধ বলব।”
তো এমন সব মহারথীরা মিলে নাটক করব। সুতরাং পরিচালনার ভার নিজেরা নিলে কী দাঁড়াবে, সে বয়সেও বুঝতে অসুবিধা হয় নি। পাড়ায় তেমন নাটুকে কাউকে পেলাম না। অবশেষে চন্দনের পিসতুতো দাদা মণিময় ঘোষ পরিচালক হ’লেন। আমরা বলতাম বুলাদা। মণিময়দা এক আশ্চর্য মানুষ ছিলেন। নিজের চোখে এমন সর্বপ্রতিভাসম্পন্ন মানুষ দেখিনি আর কোথাও। ইচ্ছে করলে ইলেকট্রিক্যাল-ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার হতে পারতেন, এসব বিষয়ে দারুণ মাথা। চিত্রশিল্পী হতেও আটকাত না, আঁকার হাত ছিল এতটাই অসাধারণ। চমৎকার সব ক্রাফ্টসের কাজ জানতেন। গানের গলাও অসাধারণ, কিন্তু কোথাও গাইতেন না। মুড হ’লে গাইতেন আপন মনে। তখনই শুনেছি। অভিনয় করতেন অদ্ভুত দক্ষতায়। কিন্তু যেটা থাকলে প্রতিভার সার্থক প্রকাশ হয়, ছিল সেটারই অভাব, মস্তিষ্কের স্থিরতা। যার ফলে সব প্রতিভা আত্মীয়মহলে আর বন্ধুমহলেই সীমাবদ্ধ থেকে গেল। মণিময় ঘোষকে নিয়ে আলাদা একটা লেখাই লেখা যায়। লিখব কোনদিন। আজ নাটকের কথাই বলি।
মণিময় তথা বুলাদার সঙ্গে সহকারী হিসেবে যোগ দিল আমাদের পাড়ার শিবানন্দ চৌধুরী। আমাদের চেয়ে বয়সে অনেকটাই বড়। গমগমে গলা, চমৎকার আবৃত্তি করত। প্রধান দুটো পার্ট – ভজ ও গৌরাঙ্গ, সুতরাং মণিময়দা আর শিবানন্দদা। একজন উকিল, একজন বোধহয় কবিরাজ বা হোমিওপ্যাথ। আমি করেছিলাম কন্যাদায়গ্রস্ত গয়ারাম। আর কে কী করেছিল, আজ আর মনে নেই। বিয়াল্লিশ বছরে স্মৃতি অনেকটাই মুছে নিয়েছে কালস্রোত।
রিহার্সাল তো শুরু হ’ল। কিন্তু এসব নাটকে যা হয়, এ আসে তো সে আসে না। মণিময়দা রেগে যেত। কিন্তু করার কী আছে? রিহার্সালে আমি প্রতিদিন বকুনি খেতাম। আসলে ডায়লগ বলতে এত লজ্জা করত যে অভিব্যক্তি ঠিকঠাক হত না। প্রথম অভিনয় তো, তার ওপর বয়সটা কম। আর সত্যি বলতে কি, ততটা ইস্মার্টও ছিলাম না, যতটা হলে অভিনয়কে অভিনয় ভেবে চরিত্রকে ঠিকঠাক উপস্থাপন করা যায়। কিন্তু সেসবের চেয়েও বড় গণ্ডগোল হ’ল অন্য একটা ব্যাপার নিয়ে।
সেকথা বলতে গেলে আরও অতীতে যেতে হয়। সে-ই প্রাইমারি স্কুলে। স্কুলে ছিল আমার এক সহপাঠিনী – নামটা উহ্যই থাক। অত কচি বয়সীদের উপর তো আর মদনদেব নিজের কৃতিত্ব জাহির করতে পারেন না, কিন্তু তিনি ধৈর্য ধরে অপেক্ষা করেন। সে সুযোগ এল তাঁর, আমি কৈশোরে পদার্পণের পর। মেয়েটি কাছাকাছিই থাকত, বলা যায় এক পাড়াতেই প্রায়। ওর মায়ের একটি নাচ ও গানের গ্রুপ ছিল। ভদ্রমহিলা ভাল রবীন্দ্রসংগীত গাইতেন। তো সেই গ্রুপের অনুষ্ঠানে সদ্যকিশোরী সেই সহপাঠিনীকে দেখে হৃদয় কেমন বিহ্বল হ’ল। ক্লাস এইটে ওঠার পরই কিছু বড়দের উপন্যাস লুকিয়ে পড়ে ফেলেছিলাম, তাই অনুভব করলাম এরই নাম প্রেম। প্রেমের সঙ্গে বিরহ অনিবার্য, তাই মনে হ’ল আমি বিরহী প্রেমিক। তখন তো স্কুলও আলাদা হয়ে গিয়েছে। ছয় বছরের যোগাযোগহীনতা দূরত্ব রচনা করেছে। তাই বলা সম্ভব ছিল না মনের কথা (বলা আর হয় নি কোনদিনই। পরের বছরই ওর বিয়ে হয়ে যায়)। তাই বিরহী প্রেমিক বেশ মানিয়ে গেল। বিরহ সম্বল করে কবিতা লিখতে শুরু করলাম। কিন্তু প্রেমে যে আরও কাঁটা থাকে, দু’দিন বাদেই বুঝলাম, যখন আরেক বন্ধুর মুখে শুনলাম সন্দীপ বলে অতি বখাটে একটা ছেলে, যার আবার এক হাত কাটা, সেও মেয়েটির সম্ভাব্য প্রেমিক। সন্দীপ বয়সে বড়, একটা হাত না থাকলেও গায়ে বেশ জোর, মারামারি করেও পারব না, সুতরাং খুবই বিপদ বলে মনে হ’ল। মেয়েটি ওকে ভালোবাসে কি না, সে খবর না জেনেই, বেদনার্ত হৃদয় নিয়ে কী যে করব ভেবে পেলাম না। কাকেই বা বলব? কেই আমায় সান্ত্বনা দেবে? কিন্তু সবচেয়ে বড় কথা, খবরটা যখন এল, তখন সেদিনের রিহার্সাল শুরু হতে বেশি সময় বাকি নেই। মদনদেব তো নিজের কাজ করে কেটে পড়লেন, মেয়েটার দিকে আমার তরফ থেকে একটা ফুলবাণও ছুঁড়লেন না, কিন্তু আমি রিহার্সালে পদে পদে সংলাপ ভুলতে শুরু করলাম। ক্যাচ দিতে দেরি করতে লাগলাম, আর মণিময়দার সুমধুর সম্ভাষণে কান লাল হয়ে উঠতে লাগল। কিন্তু মণিময়দাকে তো আর বলতে পারি না, আমার সদ্য প্রেমিক হৃদয় কতটা রক্তাক্ত। তাই নীরবে সব অপমান সহ্য করে সে দিনের রিহার্সাল শেষ করলাম।
এ তো গেল একটা পর্ব। আরেকটা হ’ল পার্ট মুখস্থ। সে সময় যদিও প্রম্পটিং হত উইংসের আড়াল থেকে, আর আমাদের তো প্রম্পটার অবশ্যই প্রয়োজন, কারণ স্টেজে উঠে উত্তেজনায় ও ভয়ে কে যে কত সংলাপ বাদ দেবে, তার ঠিক নেই। তবু পার্ট মুখস্থ তো করতেই হবে, কারণ তা না হ’লে চরিত্রর সঙ্গে একাত্ম হওয়া যাবে না। মণিময়দার এই কথা যে কতটা সত্যি, পরবর্তীকালে নিজে নাটক করার সময় বারবার অনুভব করেছি। এখনও নাটক পরিচালনার সময় অভিনেতাদের বারবার এই কথা বলি। তাছাড়া পার্ট মুখস্থ করলে নিজের অভিনয়টাও আপনা থেকে খুলে যায়। সে যা হোক, আসল কথা হ’ল আমার পার্ট কিছুতেই মুখস্থ হয় না। আগের সংলাপ পরে, পরের সংলাপ আগে, কিছু সংলাপ খেয়ে ফেলা – এসব চলতেই থাকল। দু’জন ছাড়া প্রায় সবারই তাই। মণিময়দা বলল, “আর নাটক করে লাভ নেই। স্টেজে উঠে এ ওর ডায়লগ বলবে, তখন হাসির ব্যাপার হবে।” কে একজন বলল, “তা হোক না, নাটকটা তো হাসিরই। বরং দর্শকরা একটু বেশি মজা পাবে।” তাতে অবশ্য হাসার বদলে মণিময়দা রেগেই গেল।
আরেকটা হ’ল কণ্ঠস্বর। নাটক করতে গেলে যে উচ্চগ্রামে কথা বলতে হয়, সেটা আমার জানা ছিল না। কারণ, তার আগে নাটক দেখি নি। অভিনয় বলতে সিনেমায় যেটুকু দেখেছি। সুতরাং সেখানে যে ভাবে সংলাপ বলে, তা যে সম্পূর্ণ অন্য রকম নাটকের চেয়ে, এই ধারণাটাই ছিল না। আমি সংলাপ বলছি সাধারণ ভাবে, যেমন কথা বলি। মণিময়দা বলছে, “তোমার কথা তো শুধু তুমি শুনলে হবে না, দর্শকদের শোনাতে হবে, জোরে বলো।” এখন আমার কণ্ঠস্বর খুব নিস্তেজ বা মৃদু নয়, তারপরও যত কণ্ঠ চড়াই, কিছুতেই হয় না। একজনকে দাঁড় করিয়ে দেওয়া হ’ল রিহার্সাল রুমের একপ্রান্তে। সবার কণ্ঠ সেই অবধি পৌঁছয় কি না দেখার জন্য। আমার স্বর না কি কিছুতেই পৌঁছয় না। আসলে আমি গলা ভারি করে বলতে যাচ্ছিলাম বলে ব্যাপারটা ঘটছিল। পরে বুঝলাম খাদে নয়, চড়ায় বলতে হবে। যা হোক, বিষয়টা বুঝতে দিনদুয়েক লেগেছিল। তারপর অসুবিধা হয় নি।
আরও একটা সমস্যা ছিল – হাতের ব্যবহার। হাতটাকে ঠিক কীভাবে রাখা উচিত বুঝে উঠতে আমাদের সবারই সমস্যা হত। বেশি হাত নাড়া দৃষ্টিকটু, আবার একেবারে না নাড়লে হাস্যকর। মণিময়দা বলত, “অভিনয়ের সময় মনে হবে হাতদু’টো না থাকলেই ভাল।” পরে অবশ্য শিখেছি হাতকেও কী করে অভিনয়ের অঙ্গ করে তোলা যায়, কিন্তু সে সময় সত্যিই হাত রাখার জায়গা খুঁজে পেতাম না।
সব রিহার্সালে যেমন হয়, আমাদের রিহার্সালে চা আসত। তখন সিগারেটের ধোঁয়ায় ফুসফুস ঝাঁঝরা করার আরামদায়ক কাজ সবে শুরু করেছি। চা খাওয়ার পরে তাই একটু বাইরে যেতে হতই। কিন্তু তাতে রিহার্সালে ব্যাঘাত ঘটত। আর মণিময়দার নেশা ছিল পান। সেটার জন্য বাইরে যাওয়ার প্রয়োজন নেই। গালে ঠেসে দিব্যি অভিনয় করা যায়। তাই আমরা, সদ্য ধূমপানে দীক্ষা নেওয়ারা পড়লাম সমস্যায়। নেশা চেপে মহড়া দিতে গিয়ে আরও ভুলভাল হয়ে যেত।
রিহার্সাল চলেছিল বোধহয় মাসখানেক। ঠিক মনে নেই, এমনকি কোন তারিখে নাটক হয়েছিল, কোন মাসে, সেটাও ভুলে মেরে দিয়েছি। খুব সম্ভব মে মাসে। রিহার্সালে অনেক মজার মজার ঘটনা ঘটত। সে সব ঘটনাও আর মনে নেই। শুধু মনে আছে, আমার একটা মাথা ঘুরে পড়ে যাওয়ার দৃশ্য ছিল। সে পড়া আর ঠিক হয় না। যতবারই পড়ি, মণিময়দার আর পছন্দ হয় না, উঁহু তুমি অত সাবধানে পড়লে হবে না। পড়াটা পড়ার মত হতে হবে। সিমেণ্ট বাঁধানো মেঝের দিকে তাকিয়ে ভাবতাম, পড়ার মত পড়লে আসল নাটকের সময় বিছানায় পড়ে থাকতে হবে যে। একদিন মরিয়া হয়ে পুরো শরীর ছেড়ে পড়লাম, ভাগ্যক্রমে পাশ থেকে কেউ একজন ধরে ফেলার চেষ্টা করল। পুরো সফল না হ’লেও, চোটটা কম লাগল। বাঁ হাতের পাতার ওপর দিয়ে যাওয়ায় তেমন সমস্যা হয় নি। কিন্তু রিহার্সালে আর চেষ্টা করি নি। মণিময়দাও কিছু বলেনি এরপর। অভ্যাস অবশ্য করতাম বিছানায় ধপাস করে পড়ে।
দেখতে দেখতে অনুষ্ঠানের দিন এগিয়ে এল। শুধু নাটক নয়, তার সঙ্গে গান, আবৃত্তিও ছিল। ছিল বাদ্যযন্ত্রের অনুষ্ঠানও। শেষে নাটক। আগের দিন থেকেই বুক-ঢিপঢিপ। অভিনয় কেমন করব, তার থেকেও বড় কথা – পার্ট ভুলে যাব না তো? ততদিনে অবশ্য পার্ট মুখস্থ হয়ে গেছে ভালভাবেই। কিন্তু রিহার্সালে করা এক, আর মঞ্চে অত লোকের সামনে দাঁড়িয়ে ঠিকঠাক পার্ট বলা আরেক জিনিস।
স্টেজ রিহার্সালে অবশ্য ঠিকঠাক পার্টই বললাম। ধরতে, ছাড়তেও সমস্যা হয় নি। কিন্তু যতবার সামনের শূন্য আসনগুলোর দিকে তাকাচ্ছি আর ভাবছি কাল এগুলো সব ভরা থাকবে, ততবারই পা কাঁপছে, হাত কাঁপছে, শরীর ঘেমে উঠছে। বিকেলে ফুটবল খেলা অবশ্য বাদ গেল না। খেলার পর স্বাভাবিকভাবেই পরের দিনের অনুষ্ঠান নিয়ে কথাবার্তার সময় চন্দন বলল, “কাল এতক্ষণে যে যা ঝোলাবার ঝুলিয়ে দিয়েছে।” সঙ্গে সঙ্গে মনে হ’ল, আর মাত্র ষোল ঘণ্টা পরে জীবনের প্রথম নাটক করতে চলেছি। ষোলটা হয়ত আঠার হবে, কিন্তু যেটা হবে, সেটা তো অনিবার্য। আর একটা জিনিস অবশ্যই হবে, সেটা হ’ল আমার অতি খারাপ অভিনয়। ডায়লগ ভুলব। ক্যাচ নিতে পারব না। অভিনয়ে চরিত্রর অভিব্যক্তি ফুটবে না ঠিকমত। মনে হ’ল, দূর, নাটক না করলেই হত। কী দরকার ছিল যেটা পারি না, সেটা করতে আসার। প্রথমবার মঞ্চে নামতে যাওয়া অন্যান্য অভিনেতাদেরও অবস্থা আমার থেকে খুব বেশি ভাল ছিল, তা নয়। তবে সকলেই গোপন করতে চাইছিল নিজেদের মনোভাব, আমার মতই।
অনুষ্ঠান শুরু হ’ল। তার আগেই শুরু হ’ল আমাদের মেকআপ। আমার পোষাক ছিল ঢলঢলে ছেঁড়া জামা, রংচটা কোঁচকানো সুতির প্যাণ্ট। সে নিয়েও এক পর্ব। মণিময়দা বলত, “যার যা ড্রেস আগে থেকে ঠিক করে নেবে।” আমাকে বলত, “জামাপ্যাণ্ট জোগাড় হয়েছে?” আমি বলতাম, “হয়ে যাবে।” মণিময়দার ভাষ্য, “আমার মনে হচ্ছে তুমি টেরিলিনের প্যাণ্ট আর টেরিকটনের শার্ট পরেই মঞ্চে আবির্ভূত হবে।” সেটা অবশ্য হয়নি। চন্দনের একটা পুরনো জামা, যেটা আমার মাপের থেকে দেড়গুণ বড়, আর একটা রংচটা সুতির প্যাণ্ট (কে দিয়েছিল মনে নেই) পরেই, গালে কাঁচাপাকা খোঁচা খোঁচা দাড়িতে কন্যাদায়গ্রস্ত পিতার মেকআপ করেই প্রথম অভিনয়ের রঙ্গমঞ্চে প্রবেশ করেছিলাম।
নাটকের শুরুতেই আমার পার্ট ছিল না। মাঝামাঝি অংশে আমি ঢুকব। নাটক যত এগোচ্ছে, আমার হাত-পা ততই যেন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে ক্রমশ। কিছুদিন আগেই হেমন্ত মুখোপাধ্যায়ের আনন্দধারা নামক আত্মজীবনী পড়েছি। সেখানে মহান গায়ক তাঁর সংগীত জীবনের প্রথমদিকে মঞ্চে ওঠার আগের অনুভূতির কথা বলতে গিয়ে বলেছেন, “লোকে বড় জোর খারাপ বলবে, তার বেশি তো কিছু হবে না।” এটাই আপ্তবাক্যর মত মনে মনে আওড়াচ্ছি, কিন্তু আমি তো হেমন্ত মুখোপাধ্যায় নই। তাই তাতেও কোন জোর পাচ্ছি না। এমনকি এটাও ভাবছি, নাটকটা যদি এই মুহূর্তে কোনভাবে বন্ধ হয়ে যায়। কিন্তু সেই অসম্ভব ভাবনা যথারীতি রূপ পেল না এবং যথাসময়ে আমাকে মঞ্চে ঢুকতেই হ’ল। এখন আমার চরিত্রটাই ছিল ভজ আর গৌরাঙ্গের ক্রমাগত ভয় দেখানো কথা শুনে ক্রমশ নার্ভাস হয়ে পড়ার। তো আমাকে নার্ভাসনেসের অভিনয় করতেই হয় নি। এমনিতেই আমার হাত-পা কাঁপছিলই। দর্শকাসনের দিকে একবারও তাকাই নি। কোনক্রমে সংলাপ বলাটাই লক্ষ্য। এটুকু জানি যে মণিময়দা আর শিবানন্দদার মত পাকা অভিনেতাদের মাঝখানে আমি যাই করি না কেন, লোকের মনোযোগ ততটা পাবে না। তবুও এতদিন রিহার্সালের ফল তো আছেই। সংলাপও ভুলি নি। অবশেষে এল সেই পড়ার দৃশ্য।
আমি আগেই ঠিক করেছিলাম, যা হয় হোক, পড়ার মতই পড়ব। তার একটা বড় কারণ স্টেজটা ছিল কাঠের। অনুষ্ঠানটা হয়েছিল হাওড়ার নর্থ ক্লাবে। আমার ছিল মূর্ছা এবং পতন। কিন্তু যদি বিপরীত অর্থাৎ পতনের ফলে বাস্তবিক মূর্ছা হয়, তাতেও পিছপা হব না। অর্থাৎ একদম ন্যাচারাল পড়া যাকে বলে। পড়লামও তাই, কোনদিকে দৃকপাত না করে। পেছনে ছিল চেয়ার। মণিময়দা সেটা ঠিক সময়ে অভিনয়ের অঙ্গীভূত করে সরিয়ে নিয়েছিল। আমি সেটা দেখিনি, পরে শুনেছি। বোধহয় ছবিও দেখেছিলাম। ছবিগুলো কে তুলেছিল জানি না। আর কোনদিন দেখি নি, হাতেও পাই নি। সে কথা থাক। আমি তো পুরো শরীর ছেড়ে দিয়ে ধপাস করে পড়লাম স্টেজে। কপাল ঠুকল সজোরে। প্রথমে মনে হ’ল ফেটে গেল নাকি? স্টেজ থেকে বের হওয়ার পর দেখলাম ফাটে নি, ফুলে আলু হয়ে গেছে। নাটক থেকে প্রাপ্তি।
অভিনয় যা করেছিলাম, সে তো জানি। তবুও সবাই প্রশংসা করেছিলেন। সেটা তো অবশ্যই স্নেহ থেকে, কিন্তু তাতেই মনে হয়েছিল, বুঝি বা শম্ভু মিত্রই হয়ে গেলাম। আসল নাটক কী, প্রকৃত অভিনয় কাকে বলে, এসবের তখন কোনও ধারণাই ছিল না। আজও কি আছে?
তারপরে বেশ কয়েকবার স্টেজে নেমেছি অভিনয় করতে। অভিনয়ের ধারও বেড়েছে সময় ও অভিজ্ঞতার সঙ্গে, বোধের পরিণতির সঙ্গে। এখন অভিনয় না করলেও পরিচালনা করি বছরে একটি নাটক। কিন্তু প্রথম অভিনয়ের স্মৃতি, সেই ভয়, সেই আনন্দ, সেই আবেগ অম্লান হয়ে আছে আমার মনে। হয়ত আমৃত্যু থেকে যাবে।
লেখক পরিচিতি : শমিতকুমার দাস
জন্ম : হাওড়া জেলার হাওড়া শহরে। বর্তমান আস্তানা গড়িয়ায়। লেখালেখির শুরু স্কুলজীবনে। কবিতা দিয়ে শুরু। সেখান থেকে ছোটগল্প ও প্রবন্ধর দিকে যাওয়া। নেশা বলতে গান শোনা, নাটক দেখা। মাঝেমধ্যে আবৃত্তি বা অনুষ্ঠান সঞ্চালনা করলেও তা নিয়মিত নয়। আগ্রাসী পাঠক হলেও বই পড়া নেশা বা শখ নয়, কাজ। প্রকাশিত দুটি কাব্যগ্রন্থ-- 'এই যে আমার বিষাদগাথা', 'বিন্দুজল বাতাসে কাঁপে'।

