লেখক : শাহরিয়ার আরেফিন
শাহরিয়ার ও আরেফিনের কথোপকথন
সন্ধ্যার আলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। বারান্দায় দু’টি চেয়ার, মাঝখানে ছোট টেবিল, তার উপর চায়ের কাপ ও একটি বই। শাহরিয়ার জানালার দিকে তাকিয়ে ছিলেন। আরেফিন এসে বসলেন, কিছুক্ষণ চুপ থেকে বললেন।
আরেফিন: ভাই, একটা প্রশ্ন অনেকদিন ধরে মাথার ভিতর ঘুরছে। সরাসরি বলি। আমরা আলু, ডাল, তেল, গোস্ত, শাকসবজি—দৈনন্দিন জীবনের যা কিছু প্রয়োজন, সব দোকানদারের কাছ থেকে কিনি। বিনিময়ে টাকা দিই। দিনের পর দিন পরিশ্রম করে নিজের হায়াত, নিজের শ্রম, বসের আণ্ডারে বিক্রি করি, বিনিময়ে বেতন নিই। পশুপাখিকে খাবার দিই, থাকার জায়গা দিই, যত্নে লালন করি, নির্দিষ্ট সময় পেরোলে তাকে ভক্ষণ করি। দুনিয়ার প্রতিটি লেনদেন এই বিনিময়ের নিয়মে চলে। তাহলে শাহরিয়ার, যে আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠিয়েছেন, হায়াত দিয়েছেন, রুহ দিয়েছেন, তাঁর বিনিময়ে আমাদের কাছ থেকে কী পাওয়ার আছে?
শাহরিয়ার: (চায়ের কাপ নামিয়ে) প্রশ্নটা সুন্দর, আরেফিন। বরং বলি, প্রশ্নটা প্রাচীন। মানুষের মন যেদিন থেকে জেগেছে, সেদিন থেকেই সে এই হিসাবটা মেলাতে চেয়েছে। কিন্তু তুমি যেখানে দাঁড়িয়ে প্রশ্নটা করেছ, সেখানেই একটা ফাঁক আছে। তুমি আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ককে ক্রেতা-বিক্রেতার সম্পর্ক ভেবে ফেলেছ। এটা লেনদেনের সম্পর্ক নয়। এটা মালিক ও নিয়ামতপ্রাপ্তের সম্পর্ক। কোরআনে আল্লাহ বলেছেন, “তোমরাই আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহ অভাবমুক্ত ও প্রশংসিত। (সূরা ফাতির: ১৫)” অর্থাৎ হিসাবটা উল্টো। আমরাই তাঁর মুখাপেক্ষী, তিনি আমাদের কোনকিছুরই মুখাপেক্ষী নন।
আরেফিন: কিন্তু ভাই, আমরা তো কম করি না। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, রমজানে রোজা রাখি, দুই ঈদ পালন করি। এটা কি আল্লাহর গোলামী নয়?
শাহরিয়ার: হ্যাঁ, এটা গোলামী। কিন্তু আরেফিন, একটা কথা মনে রেখ। আমাদের ইবাদতে আল্লাহর কোন প্রয়োজন নেই, আমাদের কৃতজ্ঞতায় তাঁর কোন ঘাটতি পূরণ হয় না। নামাজ আমাদের শৃঙ্খলিত করে, রোজা আমাদের সংযম শেখায়, দান আমাদের হৃদয়ের কাঠিন্য গলায়। আল্লাহ যা ফরজ করেছেন, তা তাঁর প্রয়োজন মেটাতে নয়, আমাদের ফিতরতকে সজীব রাখতে। তুমি যদি ভাব টাকা দিয়ে কিছু কিনলাম, ব্যস, হিসাব শেষ। তাহলে আল্লাহকে “পাওনাদার” বানিয়ে ফেললে। আর এটা শুধু ভুল নয়, এটা তাওহিদেরই ক্ষতি।
আরেফিন: (একটু হেসে) তাহলে সত্যি কথাটা বলি ভাই। আমার ভেতরে একটা সন্দেহ আছে। আমরা নামাজ পড়ি অর্থসম্পদ লাভের আশায়। রোজা রাখি, রমজান এলে খুশি হই ব্যবসা ভাল হবে বলে। ঈদ এলে মনে ঈদ ঈদ লাগে, নতুন জামা পড়ব বলে। বলো তো, এগুলো কি আদৌ আল্লাহকে খুশি করার মাধ্যম? নাকি আমরা নিজের লোভকে ইবাদতের রঙ মাখিয়ে দিচ্ছি?
শাহরিয়ার: (একটু থেমে) ভাল প্রশ্ন। আর এটাই আসল প্রশ্ন। কিন্তু এর উত্তর দু’দিক থেকে আসে। প্রথম কথা, দুনিয়ার কল্যাণ চাওয়া নিষিদ্ধ নয়। কোরআন নিজেই শিখিয়েছে: “হে আমাদের রব, আমাদের দুনিয়াতে কল্যাণ দিন, আখিরাতেও কল্যাণ দিন, এবং জাহান্নামের আজাব থেকে রক্ষা করুন। (সূরা বাকারা: ২০১)” রাসূল (সা.) নিজে দুনিয়ার কল্যাণ প্রার্থনা করেছেন। সুতরাং সম্পদ চাওয়া, ব্যবসার বরকত চাওয়া—এগুলো দোষের নয়। দোষ তো তখন, যখন দুনিয়াই একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায়। যখন ইবাদত হয়ে যায় আচার-অনুষ্ঠান—হৃদয়হীন, রুহশূন্য। আল্লাহ দেখেন না কেবল সিজদার বাহ্যিক অবনমন, তিনি দেখেন অন্তরের ইখলাস। রিয়া আর লৌকিকতার বিষাক্ত ছোঁয়ায় ইবাদতের সমস্ত আজর বরবাদ হয়ে যায়।
আরেফিন: কিন্তু ভাই, একটা জিনিস আমি মেনে নিতে পারি না। আল্লাহ যদি চান আমরা তাঁর গোলামী করি, তাহলে আমাদের এত জ্ঞান-বুদ্ধি দিলেন কেন? হাজার হাজার প্রাণীর ভিড়ে শুধু মানুষকেই বুদ্ধি দিলেন। আর জিন জাতিকে তিনি পাঠিয়েছেন সর্বক্ষণ গোলামী করার জন্য। তাহলে বুদ্ধিটা রেখে দিয়ে সরাসরি গোলাম বানিয়ে দিলেই তো হত?
শাহরিয়ার: (মাথা নেড়ে) এখানে দু’টো ভুল জমে আছে, আরেফিন। প্রথমটা, জিনকে “সর্বক্ষণ গোলামীর জন্য” পাঠানো হয়নি। কোরআন স্পষ্ট বলে, “আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য। (সূরা জারিয়াত: ৫৬)” জিনেরও ইচ্ছা-স্বাধীনতা আছে। তাদের মধ্যে মুমিনও আছে, কাফিরও আছে। কোরআনেই আছে, “আমাদের মধ্যে কেউ কেউ মুসলিম, কেউ কেউ জালিম। (সূরা জিন: ১৪)” আর যারা নিমেষের জন্যও আল্লাহর আনুগত্য থেকে বিচ্যুত হয় না, তাঁরা জিন নন, তাঁরা ফেরেশতা। নূরের তৈরি, নিষ্পাপ, নিষ্কলুষ। এই দুই জাতিকে গুলিয়ে ফেললে হিসাবটা এলোমেলো হয়ে যায়।
আরেফিন: আর দ্বিতীয় ভুলটা?
শাহরিয়ার: দ্বিতীয়টা হ’ল, তুমি ভাবছ বুদ্ধি দিলে গোলামী কমে যায়। সত্যিটা উল্টো। জোর করে গোলামী চাপিয়ে দিলে তার কোন মূল্যই থাকত না। একটা পাথর তো প্রতিটি নিমেষে আল্লাহর হুকুম মেনে চলে, কিন্তু তার জন্য কেউ বলে না সে বড় আবিদ। মানুষের শ্রেষ্ঠত্বের রহস্য এখানেই। অসংখ্য প্রাণীর ভিড়ে তাকে যে আল্লাহ জ্ঞান, বুদ্ধি আর বিবেক দিয়ে ধন্য করেছেন, তা এই জন্যই যেন সে ভালো-মন্দ, হক-বাতিল যাচাই করে নিজের ইচ্ছায় সঠিক পথ বেছে নেয়। বুদ্ধি দিয়ে যে মানুষ স্বেচ্ছায় মাথা নত করে, তার সিজদারই ওজন আছে। জোর করে নত করা মাথার কোন ওজন নেই।
আরেফিন: তাহলে কি বলছ, সারাক্ষণ মসজিদে পড়ে থাকলেই আল্লাহর গোলামী নিখুঁতভাবে পালন করা হবে না?
শাহরিয়ার: না। ইসলাম সন্ন্যাস নয়, পলায়ন নয়। আল্লাহ মানুষকে বুদ্ধি দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন এজন্যই যাও, দেখো। বিয়ে-শাদী, সন্তান-সন্ততি, ধন-সম্পদ, দুঃখ-কষ্ট, চাকরি, বেকারত্ব, প্রেম, ভালোবাসা, বিচ্ছেদ—জীবনের প্রতিটি স্তরে আল্লাহর আনুগত্য করা সম্ভব, যদি তা সঠিক পন্থায়, সঠিক নিয়তে সম্পন্ন হয়। সন্তানকে উত্তম তারবিয়ত দেওয়া ইবাদত। স্ত্রীর প্রতি সদাচরণ ইবাদত। মজুরের পাওনা সময়মত পরিশোধ করা ইবাদত। প্রতিবেশীর খিদমত ইবাদত। কিন্তু আরেফিন, এই বলে ফরজ নামাজকে হালকা করা যায় না। ইবাদত আর দুনিয়ার কাজ—দু’টো পাখনার মত। একটাকে খাটো করলে জীবনের উড়ান থেমে যায়।
আরেফিন: (চুপ করে কিছুক্ষণ) ভাই, এবার সবচেয়ে কঠিন প্রশ্নটা করি। তুমি বললে, হায়াত আল্লাহ দিয়েছেন, মৃত্যুর মালিকও তিনি। তিনি নির্দিষ্ট সময় লিখে রেখেছেন, সময় ফুরালে আমরা তাঁর কাছেই ফিরে যাব। তাহলে মৃত্যু নিয়ে আক্ষেপ-আফসোস, কান্না, হতাশা—এসবের মানে কী? যিনি দিয়েছেন, তিনিই নিয়ে যাবেন। তাহলে কাঁদব কেন?
শাহরিয়ার: (দীর্ঘশ্বাস ফেলে) তুমি ঠিক বলেছ, হতাশার কিছু নেই। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া ইসলামে নিষিদ্ধ। কোরআন বলে, “আল্লাহর অনুমতি ছাড়া কেউ মরবে না, মৃত্যুর একটি নির্ধারিত সময় লিপিবদ্ধ আছে। (সূরা আলে ইমরান: ১৪৫)” যিনি হায়াত দিয়েছেন, নিয়ে যাবেনও তিনিই। তিনি তাঁর রহমত-প্রশ্নে বান্দার সঙ্গে কোন অন্যায় করেন না। কিন্তু আরেফিন, এখানে একটা সূক্ষ্ম প্রভেদ আছে। মৃত্যু নিয়ে হতাশ হওয়া নিষিদ্ধ, কিন্তু শোক করা নিষিদ্ধ নয়।
আরেফিন: শোক আর হতাশা—দু’টো কি আলাদা?
শাহরিয়ার: অনেক আলাদা। প্রিয়জনের বিয়োগে চোখে পানি আসবে—এটাই মানুষের ফিতরাত। রাসূলুল্লাহ (সা.) নিজ পুত্র ইব্রাহিমের মৃত্যুতে অশ্রুপাত করেছিলেন। সাহাবিরা আশ্চর্য হয়ে বললেন, “হে আল্লাহর রাসূল, আপনিও কাঁদছেন?” তিনি বললেন, “চোখের এই অশ্রু আল্লাহরই দেওয়া দয়া। হৃদয় ব্যথিত হয়, চোখে পানি আসে—কিন্তু আমরা মুখে তাই বলি যা আল্লাহ পছন্দ করেন। আল্লাহ তাকে আজাব দেন না। আজাব হয় সেই হৃদয়ে, যা আল্লাহর ইচ্ছার কাছে নত হতে অস্বীকার করে।” কান্না তাই দুর্বলতা নয়। আল্লাহর ফয়সালার কাছে মাথা নত করাই আসল শক্তি। সবকিছু বলে বোঝানো সম্ভব নয় বলেই, আল্লাহতালার চোখ থেকে অশ্রুনির্গিত হওয়ার সিস্টেম বানিয়েছে।
আরেফিন: (একটু নরম হয়ে) তাহলে হিসাবটা একবার উল্টে দেখি। আল্লাহ আমাদের কাছ থেকে কিছু চান না। বরং আমরা তাঁর কাছ থেকেই চাই। তিনি দিয়েছেন হায়াত, দিয়েছেন রুহ, দিয়েছেন জ্ঞান, দিয়েছেন হাজারও নিয়ামত, যা গুনে শেষ করা যায় না। এর বিনিময়ে আমাদের পক্ষ থেকে যা কিছু সম্ভব, তা কেবল শুকরিয়া, যা শুধুমাত্র আল্লাহতালার কাছে কাছে বলা যায়। তাই হ’ল মানুষের, হতাশা বা দুঃখ।
শাহরিয়ার: (হাসিমুখে) ঠিক এখানেই এসে পৌঁছতে হবে। শুকরিয়ার প্রথম ধাপ হ’ল স্বীকার করা যে, আমরা তাঁর মুখাপেক্ষী। আর শেষ ধাপ হ’ল, জীবনের প্রতিটি ক্ষণকে তাঁর দেওয়া আমানত ভেবে যাপন করা। প্রতিটি কাজে তাঁর সন্তুষ্টি খোঁজা। আর মৃত্যুকে অনিবার্য সত্য জেনে তার জন্য প্রস্তুত থাকা।
আরেফিন: তাহলে দুনিয়াটা আসলে কী ভাই? বাজার, নাকি আমানতের ঘর?
শাহরিয়ার: (জানালার দিকে তাকিয়ে) দুনিয়া লেনদেনের বাজার নয়, আরেফিন। এটা আমানতের ঘর। আর এই ঘর থেকে বিদায়ের সময় ডাক আসবে—হঠাৎ, নির্ধারিত মুহূর্তে। সেই ডাকে সাড়া দেওয়ার প্রস্তুতি আজ থেকেই শুরু হোক।
চায়ের কাপ দু’টোই ঠাণ্ডা হয়ে গেছে। বাইরে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। আরেফিন আর কিছু বললেন না। তিনি বুঝেছিলেন, কিছু প্রশ্নের উত্তর হয় মুখে দেওয়া হয়, আর কিছু উত্তর নিজের ভেতরে বয়ে বেড়াতে হয় সারাজীবন।
লেখক পরিচিতি : শাহরিয়ার আরেফিন
আধব ঘর থেকে বেয়াদবি সমাজ থেকে।

