লেখক : উৎপল অধিকারী
পৃথিবীর জলবায়ু পরিবর্তনের সংকট আজ আর কেবল পরিবেশ বিজ্ঞানীদের আলোচনার বিষয় নয়; এটি এখন মানুষের জীবন, জীবিকা, অর্থনীতি এবং ন্যায় বিচারের গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে দেশগুলি দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ গ্রিনহাউস গ্যাস নির্গমন করেছে, তাদের সঙ্গে জলবায়ু পরিবর্তনের জন্য তুলনামূলকভাবে কম দায়ী করা হচ্ছে। অথচ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলিকে সবচেয়ে বেশি দায়ী করা হচ্ছে। এই প্রেক্ষাপটে কার্বন জাস্টিস বা কার্বন ন্যায়বিচার ধারণাটি বিশেষ গুরুত্ব পেয়েছে। আর ২০২৬ সালে ভারতে ঘোষিত নতুন কার্বন জাস্টিস অ্যাওয়ার্ড সেই ভাবনাকে হিমালয়ের পরিবেশ, প্রকৃতি ও মানুষের কল্যাণের সঙ্গে যুক্ত করে এক নতুন মাত্রা দিয়েছে। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড, মিথেনসহ বিভিন্ন গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধির ফলে পৃথিবীর গড় তাপমাত্রা বাড়ছে। এর প্রভাব পড়ছে হিমবাহ, নদী, কৃষি, বনভূমি, জীববৈচিত্র্য এবং মানুষের স্বাস্থ্যের ওপর। কিন্তু এই সংকটের দায় এবং ক্ষতির বোঝা সমানভাবে বণ্টিত নয়। ধনী ও শিল্পোন্নত দেশগুলি ঐতিহাসিকভাবে বিপুল পরিমাণ কার্বন নিঃসরণ করেছে। অন্যদিকে, পাহাড়ি অঞ্চলের দরিদ্র মানুষ, ক্ষুদ্র কৃষক, আদিবাসী সম্প্রদায় এবং প্রাকৃতিক সম্পদের ওপর নির্ভরশীল জনগোষ্ঠী জলবায়ু পরিবর্তনের অভিঘাতে আজ বিশেষভাবে বিপন্ন। হিমবাহ বরফ গলে যাওয়া, অনিয়মিত বৃষ্টিপাত, ভূমিধস, আকস্মিক বন্যা এবং পানীয় জলের সংকট তাদের জীবনকে আজ অনিশ্চিত করে তুলছে। কার্বন ন্যায়বিচারের মূলকথা হ’ল, পরিবেশ রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের অধিকার, অংশগ্রহণ এবং জীবিকার নিরাপত্তাও নিশ্চিত করতে হবে। প্রকৃতি সংরক্ষণের নামে স্থানীয় মানুষকে তাঁদের জমি, বন বা জীবিকা থেকে বিচ্ছিন্ন করা নয়; বরং তাঁদের জ্ঞান ও অভিজ্ঞতা, অর্থাৎ ইণ্ডিজিনিয়াস নলেজ কাজে লাগিয়ে উন্নয়নের পথ খুঁজে নেওয়াই এর উদ্দেশ্য।
বিখ্যাত ভারতীয় লেখক, প্রকৃতিপ্রেমিক রাসকিন বণ্ড প্রথম এই পুরস্কার পান। তাঁর গল্প, উপন্যাস, কবিতা ও শিশু সাহিত্যে হিমালয়ের পাহাড়, বন, নদী, উপত্যকা এবং সেখানকার মানুষের জীবন বিশেষ গুরুত্ব পেয়েছে। তাঁর সাহিত্য বহু প্রজন্মের পাঠকের মধ্যে প্রকৃতির প্রতি ভালবাসা ও সংবেদনশীলতা গড়ে তুলেছে। এই পুরস্কার শুধু পরিবেশ বিজ্ঞানী বা বন সংরক্ষণকর্মীদের জন্য সীমাবদ্ধ নয়। গবেষণা, শিক্ষা, প্রযুক্তি, জনসচেতনতা, সমাজকল্যাণ, সাহিত্য এবং স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়নের মত ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদানকে স্বীকৃতি দেওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ, প্রকৃতি রক্ষার কাজে বিজ্ঞানীর পাশাপাশি লেখক, শিক্ষক, সমাজকর্মী এবং স্থানীয় মানুষদের উদ্যোগকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। হিমালয়কে বলা হয় এশিয়ার জলভাণ্ডার। হিমবাহ, তুষারক্ষেত্র, বনভূমি এবং নদী এই অঞ্চলের পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গঙ্গা, ব্রহ্মপুত্র ও সিন্ধু নদী ব্যবস্থার সঙ্গে হিমালয়ের বরফ ও জল সম্পদের গভীর সম্পর্ক রয়েছে। এই অঞ্চলের পরিবর্তন তাই শুধু পাহাড়ি জনপদ নয়, সমগ্র দক্ষিণ এশিয়ার কৃষি, পানীয় জল, বিদ্যুৎ উৎপাদন এবং জীববৈচিত্র্যকে প্রভাবিত করতে পারে। জলবায়ু পরিবর্তনের ফলে হিমবাহের বরফের পরিমাণ কমে যায়, তুষারপাতের ধরনে পরিবর্তন, অতিবৃষ্টি, ভূমিধস ও ফর্সা বানের ঝুঁকি হিমালয়ের বিভিন্ন অঞ্চলে দারুণ উদ্বেগের বিষয়। ২০২৩ সালের সিকিমের দক্ষিণ লোনাক হ্রদের বিপর্যয় এবং তিস্তা অববাহিকায় ব্যাপক ক্ষয়ক্ষতি দেখিয়েছে যে পাহাড়ি পরিবেশের ঝুঁকি কতটা গুরুতর হতে পারে।
তবে এই ধরনের বিপর্যয়ের প্রতিটি ক্ষেত্রেই জলবায়ু পরিবর্তনই একমাত্র কারণ নয়; অতিবৃষ্টি, ভূপ্রকৃতি ও ভূমি ব্যবহারের পরিবর্তন এবং পরিকাঠামোগত দুর্বলতা খুব গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতিতে কার্বন জাস্টিস অ্যাওয়ার্ডের গুরুত্ব হ’ল যে হিমালয়ের উন্নয়নকে কেবল পর্যটন, সড়ক নির্মাণ, বিদ্যুৎ প্রকল্প বা অর্থনৈতিক বৃদ্ধির পরিমাপে বিচার না করে পরিবেশের সহনশীলতা এবং স্থানীয় মানুষের নিরাপত্তার নিরিখেও মূল্যায়ন করা দরকার। পাহাড়ি অঞ্চলে উন্নয়ন অবশ্যই প্রয়োজন। মানুষের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কর্মসংস্থান এবং বিদ্যুতের সুযোগও বাড়াতে হবে। কিন্তু উন্নয়ন মানেই যদি বন ধ্বংস হয়, নদীর স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করে অথবা বিপজ্জনক ঢালে অপরিকল্পিত নির্মাণ বাড়িয়ে হয়, তবে তার মূল্য দিতে হয় প্রকৃতি ও স্থানীয় মানুষকে। কার্বন ন্যায়বিচারের দৃষ্টিভঙ্গি থেকে কয়েকটি বিষয় বিশেষ গুরুত্বপূর্ণ। বন, নদী, জমি ও পরিকাঠামো সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে স্থানীয় জনগোষ্ঠীর মতামতকে গুরুত্ব দিতে হবে। স্থানীয় প্রজাতির গাছ লাগিয়ে ক্ষয়প্রবণ ঢালকে পুনরুদ্ধার, জলাভূমি সংরক্ষণ এবং বনভূমির স্বাভাবিক পুনর্জন্মকে উৎসাহিত করা খুবই জরুরি। ভূমিধস, আকস্মিক বন্যা ও হিমবাহ সম্পর্কিত ঝুঁকি মোকাবিলায় বৈজ্ঞানিক পর্যবেক্ষণ, সতর্কীকরণ ব্যবস্থা এবং নিরাপদ পুনর্বাসনের ব্যবস্থা গড়ে তুলতে হবে। পরিবেশবান্ধব পর্যটন, স্থানীয় হস্তশিল্প, কৃষি এবং বনভিত্তিক টেকসই জীবিকাকে উৎসাহিত করতে হবে। যারা জলবায়ু পরিবর্তনের ক্ষতির মুখে বেশি পড়ছেন, তাঁদের অভিযোজন ও পুনরুদ্ধারের জন্য পর্যাপ্ত অর্থ, প্রযুক্তি এবং প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে।
রাসকিন বণ্ডকে প্রথম কার্বন জাস্টিস অ্যাওয়ার্ডের জন্য বেছে নেওয়ার মধ্যে একটি বিশেষ বার্তা রয়েছে। পরিবেশ সংরক্ষণ কেবল বৈজ্ঞানিক তথ্য, সরকারি আইন কিংবা প্রযুক্তিগত ব্যবস্থার ওপর নির্ভর করে না; মানুষের অনুভূতি ও মূল্যবোধের পরিবর্তনও সমান জরুরি। একজন লেখক পাহাড়ি বনের সৌন্দর্য, পাখির ডাক, নদীর শব্দ কিংবা প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ককে গল্পের মাধ্যমে পাঠকের কাছে জীবন্ত করে তুলতে পারেন। যে বনকে মানুষ কেবল কাঠের উৎস হিসেবে দেখে, সাহিত্য তাকে জীবনের আশ্রয় হিসেবে চিনতে শেখায়। যে নদীকে কেবল জলসম্পদ হিসেবে বিবেচনা করা হয়, সাহিত্য তাকে সংস্কৃতি, স্মৃতি ও জীবনের ধারক হিসেবে তুলে ধরতে পারে। রাসকিন বণ্ডের দীর্ঘ সাহিত্যজীবনে প্রকৃতি ও হিমালয়ের উপস্থিতি এই সম্পর্ককে বিশেষভাবে তুলে ধরেছে। তাঁর সম্মাননা তাই পরিবেশ সচেতনতার শক্তিকেও স্বীকৃতি দেয়। এই পুরস্কারের মাধ্যমে গবেষণা ও সাহিত্য, বিজ্ঞান ও মানবিকতা, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক দায়বদ্ধতার মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করার সম্ভাবনা রয়েছে।
ভারতের বিভিন্ন পরিবেশগতভাবে সংবেদনশীল অঞ্চলে কার্বন ন্যায়বিচারের ভাবনা প্রয়োগ করা যেতে পারে। হিমালয়ের মতই সুন্দরবন, পশ্চিমঘাট, উত্তর-পূর্ব ভারতের বনাঞ্চল এবং উপকূলীয় অঞ্চল জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্য হ্রাসের চাপে রয়েছে। পশ্চিমবঙ্গের সুন্দরবনে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততার পরিবর্তন, ঘূর্ণিঝড় এবং নদীভাঙন মানুষের জীবন ও জীবিকাকে প্রভাবিত করে। সেখানে ম্যানগ্রোভ পুনরুদ্ধার, দুর্যোগ সহনশীল বসতি, বিকল্প জীবিকা এবং স্থানীয় মানুষের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। একইভাবে, পশ্চিমবঙ্গের কয়লাখনি অধ্যুষিত অঞ্চলে পরিচ্ছন্ন শক্তির প্রসার ও দূষণ নিয়ন্ত্রণের পাশাপাশি শ্রমিকদের প্রশিক্ষণ এবং বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা প্রয়োজন; অর্থাৎ, কার্বন নিঃসরণ কমানোর নীতি যেন দরিদ্র মানুষ ও শ্রমজীবী সম্প্রদায়ের ওপর নতুন অর্থনৈতিক বোঝা চাপিয়ে না দেয়। দূষণ কমানোর পাশাপাশি ন্যায্য রূপান্তর নিশ্চিত করাই কার্বন ন্যায়বিচারের অন্যতম শিক্ষা।
তবে মনে রাখতে হবে, কার্বন জাস্টিস অ্যাওয়ার্ডের ঘোষিত লক্ষ্য হিমালয় অঞ্চলকে কেন্দ্র করেই। সুন্দরবন বা কয়লাঞ্চলের উদাহরণগুলি এই পুরস্কারের সরাসরি কর্মসূচী নয়; বরং এর মূল দর্শনকে ভারতের অন্যান্য অঞ্চলে প্রয়োগ করা দরকার। এই অ্যাওয়ার্ডের গুরুত্ব শুধু একটি নতুন সম্মাননা চালু হওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। এর মূল তাৎপর্য হ’ল, পরিবেশরক্ষার কাজকে মানুষের অধিকার, সামাজিক ন্যায়বিচার এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার সঙ্গে যুক্ত করা। রাসকিন বণ্ডের মত সাহিত্যিককে প্রথম প্রাপক হিসেবে নির্বাচন এই বার্তাকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে যে প্রকৃতিকে ভালবাসতে শেখানোও প্রকৃতি সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে কোন পুরস্কারের প্রকৃত সাফল্য শুধু সম্মাননা প্রদানের মধ্যে নয়; বরং তার মাধ্যমে কতটা সচেতনতা তৈরি হ’ল, কতগুলি কার্যকর উদ্যোগ এগিয়ে এল এবং স্থানীয় মানুষের জীবন ও পরিবেশের কতটা উন্নতি হ’ল, তার উপর নির্ভর করে। হিমালয়ের পাহাড়, হিমবাহ, বন, নদী ও মানুষ পরস্পরের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। তাদের রক্ষা করার অর্থ শুধু একটি ভূপ্রকৃতিকে বাঁচানো নয়, কোটি কোটি মানুষের জল, খাদ্য, জীবিকা ও সাংস্কৃতিক ঐতিহ্যের ভবিষ্যৎকে সুরক্ষিত করা। কার্বন কমানোর লড়াই তখনই সত্যিকারের সফল হবে, যখন সেই লড়াইয়ে প্রকৃতির পাশাপাশি মানুষের ন্যায্য অধিকারও সুরক্ষিত থাকবে।
লেখক পরিচিতি : উৎপল অধিকারী
সহঃশিক্ষক, আঝাপুর হাইস্কুল, আঝাপুর, জামালপুর, পূর্ব বর্ধমান, পিন নাম্বার-৭১৩৪০১, মোবাইল নাম্বার-৯১৫৩১২৩৩৪৩

