লেখক : আল-আমিন আলো
যে মায়া দিয়ে বাঁধিলে আমায়, সে মায়া খুলে নিলে,
হৃদয়খানি ফুলের মত পদতলে দলিলে।
যে ফুল দিয়ে সাজালে বাগান, নিলে না তার ঘ্রাণ,
কেন তবে তার পাপড়িতে লিখলে অভিমানের গান?
যে চাঁদ দেখে জোছনা মাখি, সে চাঁদ আমার নয়,
যে নদী বুকে ঢেউ তোলে, সে নদী সাগরময়।
যে পাখিকে শেখালে তুমি আকাশ ছুঁয়ে যেতে,
খাঁচার দুয়ার খুলে দিয়ে বললে—যাও উড়ে যেতে!
মোর হৃদয়ের সিংহাসনে বসালে যারে রাণী,
সেই তো শেষে ফিরিয়ে দিল প্রেমের সকল বাণী।
যে প্রদীপের আলো নিয়ে আঁধার করিলাম জয়,
সেই প্রদীপই নিভে গিয়ে আঁধার করিল সঞ্চয়।
কেন এমন বিধির বিধান, প্রেমের এমন খেলা?
একটি মনে বসন্ত দিয়ে অন্য মনে বেলা!
যে বীণাতে সুর তুলেছি তোমার মনের তরে,
সেই বীণার তার ছিঁড়ে যায় বিরহের সুরে।
তবু আমি ফুলের কাছে চাইব না আর সুবাস,
চাঁদের কাছে চাইব না আর রজনী জোছনার আভাস।
যদি কখনও সন্ধ্যাতারা জ্বলে তোমার গগনে,
আমার কথা মনে পড়িবে কি ক্ষণিক নির্জনে?
যদি কখনও শিউলি ঝরে শিশিরভেজা ঘাসে,
মনে রেখ, কিছু ভালবাসা বিচ্ছেদেও বাঁচে।
লেখক পরিচিতি : আল-আমিন আলো
আল-আমিন (আলো) আল-আমিন (আলো) ২০০৬ সালের ১৬ই জুন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ঐতিহ্যবাহী ধনুসাড়া গ্রামের এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম ইয়াকুব আলী এবং মায়ের নাম নাজমা বেগম। বর্তমানে তিনি উচ্চমাধ্যমিক (ইন্টারমিডিয়েট) স্তরে অধ্যয়নরত আছেন। পড়াশোনার পাশাপাশি শব্দ ও অনুভূতির গভীরে ডুবে থাকাই তাঁর মূল পছন্দ। জীবনের টানাপোড়েন, আত্মসন্ধান, বিষাদ এবং ঘুরে দাঁড়ানোর গল্পগুলোকে তিনি কবিতায় ও গদ্যে রূপ দেন। স্পন্দিত কিংবা নিঃশব্দ অনুভূতিগুলোর নাম খুঁজে পাওয়া এবং লেখার মাধ্যমে নিজেকে প্রতিনিয়ত নতুন করে চেনাই তাঁর সাহিত্যচর্চার মূল প্রেরণা।

