হানাদার

লেখক : বকুল বিশ্বাস

সেই কবে সভ্যতার সুপ্রাচীন ভোরে,
খাইবার পাখতুন গিরিপথ কালিকট দিয়ে,
বার বার এসেছ হানাদার দলে দলে,
ঘোড়ার খুরের শব্দে বা সমুদ্রে পাল তুলে।
লুণ্ঠন, শোষণ ও ধ্বংসস্তুপের বুকে,
নতুন রূপে দিয়েছ ধরা পরিবর্তনের মাঝে।
পুরনো যা কিছু চলমান ছিল সব তছনছ করে,
দিশেহারা করেছ ধ্বংস ও লুণ্ঠনের তীব্র কামড়ে।
খাটো ধুতি-খদ্দরের চাদর ঢেকেছে কোট-বুটে,
ইংরেজি-বিজ্ঞান নিয়েছে স্থান বিদ্যালয়ের পাঠে।
কূপমণ্ডুক পেয়েছে দিশা সীমাহীন দিগন্তের,
উর্দু, আরবি, ফরাসি, হিব্রু, ল্যাটিনের।
কুসংস্কারের অন্ধকার কু-প্রথার শিকল ছিঁড়ে,
সভ্যতার পথে এগিয়েছ তুমি গুটিগুটি পায়ে।
হানাদার তুমি লুটেছ অনেক ঝরিয়েছ অনেক রক্ত,
ভেঙেচুরে শাসনে শোষণে অত্যাচারে করেছ রিক্ত।
সব হারানোর মাঝে লুটতে পারোনি, করতে পারোনি সর্বহারা,
মনের গভীরে সংস্কৃতির বয়ে চলা ফল্গুধারা।
সবার মিলনে পূর্ণতা পেয়েছে আমার জন্মভূমি,
আপন করে নিয়েছে সবারে, জয় করে হৃদয়খানি।
হানাদার তোমার হানায় বারবার পরাধীন হয়েছি আমি,
তবু হায় এ ভারতে মহামিলনের পরশে পরাজিত তুমি।


লেখক পরিচিতি : বকুল বিশ্বাস
বকুল বিশ্বাস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up