লেখক : অভিজিৎ হালদার
তুমি আমাকে যেদিন শেষবার উপেক্ষা করলে,
সেদিন শহরের সব ঘড়ি হঠাৎ থেমে গিয়েছিল।
আমি স্পষ্ট শুনেছিলাম—
একটা মৃত ভালবাসার শব্দ কেমন হয়।
তারপর থেকে প্রতি রাতে
আমার ঘরের দেওয়ালগুলো তোমার নাম উচ্চারণ করে,
আর জানালার কাঁচে জমে ওঠে
অসংখ্য না বলা অভিমান।
আমি আয়নার সামনে দাঁড়ালে
নিজেকে নয়, তোমার ফেলে যাওয়া শূন্যতাকে দেখি।
মনে হয় কেউ একজন
ধীরে ধীরে আমার ভিতর থেকে আলো চুরি করছে।
তুমি জানো?
উপেক্ষা খুব ভয়ঙ্কর জিনিস—
এটা মানুষকে একদিনে মারে না,
প্রতিদিন একটু একটু করে নিঃশেষ করে।
আমি এখন আর কাঁদি না,
শুধু মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায়,
মনে হয় তুমি পাশের ঘরে আছ—
অথচ পুরো বাড়িটা মৃত নদীর মত নিঃশব্দ।
ভালবাসারও নাকি কবর হয়,
সেখানে ফুল নয়, জমা থাকে দীর্ঘশ্বাস।
আর আমি প্রতিরাতে
তোমার উপেক্ষার কবরস্থানে
নিজের হৃদয়টা রেখে আসি।
লেখক পরিচিতি : অভিজিৎ হালদার
লেখক পরিচিতি:- লেখক অভিজিৎ হালদার এর জন্ম নদীয়া জেলার অন্তর্গত মোবারকপুর গ্রামে ২০০১ সালের ১লা সেপ্টেম্বর। পিতা কার্ত্তিক হালদার ও মাতা আরতি হালদার। প্রাথমিক শিক্ষা মোবারকপুর প্রাইমারী বিদ্যালয় , মাধ্যমিক শিক্ষা ভাজনঘাট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় , সুধীরঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয় থেকে স্নাতক এবং বর্তমানে আই টি আই এর ছাত্র। লেখালেখির সূএপাত: স্কুল জীবন থেকে। লেখালেখি:- বিভিন্ন – পএ পত্রিকা, ম্যাগাজিন , ওয়েবজিন, ফেসবুক পেজ/ ফেসবুক গ্রুপ , ব্লগসাইট , ওয়েবসাইট , অনলাইন প্লাটফর্ম , এছাড়া বিভিন্ন ফোরামে। প্রথম বই: "প্রথম আলো " পেশা ও পরিচয়: তরুণ কবি, গল্পকার, উপন্যাসিক, গীতিকার, লেখক ও অন্যান্য। সাহিত্যিক ধারা: আধুনিক ও উত্তর-আধুনিক কবিতা, প্রেম ও বিরহ, অস্তিত্ববাদী ভাবনা, গ্রামীণ ও শহুরে জীবনচিত্র , বাস্তববাদী, দার্শনিক চিন্তাধারা, কল্পনাবিলাসী , রূপকথা , বাস্তব পেক্ষাপট ও সমসাময়িক। বিশেষ উক্তি: "এই শহরকে ভালো না বেসে যদি আমি চাঁদের মাটিকে ভালো বাসতাম তবে আমি নীল ডায়েরি না হয়ে নীল আর্মস্ট্রং হতাম।"

