লেখক : জয়শ্রী পাল
ঈশ্বর জন্মায়,
ঈশ্বর মরে যায়,
ঈশ্বরই খুন করে নিজেকে।
ঈশ্বর ভালবাসে,
ঈশ্বর আক্রোশে-
তছনছ করে দেয় সবই সে।
অশ্লীল ঈশ্বর,
নেচেকুঁদে আহ্লাদে,
ভেঙে দেয় যত ছিল আয়োজন।
আগুনেতে তেল ঢালে,
জলও ঢালে বিবেচক,
হাসি আর কান্নার ব্যঞ্জন।
নিজস্ব ভাবনায়,
ঈশ্বর সচেতন।
ঈশ্বর ছুঁয়ে যায়,
সব দিক দর্শন।
তাতেও যে ভুল থাকে,
রয়ে যায় অন্যায়,
দাম্ভিক ঈশ্বর,
শেষ কথা লিখে যায়।
ঈশ্বর ক্ষমা জানে।
মমতার হাত তার-
মাথার ওপরে রাখে,
সান্ত্বনা বেদনার।
ঈশ্বর একা, তবু-
সমাবেশে জড়ো হয়।
বিজয়ের স্বাদ পেলে,
দাঁতে নখে আঁচড়ায়।
বহুরূপী ঈশ্বর,
কত কী যে করে যায়,
জীবনের আহ্বানে,
আঁধারের গান গায়।
আশা তবু থাকে মনে,
ঈশ্বর জাগবে,
রাত শেষ হলে পরে,
আলো গায়ে মাখবে।
লেখক পরিচিতি : জয়শ্রী পাল
গল্প ও কবিতায় আছি

