একাকী বিকেল

লেখক : বিপ্লব চন্দ্র দত্ত

নিস্তব্ধ বিকেল যখন নামে ধীরে ধীরে,
রোদের রঙ ফিকে হয় আকাশের নীড়ে।
গাছের পাতায় হেলে পড়ে বিকেলের আলো,
নিরালায় মনটা আমার থাকে তখন ভাল।
দূরের মেঠো পথটা যেন ডাকে চুপিসারে,
হারানো দিনের গল্প ভাসে বাতাসের ভারে!
চায়ের কাপে ধোঁয়া ওঠে নীরব করুণ সুরে,
সময় কেবল থেমে থাকে অচেনা এক ঘোরে।
পাখির দল ফিরে যায় আপন নীড়ের খোঁজে,
আমার মন ঘুরে বেড়ায় স্মৃতির পাতায় বুজে।
রাস্তার ধূলো উড়ে মানুষ ব্যস্ত নিজ ছায়ায়,
আমি থাকি বসে একটু শূন্যতার মায়ায়!
নরম রোদের শেষছোঁয়া জানালার কাচে থাকে,
ঘড়ির কাঁটা হারায় ধীরে নীরবতার বাঁকে!
সাঁঝের রঙে রাঙিয়ে ওঠে নীলিমার কোল,
একাকীত্বের মধুর ক্ষণে হৃদয় খায় দোল।
অপ্রকাশিত যত ব্যথা বুকে জমে রয়,
বিকেলের আধো আলোয় তারা কথা কয়।
কিছু কথা হয়নি বলা রয়ে গেছে মনে,
বিকেল তাই বিষণ্ণ হয় অকারণ ক্ষণে।
হঠাৎ হাওয়া ছুটে এসে ছুঁয়ে যায় প্রাণ,
অজানা এক সুখে হৃদয় গেয়ে ওঠে গান।
একাকী এই বিকেল আমার নিঃশব্দ সাথী,
নীরবতায় মাখা ক্ষণে মধুর বন্ধন পাতি!


লেখক পরিচিতি : বিপ্লব চন্দ্র দত্ত
বাংলাদেশ ব্যাংক সিলেট এ অতিরিক্ত পরিচালক পদে কর্মরত আছেন। প্রহেলিকা, আয়না, মুখোশ, স্বপ্নডানা ও ছড়া পড়ুক ছড়িয়ে নামে 5টি কাব্যগ্রন্থ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। জন্মস্থান-নেত্রকোনা, 20শে কার্ত্তিক,1374

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up