লেখক : মায়াবতী
আকাশ পানে চেয়ে দেখি, চাঁদ হাসে আজ একা,
তোমার কথা মনে পড়ে, পায় না মন যে দেখা।
জোছনা যদি আসত নামি, তুমি থাকতে পাশে,
রঙিন হত এই নিশি মোর, তোমার মৃদু হাসে।
নিঝুম রাতে চারিপাশে নিস্তব্ধতার ঘোর,
মনের ভিতর অবিরত নাম যে শুধু তোর।
চাঁদ যেন আজ পথ দেখায়, তারার ইশারাতে—
নিয়ে যেতে চায় আমায়, তোমার ও আঙিনাতে।
যদি তোমায় পাই আমি, চিরসাথী হয়ে রব,
মনের গহন কোণে তোমার, প্রেমে ধরা দেব।
ভালবাসার পথটি ধরে অবিচল হেঁটে যাই,
ঘুরে ফিরে বারে বারে, তোমাকেই খুঁজে পাই।
জিজ্ঞাসা জাগে মনে মনে— তোমার হৃদয়েও কি আমি?
ফিরে কি আসে স্মৃতি আমার, যা ছিল খুব দামী?
যদি আবার জনম নিই, এই পৃথিবীর ঘাসে—
এ মন আমার চিরকাল তোমাকেই ভালবাসে।
লেখক পরিচিতি : মায়াবতী
মায়াবতী,একজন নবীন কবি, যিনি নিয়মিত লেখালেখি করেন। তাঁর কবিতায় মানুষের জীবনের নানা অনুভূতি, সংগ্রাম আর আশার কথা ফুটে উঠে। তার এই কবিতাটিতে প্রিয় মানুষটির প্রতি তার অগাধ ইচ্ছার কথা জানানো হয়েছে।

