লেখক : কাশফিয়া নাহিয়ান
জীবন থেকে আমার বেশী কিছু চাওয়ার ছিল না
কিন্তু নিয়তি তা পূরণ হতে দিল না।
প্রশান্তির অন্বেষণ করা কি অভিশাপ
শান্তির কি হয় কোন পরিমাপ?
জীবনের তালে তালে নেচেছি
ইচ্ছা দমন করে ধুঁকে ধুঁকে মরেছি
তবুও পাইনি সেই কাঙ্ক্ষিত প্রশান্তি
দিনশেষে কপালে জুটেছে অপরিসীম ক্লান্তি
ঘিরে রেখেছে এক অদৃশ্য হুতাশন
যা প্রতিমুহূর্ত আমায় করে দংশন
যা কেউ পারে না নেভাতে
অগ্নিস্ফুলিঙ্গ তীব্র থেকে তীব্রতর হয় বারংবার আঘাতে
পারিনি ভাগ্যের চাকা ঘোরাতে
বিচিত্র হুতাশন প্রতিনিয়ত আসে পোড়াতে
যা আমাকে দেয় জ্বালিয়ে পুড়িয়ে
যা আমার থেকে আমারই সত্ত্বাকে রাখে সরিয়ে
জেঁকে ধরে বিষণ্ণতা
মরতে দেয় না এক অদ্ভুত শূন্যতা
রাজত্ব করে অসাড়তা
বাড়তে থাকে জীবনের জটিলতা
গ্রহণযোগ্যতা হারায় আত্মঅস্বীকৃতি
আকাঙ্ক্ষাগুলোর হয়ে যায় বিকৃতি
বেঁচে নেই আছে শুধু দেহের প্রতিচ্ছবি
আর আছে আকুল আর্তনাদের করুণ প্রতিধ্বনি
জেনে বুঝেই দিই সেই হুতাশনে আত্মাহুতি
নিই মরে গিয়েও বেঁচে থাকার প্রতিশ্রুতি।
লেখক পরিচিতি : কাশফিয়া নাহিয়ান
আমি কাশফিয়া নাহিয়ান। ইংরেজি সাহিত্যে অনার্স মাস্টার্স। ওয়ার্ল্ড লিটারেচার এন্ড অর্গানাইজেশনের অনারারি মেম্বার হিসেবে স্বীকৃত।"সেরা কবিতা ২০২৫" এ ভুষিত। নিজেকে শাণিত করে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করতে চাই।

