লেখক : অভিজিৎ হালদার
একটি বিন্দু— ঠিক কপালজুড়ে,
যেন এক টুকরো বিকেলের আকাশ বিষাদ ভুলে
নীল হয়ে স্থির হয়ে আছে।
তুমি যখন টিপটি পরো,
আমার সমস্ত জানা রাস্তাগুলো দিগভ্রান্ত হয়,
আমি তোমার ওই নীল বিন্দুর গভীরে—
মহাজাগতিক কোন এক নক্ষত্রের আলো খুঁজি।
আকাশ কেন এত নীল হয়? জানতাম না।
আজ জানলাম— তোমার কপালে লেগে থাকা
ওইটুকু নীল টিপ আসলে এক মহাকাব্য,
যা নিঃশব্দে গলে মিশে যাচ্ছে আমার অস্তিত্বে।
তুমি নীল টিপ পড়ে থেক,
আমি সেই নীলে ডুব দিয়ে খুঁজে নেব
আমাদের হারিয়ে যাওয়া বসন্তের কোন দুপুর।।
লেখক পরিচিতি : অভিজিৎ হালদার
লেখক পরিচিতি:- লেখক অভিজিৎ হালদার এর জন্ম নদীয়া জেলার অন্তর্গত মোবারকপুর গ্রামে ২০০১ সালের ১লা সেপ্টেম্বর। পিতা কার্ত্তিক হালদার ও মাতা আরতি হালদার। প্রাথমিক শিক্ষা মোবারকপুর প্রাইমারী বিদ্যালয় , মাধ্যমিক শিক্ষা ভাজনঘাট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় , সুধীরঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয় থেকে স্নাতক এবং বর্তমানে আই টি আই এর ছাত্র। লেখালেখির সূএপাত: স্কুল জীবন থেকে। লেখালেখি:- বিভিন্ন – পএ পত্রিকা, ম্যাগাজিন , ওয়েবজিন, ফেসবুক পেজ/ ফেসবুক গ্রুপ , ব্লগসাইট , ওয়েবসাইট , অনলাইন প্লাটফর্ম , এছাড়া বিভিন্ন ফোরামে। প্রথম বই: "প্রথম আলো " পেশা ও পরিচয়: তরুণ কবি, গল্পকার, উপন্যাসিক, গীতিকার, লেখক ও অন্যান্য। সাহিত্যিক ধারা: আধুনিক ও উত্তর-আধুনিক কবিতা, প্রেম ও বিরহ, অস্তিত্ববাদী ভাবনা, গ্রামীণ ও শহুরে জীবনচিত্র , বাস্তববাদী, দার্শনিক চিন্তাধারা, কল্পনাবিলাসী , রূপকথা , বাস্তব পেক্ষাপট ও সমসাময়িক। বিশেষ উক্তি: "এই শহরকে ভালো না বেসে যদি আমি চাঁদের মাটিকে ভালো বাসতাম তবে আমি নীল ডায়েরি না হয়ে নীল আর্মস্ট্রং হতাম।"

