নিমন্ত্রণ

লেখক : শম্পা সাহা

নিমন্ত্রণ – প্রথম পর্ব

(অন্তিম পর্ব)

সকালে ঘুম থেকে উঠে জয়িতাকে দেখতে না পেয়ে অনীশের মনে হয়ছিল, হয়ত সকালেই জয়িতা বাপের বাড়ি চলে গেছে। বিছানা থেকে নেমে ড্রইং রুম, গেস্ট রুম ঘুরে অন্তুর ঘরের দরজায় গিয়ে দাঁড়াতেই দেখতে পেল জয়িতাকে। এখনও ঘুমিয়ে কিনা বুঝতে পারল না সে। এই সময় প্রতিদিনই হাঁটতে যায় অনীশ। আজও গেল। ফিরে এসে খবরের কাগজ দেখে নিয়ে স্নান সারল। ভেবেছিল, খাবার টেবিলে দেখা পাবে জয়িতার। কিন্তু খাবার টেবিল কেন, এমনকি অফিসে যাবার সময়ও জয়িতার দেখা নেই । দুপুরে লাঞ্চ আওয়ারের পরেও আবার মিটিংয়ে বসার কথা। কিন্তু অনীশ বাড়ির পথে রওনা দিল। লাঞ্চ শেষ করে জয়িতাকে সে দু’বার ফোন করেছিল, কিন্তু নট রিচেবল বলেছে। শেষে ল্যাণ্ড লাইনে করেছিল। মিনতির কাছ থেকে জানতে পেরেছে, দুপুরে খাবার টেবিলে এসেছিল জয়িতা, কিন্তু অল্প কিছু খাবার পরই ওয়াশ বেসিনে গিয়ে বমি করে দিয়েছে। যানজট পেরিয়ে ফ্ল্যাটে যখন এসে পৌঁছল অনীশ, তখন বিকেল শেষ হতে চলেছে। ডোরবেলটা বাজার সাথে সাথে বুকের ভিতটা যেন হিম হয়ে গেল জয়িতার। একটা শিহরণ বয়ে গেল তার শরীরে। ঘরে ঢুকে কোন প্রকার ভনিতা ছাড়াই অনীশ বলল,
“তুমি যদি মনে কর, এসব করে তুমি আমার সিদ্ধান্ত বদলের চেষ্টা করবে, তাহলে ভুল ভাবছ।”
অসহায় জয়িতা তাকিয়ে রইল অনীশের দিকে। সারাটা রাত নির্ঘুম কেটেছে তার। গত রাত থেকে আজ এতটা সময় পর্যন্ত তার শুধু মনে হয়েছে – অনুশোচনায় দগ্ধ হয়ে অনীশ তার সিদ্ধান্ত বদলাবে। কিন্তু না ! এতক্ষণ ধরে মনের গভীরে অরণীর জন্য বাঁচিয়ে রাখা আশা যে নিঃশেষ হয়ে গেল! মনে হ’ল, যে বাবার সন্তানের প্রতি এত ঘৃণা, এত বিদ্বেষ, যে বাবা তার সন্তানকে চায়ই না, সে সন্তান জন্ম নিলেও অনীশ কোনওদিন তাকে ভালবাসতে পারবে না। নতুন করে চিনতে পারা এই অনীশের কাছে অরণীর প্রাণভিক্ষা চাওয়া এখন বৃথা চেষ্টা। জয়িতাকে  স্তব্ধ হয়ে থাকতে দেখে অসহিষ্ণু অনীশ প্রশ্ন করল, “চুপ করে বসে আছ যে?”
শীতল কণ্ঠে উত্তর দিল জয়িতা, “কোথায় যেতে হবে? চল, আমি যাচ্ছি।”

এই প্রথম ড্রাইভিং সিটে অনীশ থাকা সত্ত্বেও পিছনে এসে বসেছে জয়িতা। গাড়ি চলছে। ভাবলেশহীনভাবে সে তাকিয়ে আছে বাইরের দিকে। অন্ধকার গাঢ় হওয়ার আগেই স্ট্রীট ল্যাম্প জ্বলে উঠেছে। দু’-একটা কথা বলে গাড়ির ভিতরের দমবন্ধ করা পরিবেশকে হালকা করতে চাইল অনীশ। কিন্তু জয়িতা নিশ্চুপ। হাতদু’টো দিয়ে পেটটা আগলে আছে সে। এতদিন ধরে তার শরীরের মধ্যে তিল তিল করে যে অরণীকে বড় করে তুলেছিল, তাকে যেন ছুঁতে চাইছে। নয় সপ্তাহে কত বড় হয়েছে ? আঠার দিনে হৃদপিন্ডের স্পন্দন শুরু হয়েছে। মাথাটা একটু বড় গোল। তারপর, পিছনের দিকটা অনেকটা মাছের মত, যেখানে চোখ, মেরুদণ্ড, পাকস্থলী, যকৃৎ, ক্ষুদ্রান্ত্র, বৃহদন্ত্র, ফুসফুসের অস্তিত্ব বিদ্যমান। হাত-পা তৈরি হচ্ছে এখন। কত কষ্ট দিয়ে তাকে শেষ করে, তারপর তার শরীর থেকে বিছিন্ন করা হবে তাকে। অবশেষে সেই রক্ত মিশে যাবে ম্যানহোলের মল-মূত্র মেশানো নোংরা জলে। এই অপরিণত মানব ভ্রূণই তো একদিন পরিণত হয়ে জন্ম নেয়, মানুষ হয়। মানুষ হত্যার বিচার হয়। কিন্তু এই ভ্রূণহত্যার কেন কোন বিচার হয় না কোনদিন? মায়ের ইচ্ছাতে মায়ের শরীরে এলেও, মা তাকে রক্ষা করতে পারল না। অরণী কি বুঝতে পারছে, কত অসহায় তার মা? অনীশকে ক্ষমা করলেও, তাকে ক্ষমা করতে পারবে কি অরণী?

বাড়ি ফিরে খুব স্বাভাবিক ব্যবহার করল জয়িতা। রাতের খাবারে মাটন আর পরোটা করেছিল মিনতি। ফ্রিজে নিরামিশ তরকারী রান্না করা ছিল। জয়িতা নিজের জন্য মুগ ডাল আর বেগুন ভাজতে বলল। সকালে সে কিছু খায়নি। দুপুরে খেতে বসে বমি হয়েছে। খুব খিদে পেয়েছিল। রাতে সে ভাত খায় না। আজ খেল। তারপর ঘর অন্ধকার করে শুয়ে পড়ল। অনীশ ভেবেছিল, বাড়ি ফিরে দরজা বন্ধ করে জয়িতা তার সাথে ঝগড়া করবে, অশান্তি করবে, কান্নাকাটি করবে। কিন্তু এসব কিছুই না ঘটায় স্বস্তিবোধ করছে সে। পরদিনও সারাদিন বিশ্রাম নিল জয়িতা। সন্ধ্যায় অন্তু ফিরল। ধীরে ধীরে সবকিছুই স্বাভাবিক। অনীশ কিন্তু লক্ষ্য করল, নিজের থেকে আর একটি কথাও জয়িতা বলে না তার সাথে। সে কোন কথা বললে, সংক্ষেপে তার উত্তর জানিয়ে দেয়। হাসপাতালে ও.টি. থেকে বের হয়ে আসার পর হুইল চেয়ার থেকে ওঠার সময় এগিয়ে গিয়েছিল অনীশ। কিন্তু জয়িতা! শুধু একবার তাকিয়েছিল অনীশের দিকে। আর, সে দৃষ্টিতে এমনই ঘৃণা আর বিদ্বেষ ছিল যে, অনীশও থমকে দাঁড়িয়ে গিয়েছিল। সেই থেকে এক শীতলতা বয়ে চলেছে দুজনের মধ্যে। সবকিছুতেই যেন নিরাসক্তি জয়িতার। মিনতি এসে জানতে চায়, “কী রান্না হবে?”
সে উত্তরে জানায়, “সবার পছন্দই তো জানা। সেই মতই কর।”
সোশ্যাল মিডিয়া ব্রাউজ করে না। কেউ ফোন করলে বলে, “শরীর খারাপ” কিংবা “এখন ব্যস্ত আছি, পরে ফোন করব।” কথাটা বলে ফোন রেখে দেয় জয়িতা। অরণী চলে গেছে, কিন্তু তার চেতনার মধ্যে জন্ম দিয়ে গেছে নতুন এক ‘আমি’র। এই “আমি” ঘুণপোকার মত প্রতিনিয়ত কুরে কুরে খায় তাকে। ড্রেসিং টেবিলের আয়নার সামনে এসে বসে জয়িতা। কিন্তু কোন সাজসজ্জা করে না। আয়নার মধ্যে নিজেকে দেখে। মুখোমুখি সে আর আমি। আমি প্রশ্ন করে, “তুই কে জানিস জয়িতা? স্বামীর বিত্ত-বৈভবের কারণে, স্বামীর গরবে গরবিণী মূর্খ এক নারী। অনীশের কাছে তুই শুধু এক রক্ত মাংসের পুতুল, যাকে সে তার ইচ্ছামত গয়না, শাড়ী, কাজল দিয়ে সাজিয়েছে। তারপর সবার সামনে নিয়ে গিয়ে দেখিয়েছে, তার বউ কত সুন্দরী। আর তুই? তুই বিক্রি হয়ে গিয়েছিস, অনীশের কাছ থেকে পাওয়া শাড়ী গহনায়।”

উত্তরের হাওয়ার সাথে শীত বিদায় নিল। বসন্ত এল। পাতাঝড়া গাছ সবুজ হল। মৌমাছি, প্রজাপতি উড়ে বেড়াল এ ফুল থেকে ও ফুলে। আমের মুকুলের গন্ধে ভরা বাতাস ক্রমেই তপ্ত হয়ে উঠল। প্রখর সূর্যালোক একের পর এক নিয়ে এল তাপদহ। দীর্ঘদিনের ক্লান্ত দুপুরবেলাটা বড় বেশি নিস্তব্ধ। ব্যালকনির পাতাবাহার, বেল, আর গোলাপের টবগুলোতে দু’-তিনটে চড়ুই আসে, কিচির-মিচির শব্দ করে টবের মাটি থেকে কিছু খুঁটে খায়, আবার একে একে সব উড়ে যায়। খাওয়া শেষে মিনতিও ঘুমোয় তার ঘরে। তবে ঘুম আসে না জয়িতার। ভারী পর্দার অন্তরাল পার হয়ে দুপুরের প্রখর আলোর হালকা আভা ছড়িয়ে থাকে ঘরে। এয়ার কণ্ডিশন চলে। আবদ্ধ ঘরে স্থির হয়ে থাকে শীতল বাতাস। জয়িতার বুকের ভিতরটা হু-হু করে ওঠে। আবার তার চেতনার মধ্যে এসে দাঁড়ায় আমি। বলে, “অনীশের কাছে বিয়ে তো দু’জন নরনারীর মধ্যে ভালবাসা, ত্যাগ আর দ্বায়িত্বের বন্ধন নয়, অনীশের কাছে বিয়ে শুধু জৈবিক তাড়নায় শারীরিক চাহিদা পূরণ । আর নারী? বোধ-বুদ্ধি, চাওয়া-পাওয়াহীন একটা শরীর মাত্র। ভালবাসাশূন্য হৃদয় নিয়ে অনীশ শুধু তোর শরীরকে ভোগ করছে। স্রেফ ভোগ।”
প্রতিনিয়ত এই আমি-ই বদলে দিচ্ছে জয়িতাকে। আর, তার এই বদলটাই মেনে নিতে পারছে না অনীশ। বিছানায় পাশাপাশি শুয়ে অনীশের প্রতি তার নিস্পৃহতা আরও বেশি ক্রুদ্ধ করে তোলে অনীশকে। সে তার শরীরের সমস্ত শক্তি দিয়ে নিষ্পেষিত করে জয়িতাকে। এতে তার কাম ক্ষুধা নিবৃত্ত হয় ঠিকই, কিন্তু মনের আক্রোশ নিঃশেষিত হয় না।

দিনগুলো কাটছে যেন চোখের পলকে। মাঝে আর ক’টা দিন মাত্র। কানাডার বৃটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সে অ্যাডমিশন হয়েছে অন্তুর। পয়লা সেপ্টেম্বর ওর ফ্লাইট। অন্তুকে সাথে নিয়ে বাবা-মায়ের সাথে দেখা করতে যাচ্ছে জয়িতা। রাতে খেয়ে ফিরবে। স্বভাবতঃই বেশ রাত হয়ে যাবে। স্টেশন রোডের এদিকে অনেক দিন আসা হয়নি। চারিদিকে শুধুই পরিবর্তনের চিহ্ন। একতলা বিল্ডিংগুলো সব পাঁচতলা। পুকুরগুলোও সব ভরাট হয়ে গিয়েছে। স্টেশন রোডের মাতৃ মিষ্টান্ন ভাণ্ডারের খুব নাম। সন্দেশ আর চমচম কিনেছে । ফল কিনে গাড়িতে ওঠার সময় দেখা হ’ল নীলিমার সাথে। জয়িতা প্রথমে চিনতেই পারেনি। নীলিমাই এগিয়ে এসে ওর পরিচয় দিল। জোর করেই জয়িতাকে  নিয়ে এল ওর বাড়িতে। গাড়ি নিয়ে চলে গিয়েছে অন্তু। ঘণ্টাখানেক পর ড্রাইভার নিতে আসবে জয়িতাকে। নীলিমার ছোট দু’কামরার ঘরের সংসার তাকিয়ে দেখছিল জয়িতা। ওর স্বামী ব্যাঙ্কে চাকরি করে। এক ছেলে, এক মেয়ে। ছেলে ক্লাস ইলেভেনে আর মেয়ে ক্লাস ফোরে পড়ে। খুব ভাল ছবি আাঁকে ছেলেটা। শোকেসের তাকে তাকে পুরস্কারের মেডেল, ক্রেস্ট সব সাজানো। দেওয়ালে ঝুলছে ওর হাতে আঁকা ছবি। দু’কাপ চা আর বিস্কুট নিয়ে ছাদে উঠে এল ওরা দু’জন। দক্ষিণের হাওয়া বইছে। অন্ধকার ঘনিয়ে আসার আগেই চাঁদ উঠেছে পূর্ব আকাশে। রাস্তার ওপারে জলভরা পুকুর। পুকুরের জলে চাঁদের ছায়া কাঁপছে। পাড় ঘেঁষে দাঁড়িয়ে আছে একটা নারকেল গাছ। জয়িতার নিজের কিছু বলার ছিল না। তাই সে শুনছিল নীলিমার সুখ-দুঃখ, ভালো-মন্দ, আশা-আকাঙ্ক্ষার কথা। ছেলেকে নিয়ে দুশ্চিন্তার শেষ নেয় নীলিমার। একের পরে এক বলেই চলে, “পড়াশুনায় মনই নেই। সারাদিন শুধু ছবি আর ছবি। ছবি এঁকে কি আর পেটের ভাত জুটবে? টানাটানির সংসার। মেয়েটা যখন পেটে এল, আমি তো রাখতেই চাইনি। ওদের বাবা বলল, কতজন সন্তান চেয়েও পায়না, আর আমরা ওকে মেরে ফেলব? ওর তো কোন দোষ নেই। আমার কষ্ট বাড়বে। কিন্তু সন্তানের জন্য এইটুকু কষ্ট যে আমাকে মানতেই হবে।”
জয়িতার বুকের মধ্যে হাহাকার করছিল। কম শিক্ষিত, সামান্য বেতনভুক্ত নীলিমার স্বামীর পিতৃস্নেহের কাছে অনীশের শিক্ষা, বিত্তবৈভব – সব তুচ্ছ বলে মনে হ’ল তার কাছে। নীলিমার কিছু কথা কানে এল, কিছু কথা বাতাসে ভেসে গেল।
“আমার কাছে বাড়ি, গাড়ি, স্বামীর উচ্চ বেতনের চাকরী, ছেলের বিদেশে পড়তে যাওয়া – সব কিছু  না স্বপ্নের মত মনে হয়! ক’জন মেয়ের ভাগ্য তোর মত হয় বল তো?”
চলে আসার সময় নীলিমা একটা নেম কার্ড এগিয়ে ধরল জয়িতার দিকে। বলল, “আমাদের স্কুলের অনিমা টিচারের কথা মনে আছে তোর? ভূগোল পড়াতেন। কোন সন্তান নেই। তাঁর গ্রামের বাড়িতে কিছু বাচ্চাদের নিয়ে একটা অনাথ আশ্রম খুলেছেন। তুই পারলে কিছু দিস। খুব খুশি হবেন।”
হাত বাড়িয়ে কার্ডটা নিল জয়িতা। কিন্তু কেউই জানল না, ঈশ্বরের ইচ্ছায় অথবা অনিচ্ছায়, খেয়ালে অথবা বেখেয়ালে একটি ঘটনার সূত্রপাত হয়ে গেল।

অন্তুর যাওয়ার আগে সুটকেস, শীতের দেশের পোশাক, বাসনপত্র – সবকিছু কেনাকাটা নিয়ে কত ব্যস্ত থাকতে হয়েছে। আর এখন অখণ্ড অবসর জয়িতার। অন্তুর রেখে যাওয়া জামাকাপড়, বালিশ, বিছানা – সব কিছুতে এখনও অন্তুর গায়ের গন্ধ আছে। সেই গন্ধটুকু নিতে জয়িতা বার বার এ’ঘরে আসে। অন্ধকার ঘর অন্তুর অনুপস্থিতিটা আরও বেশি জানান দেয়। তাই অন্তুর ঘরের আলো জ্বালিয়ে রাখে সে। অনীশ ভেবেছিল, অন্তু চলে গেলে সেই দূরত্ব ঘোচাতে জয়িতা তার কাছে আসবে। দু’জনের মাঝে তৈরি হওয়া দূরত্ব ঘুচবে। কিন্তু সর্ম্পক এখনও সেই আগের মতই – আবেগহীন, উত্তাপহীন। অনীশের প্রতি জয়িতার সেই নির্বিকার ভাব। অনীশ একদিন একখানা দামী ডায়মণ্ডের নেকলেস এনে অনেক উৎসাহের সাথে জয়িতার গলায় পড়িয়ে দেওয়ার জন্য উদ্যত হ’ল। কিন্তু জয়িতা বাধা দিয়ে ঘুরে দাঁড়িয়ে অনীশের চোখে চোখ রাখল। তারপর, ঠোঁটের কোণে অবজ্ঞা মিশ্রিত হাসি নিয়ে বলল, “আমি তো এখন আর এসব পড়িনা। সাবধানে রেখে দাও, কাল ফেরত দিয়ে দিও।”
অনীশের সর্বাঙ্গ ক্রোধে জ্বলে উঠল। এই জয়িতাকে সে চেনে না। নিজের চারপাশে প্রবল এক ব্যক্তিত্বের আবরণ তৈরি করেছে জয়িতা। আর সেই আবরণ সরিয়ে তার কাছে পৌঁছাতে পারছে না সে।

ডাক্তারের চেম্বার থেকে প্রসন্নতা নয়, বরং তিক্ততা আর বিরক্তি নিয়ে বের হয়ে এল অনীশ। সাইক্রিয়াটিস্টের কাছে জয়িতাকে নিয়ে যাবার আগে নিজেই আগে একবার গিয়ে সবকিছু বলার কথা ঠিক করেছিল সে। তাই  একাই গিয়েছিল । সব শুনে ড: সেন বললেন, “সন্তান মায়ের শরীরে আসার পর থেকে মায়ের কাছ থেকে দূরে যাওয়ার আগে পর্যন্ত মায়ের সবকিছু আর্বতিত হয় ঐ সন্তানকে ঘিরে। মা জানে, একদিন তার সন্তান বড় হবে, লেখাপড়ার জন্য, কাজের জন্য – তার জীবনের পথে সে এগিয়ে যাবে। সন্তানের জন্য মায়ের গর্ব হয়, অহংকার হয়। কিন্তু একই সাথে, সন্তান দূরে চলে গেলে একটা গভীর শূন্যতাও নেমে আসে মায়ের মনে। এই অভাববোধ পূরণের জন্যই আপনার স্ত্রী আবার কনসিভ করেছিলেন। আরও একটা কথা, আধুনিক বিজ্ঞানের ভাষায় “ফিটাল – ম্যাটারনাল মাইক্রোকিমোরিজম” বলে একটা টার্ম আছে। যেখানে বলা হয়েছে, গর্ভাবস্থায় প্ল্যাসেণ্টার মাধ্যমে মায়ের শরীর থেকে সন্তানের শরীরে শুধু খাবার এবং অক্সিজেনই যায় না, মায়ের শরীরের কোষও সন্তানের শরীরে প্রবেশ করে এবং এই কোষগুলি সন্তানের হার্ট, ফুসফুস, লিভার এবং মস্তিকেও স্থায়ীভাবে রয়ে যায়। এই কারণেই সন্তানের আপদ-বিপদ মা দূর থেকেও বুঝতে পারে। এই কারণেই নাড়ির টান কথাটা বলা হয়ে থাকে। আপনার স্ত্রী স্বেচ্ছায় সন্তান ধারণ করেছিলেন, আর আপনি, আপনার ইচ্ছায় তার অমতে সেই সন্তানকে বাদ দিয়ে দিলেন। সন্তানের সাথে মায়ের যেখানে এমন একটা আত্মিক ও শারীরিক সর্ম্পক, সেখানে আপনার স্ত্রী এই ঘটনায় মানসিকভাবে আঘাত পাবেন, এটা তো খুবই স্বাভাবিক। সময় দিন তাকে, মিঃ অনীশ। তাকে সঙ্গ দিন। তার সাথে কোয়ালিটি টাইম স্পেণ্ড করুন। আশাকরি, আপনাদের মধ্যকার এই দূরত্ব একদিন ঘুচে যাবে।”
“উঃ! সময়! সময় আর সময়!”
আট-নয় সপ্তাহের গর্ভের অদেখা এক সন্তানকে ভোলার জন্য আট-নয় মাস সময় কি যথেষ্ট নয়? কার সাথে? এই জয়িতার সাথে কোয়ালিটি টাইম স্পেণ্ড করবে সে? মিঃ শৈবাল দত্তের সাথে একটা গার্মেণ্টস ফ্যাক্টরি কেনার কথা চিন্তা করছে সে। কথা অনেক দূর এগিয়েও গিয়েছে। পূজার পর নভেম্বরে ফ্যাক্টরির স্পিন্নিং, ডায়িং, সুইং এর কিছু মেশিন কিনতে চীনে যেতে হবে। নষ্ট করার মত যথেষ্ট সময় নেই তার হাতে।

আজ কাল ঘন ঘন বাবার বাড়িতে যাচ্ছে জয়িতা। পাড়ার লাইব্রেরী থেকে বই তুলে রাখেন বাবা। গজেন্দ্র কুমার মিত্র, মানিক বন্দোপাধ্যয়, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, নরেন্দ্রনাথ মিত্র – সব পুরনো দিনের লেখকের বই। অন্তুর ঘরে খাটে হেলান দিয়ে বসে জয়িতা সে সব বই পড়ে। এ ঘরে এখন আর অন্তুর গায়ের গন্ধ নেই। আছে ওর রেখে যাওয়া স্পর্শ। আর সেই স্পর্শ পেতেই এই ঘরে এসে বসে জয়িতা। মানিক বন্দোপাধ্যায়ের “দিবা রাত্রির কাব্য” উপন্যাসটি পড়ছে সে এখন। দ্বায়িত্বজ্ঞানহীন, পলায়নপর এক চরিত্র হেরম্ব। বিবাহিতা সুপ্রিয়ার হেরম্বকে পাওয়ার তীব্র কামনা কি সত্যিই ভালবাসা? কিশোরী আনন্দ হেরম্বকে কোনদিন নিজের করে পাবে না বলেই কি আগুনে পুড়ে আত্মহত্যা করল? জটিল এক মনস্তাত্বিক উপন্যাস। উপন্যাসটিতে, লেখক এক জায়গায় পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থায় নারীর প্রতি পুরুষের নির্মম সত্য মনোভাব নগ্নভাবে প্রকাশ করে লিখেছেন,
“আর্থিক পরাধীনতা স্বীকার করার সাহস – যে মেয়ের নেই, তাকে কেউ ভালবাসে না।”
লাইনটা একবার নয়, বহুবার পড়ল জয়িতা। মনে মনে ভাবল, আর্থিক পরাধীনতা স্বীকার করলেও সব মেয়েই কি স্বামীর কাছ থেকে ভালবাসা পায়? সে পেয়েছে? তার চেতনার মধ্যে আবার এসে দাঁড়ায় “আমি”। চিৎকার করে বলে,
“না ,অনীশ তোকে ভালবাসে না। ভালবাসলে, ভালবাসার মানুষকে কেউ এত কষ্ট দিতে পারে না।”

গভীর রাতে ঘুম ভেঙে গেলে অনীশের পাশ থেকে উঠে ব্যালকনিতে এসে দাঁড়ায় জয়িতা। কৃষ্ণপক্ষের এক ফালি চাঁদ উঠেছে আকাশে। বাতাসে কামিনী ফুলের গন্ধ ভেসে আসে। ঘুমে আচ্ছন্ন নগরের কোলাহলহীন নীরবতায় নিজের মুখোমুখি দাঁড়ায় জয়িতা। কি চায় সে? একবার নয়, দু’বার নয়, বহুবার সে চেয়েছে। চেয়েছে তাদের দুজনের মাঝের শীতলতা কাটিয়ে সর্ম্পকে উষ্ণতা আসুক। কিন্তু কুয়াশার আবরণ সরিয়ে না এসেছে তার হারানো দিনের ভালবাসার অনীশ, না এসেছে অন্তুর জন্মদাতা। বারবারই শুধু সামনে এসে দাঁড়িয়েছে অনীশের ভিতরের সেই কর্দয রূপ, এসে দাঁড়িয়েছে অরণীর হত্যাকারী। চাঁদ ডোবার সময় হয়ে আসে। অন্ধকার গাঢ় থেকে গাঢ়তর হয়।

অনীশের বন্ধু রণিত আর স্নেহার ‍টোয়েনটি-ফিফ্থ অ্যানিভার্সারি আগামীকাল। সেই উপলক্ষ্যে হোটেলে ডিনার পার্টি আছে। আগে কোন পার্টি থাকলে এক সপ্তাহ আগে থেকে প্রস্তুতি শুরু হয়ে যেত জয়িতার। গিফট কেনা, বিউটি পার্লারে যাওয়া, শাড়ীর সাথে জুয়েলারী সেট ম্যাচ করা – আরও কত কিছু! অথচ এই আট-নয় মাস কোথাও কোন অনুষ্ঠানে যায়নি জয়িতা। একাই গিয়েছে অনীশ। কখনও বলেছে জয়িতা অসুস্থ, আবার কখনও তার বাবা অথবা মা। কিন্তু কতদিন আর একই কথা বলবে সে? লোকজন তো আর বোকা নয়। এই তো সেদিন দেবেশ বলছিল, “মিসেস অনীশকে ইদানিং দেখতে পাওয়া যায় না। সন্ন্যাস নিয়েছেন নাকি?” একসাথে হেসে উঠেছিল সবাই। বিব্রতকর মূহূর্ত অনীশের জন্য। আগীমাকালের ডিনার পার্টির কথা বলতে চাইছিল অনীশ। কিন্তু এই সময় জয়িতার ফোন। ভিডিও কল অন্তুর। সকালের দিকে ব্যস্ত থাকায় ছুটির দিন ছাড়া অন্তুর সাথে কথা হয় না অনীশের। কানাডা ছাড়া অন্য দেশে গেলে অন্তুর খরচ অনেক কম লাগত। কানাডাতে টিউশন ফি, ডর্মিটরির খরচ অনেক বেশি। এজন্য অনেক টাকা গুণতে হচ্ছে অনীশকে। ক্লাস শুরু হয়ে গিয়েছে অন্তুর, পড়ার চাপ অনেক। তাই এখন আর বেশি কথা হয় না জয়িতার সাথে। অন্তুর ফোন রাখতে না রাখতেই নীলিমার কল। জয়িতা বেমালুম ভুলে গিয়েছিল অনিমা টিচারের কথা। এরও দু’-তিন বাদে জয়িতা কথা বলল অনিমা টিচারের সাথে। একদিন নয়, পর পর বেশ কয়েকদিন। তারপর নিজের সাথে অনেক বোঝাপড়া, যুক্তিতর্ক। অবশেষে সিদ্ধান্ত নিল সে। আর আজ সেই সিদ্ধান্ত সে জানিয়ে দেবে অনীশকে।

রাতের অন্ধকারে ছাদের রেলিংয়ে হাত রেখে দাঁড়িয়ে ছিল জয়িতা। চাঁদ, গ্রহ, নক্ষত্র – সব মেঘে ঢাকা। মেঘাচ্ছন্ন আকাশ রাতের অন্ধকারকে আরও বেশি গাঢ় করে তুলেছে। আশপাশের হাইরাইজগুলোর কাচের জানালার পর্দা ভেদ করে আসা আলো জানিয়ে দিচ্ছে যে, সে ঘরের বাসিন্দারা এখনও ঘুমোয়নি। পায়ের শব্দ শোনা গেল। এসে দাঁড়াল অনীশ। অন্ধকারে পাশাপাশি দাঁড়ানো দু’টো ছায়ামূর্তি। অনীশই প্রথমে প্রশ্ন করল, “বলো, এত রাতে কেন ডেকেছ আমাকে ছাদে?”
কথাটা কীভাবে শুরু করবে বুঝতে পারছিল না জয়িতা। শেষ পর্যন্ত কোন রকম ভনিতা না করেই সে বলল, “কাল ভোরে, আমি যাব।”
“সে তো তুমি এখন প্রায়ই ও বাড়িতে যাচ্ছ। এটা তো বলার মত কিছু নয়।”
“মায়ের কাছে যাবার কথা আমি বলছি না। বলছি, কাল আমি এ সংসার ছেড়ে চলে যাব।”
বিদ্যুতের চমকানিটা যেন আকাশের গায়ে নয়, ঘটল অনীশের মনের মাঝে। প্রশ্ন করল, “কথাটার মানে কি? কোথায় যাচ্ছ?” একটু থেমে আবার বলল, “তুমি কি সেই ঘটনার প্রতিশোধ নিতে চাইছ?”
শান্ত গলায় জয়িতা উত্তর দিল, “কোন প্রতিশোধ নয়। আমি মুক্তি চাইছি।”
উত্তেজিত কণ্ঠে অনীশ বলল, “খাঁচার পাখির মত তোমাকে নিশ্চয়ই শিকল পরিয়ে রাখিনি যে, মুক্তি চাইছ?”
এ কথার উত্তর দিল না জয়িতা। অনীশের মনে হল, এই ন’টা মাস কিভাবে সে সহ্য করেছে জয়িতাকে! জয়িতা তার হাতের কাছে শার্ট-প্যাণ্ট, জুতো-মোজা, রুমাল, ঘড়ি, ফোন, ঔষধ সবকিছু এগিয়ে দিয়েছে। খেতে দিয়েছে, সব ই করেছে। কিন্তু করেছে, নিঃশব্দে। কথা বলেছে, কিন্তু চোখের দিকে না তাকিয়ে। এক বিছানায় শুয়েও…। এইভাবে প্রতিনিয়ত জয়িতা অপমান করে গিয়েছে তাকে! আর আজ! চূড়ান্ত অপমান করল। জয়িতাকে ত্যাগ করে সে ও তো তার কাছ থেকে মুক্তির পথ বেছে নিতে পারত। শুধুমাত্র রূপ এবং সৌন্দর্যের কারণে সে তাকে ওই ঘর থেকে এই রাজপ্রাসাদে এনে বসিয়েছে। দামি দামি শাড়ি, গহনা, বাড়ি, গাড়ি – সব দিয়েছে। কী দেয়নি তাকে? আবার সে প্রশ্ন করল, “কোথায় যাচ্ছ তুমি?”
“আমাদের স্কুলের অনিমা দিদিমণি। নিঃসন্তান ছিলেন। রিটায়ারমেণ্টের পর এখন গ্রামে গিয়ে অনাথ আশ্রম শুরু করেছেন। সেখানেই যাব ঠিক করেছি।”
“অন্তুর উপর মানসিক চাপ পড়বে। বুঝতে পারছ? তোমার বাড়ির লোকজন জানে? কী বলেছ তাদের?”
“হাজার, হাজার মাইল দূর থেকে এখন শুধু কথা হয় অন্তুর সাথে। সে আমি ওখানে গিয়েও কথা বলব। আর বাড়ির মানুষ? সেদিন অ্যাবরশনের কথা বলিনি, আজও কিছু বলার নেই।
নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল অনীশ। আবেগ আর বাস্তবতা এক নয়। যে বিলাসিতার মাঝে এতগুলো বছর কাটিয়ে এসেছে জয়িতা, সেই বিলাসিতা ছেড়ে অনাথ আশ্রমে দিন কাটানো কি এতই সহজ? তাছাড়া ওর খরচই বা কে দেবে ওকে? কিছুদিন যাক। শখ পূরণ হোক। বাস্তবতার মুখোমুখি এসে দাঁড়ালে, এখানেই ফিরতে হবে তখন। তাছাড়া, কাল সকালে নেদারল্যাণ্ডের বায়ারদের সাথে মিটিং আছে। সন্ধ্যায় শৈবালের সাথে ফ্যাক্টরির ওনারের সাথে কথা বলতে যেতে হবে। এখন এসব নিয়ে কথা বাড়িয়ে তিক্ততা আর অশান্তি ছাড়া কিছুই হবে না। রূঢ় কন্ঠে সে বলল, “তোমার যা ইচ্ছা তাই কর।” চলে যেতে উদ্যত হল অনীশ।
জয়িতা বলল, “তোমার ও তোমাদের বাড়ির দেওয়া সব গহনা, ফিক্সড ডিপোজিটের কাগজপত্র, মেডিক্যাল ইনস্যুরেন্সের ফাইল – সব আলমারির সিন্দুকে রয়েছে। আর আলমারির চাবি বেডসাইড টেবিলের ড্রয়ারে রাখা আছে।” আরও কিছু বলল জয়িতা, “তোমার কোলেস্টেরল অনেক বেশি। পারলে, অ্যালকোহল আর সিগারেট কম খেও। দুপুরে কোলেস্টেরল আর রাতে প্রেসারের ঔষধ দৈনিক মনে করে খাবে।”
এসব কোন কথার কোন উত্তর না দিয়ে উগ্র মেজাজে সিঁড়ির দিকে এগিয়ে গেল অনীশ। জয়িতা ঘুরে দাঁড়িয়ে অনীশের যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। দূরে এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ের স্ট্রীট ল্যাম্পের হলুদ আলো এতক্ষন স্পষ্ট দেখাচ্ছিল। এখন ঝাপসা। বৃষ্টি নেমেছে দূরে। বাতাস বইতে শুরু করেছে। স্যঁতসেঁতে বাতাস।

নিজেকে যতই সান্ত্বনা দিক না কেন অনীশ, কোন কিছুই জয়িতার দেওয়া অপমানের জ্বালাকে নির্বাপিত করতে পারছে না। মনে হচ্ছে, চরম এক প্রতিশোধ নিয়েছে জয়িতা। একজন পুরুষের কাছে স্ত্রীর চলে যাওয়ার চাইতে বড় লজ্জা, বড় পরাজয় আর কী হতে পারে? আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবের কাছে কী উত্তর দেবে সে? জগৎ সংসারের কাছে সে আজ পরাজিত এক পুরুষ।

চোখ ছাপিয়ে জল আসছিল জয়িতার। এত দিনের সংসার, অনীশকে ছেড়ে যাওয়ার কষ্ট না মুক্তির আনন্দ – এই চোখের জলের কারণ? সে জানে না। সে শুধু জানে, এই জলে ধুয়ে যাচ্ছে তার সকল গ্লানি। অরণীর মা সে হতে পারেনি। কিন্তু তার পরিবর্তে অনাথ আশ্রমের ঐ শিশুদের মা হয়ে উঠবে সে। জগতের নতুন এক কর্মযজ্ঞে এখন যে তার নিমন্ত্রণ।


লেখক পরিচিতি : শম্পা সাহা
শম্পা সাহা। শিল্পাঙ্গনে যার পথচলা শুরু হয়েছিল ছবি আঁকা দিয়ে। হৃদয় দিয়ে মানুষকে অনুভব করতে পারার ক্ষমতা তাকে পরিনত করেছে লেখিকা হিসাবে। মানুষের দুঃখ তাকে পীড়া দেয়। তাই দারিদ্র, মাদক সমস্যা, অন্ধগলির ওপারের মেয়েদের কষ্ট, একাত্তরের বীরাঙ্গনাদের জীবনচিত্র ফুটে ওঠে তার গল্পে। বাংলাদেশ, ভারত ও কানাডার বিভিন্ন পত্রিকায়, অনলাইন পোর্টালে, ইউটিউব স্টোরি চ্যানেলে এখনও তিনি লিখে চলেছেন। ইতিপূর্বে "বিবর্ণ স্বাধীনতা" নামে লেখিকার গল্পের বই প্রকাশিত হয়েছে। গল্পের পাশাপাশি সমসাময়িক বিভিন্ন বিষয়ে তিনি কলামও লিখে থাকেন। ২০১৮ ও ২০১৯ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমী তাকে "আলোকিত নারী" সন্মানে ভূষিত করে। কবিগুরু রবিন্দ্রনাথ ঠাকুর ও লালন শাহের আবাসভুমি ঐতিহাসিক কুষ্টিয়া জেলায় ১৯৭৫ সালে লেখিকার জন্ম।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up