দেবীর দৃষ্টিতে

লেখক : ড. বিশ্বজিৎ বাউনা

এসেছি ফের ধরাধামে, মৃন্ময়ীরূপে সে তিলোত্তমা-
সিঙ্গেল অসুর বধে মেটে না ক্ষোভ, আছে বহু জমা।

আজ অসুরেরও নানা রূপ, একা নয় আর মহিষাসুর
যে যার চলার পথে, পায়ে লুকিয়ে রাখে ছদ্ম ক্ষুর।

দেখি সহজ নয় কোন কিছু, জটিল যত জনগণ-
মনোবিদ্যা লোভাতুর, সাজানো সে কামের তপোবন।

ভেজাল প্রবৃত্তি রাখা, শিশু খাদ্য থেকে মেডিসিন-
শোষণে মানুষ ভুলেছে পৃথিবীর প্রতি মাতৃ-ঋণ।

আপন স্বার্থের মায়াজালে অন্ধের মতো সব-
ষড়রিপুর নৈবদ্যে মাতোয়ারা যে যার অনুভব।

আপেক্ষিক বাহুল্যে মুখরিত, প্রকটিত তীব্র লোভ-
অন্যায় দেখেও জাগে না মুঠি, কাঙ্ক্ষিত ক্ষোভ।

ভাবে, এই তো বেশ আছি, আগুন তো পড়শির গায়-
সহনাগরিক মমত্ব নেই সে আত্ম-প্রবণতায়।

এখানে আজ ক্ষমতার হম্বিতম্বি, সে নীতি প্রণেতা!
ঋষিতুল্য প্রশাসক নেই। দেশ চালায় দেশ-বিক্রেতা।

কাম্য বিচার নেই, এ দেশ ধর্ষকের বিচরণভূমি যেন!
দেশদ্রোহী বলে বিবেচিত হবে, যদি প্রশ্ন করো ‘কেন’।

তাই হতে চাই এ পীড়িতের দেশে সেই রণচণ্ডী মা-
ছলে বলে কোন অসুর যেন না পায় করুণা বা ক্ষমা।

শুধু মুনাফার লোভে যে অসুর খাদ্যে বিষ মেশায় –
নরকের সে আগুনে তার জিভ যেন জ্বলে পুড়ে যায়।

যে অসুর ধর্ষক, কামান্ধ, শিশু-নারী পাচারকারী…
তার কামোত্থিত অঙ্গ যেন প্রকাশ্যে ছেঁটে দিতে পারি।

যে অভয়া ডাক্তার, নরখাদকের হাতে আর.জি.করে
মারা গেছে। আজও যার অপরাধী এ শহরে দিব্যি চরে

সেই সব অসুরের প্রতি আর শুধু ঘৃণা বর্ষণ নয়-
প্রকাশ্যে রাজপথে টাঙিয়ে অট্টহাস্যে বলি দিতে ইচ্ছে হয়।

যে অসুরেরা ঘুষখোর, ঠকবাজ, চাকরি-চোর, দালাল
আজ ত্রিশূলে বিনাশ হোক তাদের পাপের আয়ুকাল।

যে অসুরেরা ভণ্ড, শিক্ষিত, নির্দয় হ্যাকার-
নিরীহ মানুষের অর্থ লুটে যার নেই বিকার

সেইসব অসুরের লুণ্ঠনজীবী বধ্য জ্ঞানের প্রতি-
উদ্যত খড়্গ নেমে আসুক। বেঁচে যাবে সুমতি।

আজ এই নরাধম বৃত্তে হতে চাই সেই উগ্র দেবীরূপ-
সব ছিন্ন করি। যেখানে যা আছে যত কুরূপ…

পায়ের তলায় গড়িয়ে যাক সব অসুরের মাথা-
আজ আর দরকার নেই মৃন্ময়ীরূপে রাখা বিনম্রতা।

অসুরের রক্তে গড়িয়ে গিয়ে সাফ হোক সব জঞ্জাল,
সব অমানিশা ভেঙে নব্য ভোরের রঙ হো’ক দিব্য লাল।

তাই আজ এই কলিধামে দেবিপক্ষে হই সে বিনাশিনী-
অসুর নিধন-যজ্ঞে বেজে যাক রুদ্র তেজে কিঙ্কিনী।

যাবতীয় ভণ্ডামি দূর হোক, শোক মুছে যাক প্রতি ঘরে
মনুষ্যত্ববোধ শিউলি হয়ে শুভ্রতা দিক প্রতি অন্তরে।


লেখক পরিচিতি : ড. বিশ্বজিৎ বাউনা
জন্ম ১৯৮৬। পশ্চিম মেদিনীপুরে। পিংলায়। ২০১০-এ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এমএ (ফার্স্ট ক্লাস/সিলভার মেডেলিস্ট), বি. এড., পিএইচডি। পেশা: শিক্ষকতা। মূলত কবিতা লেখেন। উল্লেখযোগ্য প্রকাশিত বই: ডুলুং পাহাড়ে রহস্য, ঈশ্বরীকে হলুদ সনেট, আত্মক্ষরণের ফসিল, অক্ষরের কালকেতু, ধুনুরি তফাৎগুচ্ছ, লুণ্ঠন শেষের শূন্যতা, বেতাল রহস্য, বিরসা মুন্ডা: উলগুলানের সনেটগুচ্ছ, পীড়াপর্বে একলব্য ইত্যাদি। পেয়েছেন 'দ্বৈরথ সাহিত্য সম্মান', 'চূনী কোটাল স্মৃতি সম্মান','বিভূতিভূষণ স্মৃতি পুরস্কার' ও কবি যতীন্দ্রমোহন বাগচী স্মৃতি পুরস্কার।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up