স্পর্ধা

লেখক : অভিজিৎ সুর

‘ল্যাজে যদি তোর লেগেছে আগুন স্বর্ণলঙ্কা পোড়া’
– কবীর সুমন

স্পর্ধিত যুবকেরা স্পর্ধিত যুবতীরা
এই বিফল সময়ে কিছু সফল প্রয়োগ হোক,
প্রয়োগ হোক স্পর্ধা।

অবাঞ্ছিত কিছু স্রোত অযথা বয়ে গেছে,
এখন আকাঙ্খার জয় হোক।
উর্দিধারী গুণ্ডাদের পড়িয়ে দেওয়া রক্তটিকা,
তোমাদের ললাটের তৃতীয় নয়ন দিয়ে আসুক সূর্যোদয়,
সরকারি পোষ্যদের লাঠির আঘাতে ভাঙা
তোমাদের পাঁজর থেকে বেরিয়ে আসুক নতুন সময়।

অন্ধকার আর স্যাঁতস্যাঁতে কিছু জীব পোশাক পড়ে আছে যাদের মসনদ চাই, ক্ষমতা চাই, রক্তও চাই।
টান মেরে খুলে ফেলো ওই রাজবেশ,
তালে তাল দেয়া পারিষদদের পায়ের তলার মাটি কেড়ে নাও, মিথ্যের বাহার সাজানো বিদুষকদের টেনে আনো রাস্তায় তারপর খুলে দাও মাথার ওপরের সমস্ত আকাশ।

সরকারি পোষ্যরা
স্পর্ধিত যুবকদের স্পর্ধিত যুবতীদের
চোখের দিকে চাও তারপর বলো
তোমাদের ঘরে ছেলে মেয়ে আছে কি না;
বলো, তাদের ভবিষ্যতের উপর লাঠির আঘাত হানলে কি না।
ডিউটি পালনের হাস্যকর ইতিহাস আমাদের জানা।
তবু যদি ডিউটির কথা বলো তাহলে শুনে রাখ
যে মহিলার গালে অকারণে থাপ্পড় মারলে
যাদের রাস্তায় ফেলে রক্তাক্ত করলে তোমার উর্দির ক্ষমতায়
তোমার উর্দি তাদের পয়সা থেকেই তৈরি
তোমার বেতনও তাদের দান;
ইতিহাস আজও জানতে চায় কার দাবি বেশি
মনুষ্যত্ব না ডিউটি।

শাসকের সম্বল কুৎসিত বলপ্রয়োগ আর
অর্থহীন মিডিয়া প্রলাপের সামনে
কবিতার মত ব্যারিকেড হও
স্পর্ধিত যুবকেরা স্পর্ধিত যুবতীরা।


লেখক পরিচিতি : অভিজিৎ সুর
একক জীবন, পরিচিতিহীন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

বইটি কিনতে ছবিতে ক্লিক করুন