লেখক : সুতপা সোঽহং
হায় দহন, জিজ্ঞাসা এনেছ শুধু, পেতেছ সংসার!
কাকে বিঁধেছ বর্শাফলক, রক্তে লাল বুক কার?
আরোহী জানে তূণীরে মায়া হ’লে হয় কঠিন প্রহরা।
তরোয়ালে রজ্জু কেটে গেলে ডেকে ওঠে মোহরূপী ঘোড়া!
শিবির ভেসে যায় তার চুম্বনে, সিঁদুর কপালে।
গুহ্য যত অস্ত্র বিদ্যা প্রলেপ দেয় অভিমানের কালে।
দরজায় কথা কাটাকাটি, মতান্তরে বুক জুড়ে ক্ষত।
কেউ না জানুক প্রেম, শুধু নিজস্ব নারী বুঝুক অন্তত!
লেখক পরিচিতি : সুতপা সোঽহং
জন্ম ১১-০৫-১৯৯২। উত্তরবঙ্গে পড়াশোনা করে বর্তমানে সরকারি প্রতিষ্ঠানে শিক্ষকতার পেশায় যুক্ত। প্রকাশিত বইয়ের সংখ্যা তিনটি। বিভিন্ন বাণিজ্যিক পত্র পত্রিকা ও লিটল ম্যাগাজিনে নিয়মিত লেখালেখি করেন। তিস্তাগুড়ি শ্রেষ্ঠ বই সম্মান ২০২৫, রেনেসাঁস শারদ সম্মান, অরুণ চক্রবর্তী স্মৃতি সেরা বারো সম্মান, বৈভব সাহিত্য সম্মান, রেনেসাঁস সাহিত্য সম্মান, আজকাল লিটেরারি মিট পুরস্কার, কালীপদ পান্ডে স্মৃতি পুরস্কার, অরুপ রতন পুরস্কার ২০২৫, অভিক্রম শ্রেষ্ঠ বই সম্মান ২০২৬ সহ নানা পুরস্কারে সম্মানিত হয়েছেন। লেখালেখির পাশাপাশি চিত্রশিল্প ও সমাজসেবায় যুক্ত।

