লেখক : অভিজিৎ হালদার
যেখানে মরণ আর আলিঙ্গন মিলেমিশে একাকার,
আমি সেখানে তোমার জন্য বিষের পেয়ালা সাজিয়েছি—
তিল তিল করে নীল হওয়া ঠোঁটে যে চুম্বন লেগে থাকে,
তা কোন কবির কলমে আজ অব্দি জন্ম নেয়নি।
তোমার চোখের অতল গহ্বরে যে নিষিদ্ধ অন্ধকার,
সেখানে ডুব দিলে ফিরে আসার কোন পথ থাকে না—
সেই ধ্বংসলীলার নামই তো আমাদের প্রেম,
যা আগ্নেয়গিরির লাভার মত তপ্ত, আবার হিমশীতল।
তুমি যখন হাসো, পৃথিবীর বুকে ভূমিকম্প হয়,
আর যখন কাঁদো, নক্ষত্ররা খসে পড়ে মহাকালের গর্ভে।
এই যে বিনাশের নেশায় মত্ত হওয়া দু’টি প্রাণ,
তাদের হাহাকারে আকাশ বিদীর্ণ হয় প্রতি রাতে।
এসো, আজ সব শব্দের সীমানা পেরিয়ে যাই,
যেখানে প্রেম মানে শুধু টিকে থাকা নয়—উবে যাওয়া;
যেখানে আমাদের শেষ নিঃশ্বাসের ঘ্রাণে মিশে থাকবে
সহস্র বছর ধরে না লেখা কোন এক ভয়ংকর সুন্দর মহাকাব্য।
লেখক পরিচিতি : অভিজিৎ হালদার
লেখক পরিচিতি:- লেখক অভিজিৎ হালদার এর জন্ম নদীয়া জেলার অন্তর্গত মোবারকপুর গ্রামে ২০০১ সালের ১লা সেপ্টেম্বর। পিতা কার্ত্তিক হালদার ও মাতা আরতি হালদার। প্রাথমিক শিক্ষা মোবারকপুর প্রাইমারী বিদ্যালয় , মাধ্যমিক শিক্ষা ভাজনঘাট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় , সুধীরঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয় থেকে স্নাতক এবং বর্তমানে আই টি আই এর ছাত্র। লেখালেখির সূএপাত: স্কুল জীবন থেকে। লেখালেখি:- বিভিন্ন – পএ পত্রিকা, ম্যাগাজিন , ওয়েবজিন, ফেসবুক পেজ/ ফেসবুক গ্রুপ , ব্লগসাইট , ওয়েবসাইট , অনলাইন প্লাটফর্ম , এছাড়া বিভিন্ন ফোরামে। প্রথম বই: "প্রথম আলো " পেশা ও পরিচয়: তরুণ কবি, গল্পকার, উপন্যাসিক, গীতিকার, লেখক ও অন্যান্য। সাহিত্যিক ধারা: আধুনিক ও উত্তর-আধুনিক কবিতা, প্রেম ও বিরহ, অস্তিত্ববাদী ভাবনা, গ্রামীণ ও শহুরে জীবনচিত্র , বাস্তববাদী, দার্শনিক চিন্তাধারা, কল্পনাবিলাসী , রূপকথা , বাস্তব পেক্ষাপট ও সমসাময়িক। বিশেষ উক্তি: "এই শহরকে ভালো না বেসে যদি আমি চাঁদের মাটিকে ভালো বাসতাম তবে আমি নীল ডায়েরি না হয়ে নীল আর্মস্ট্রং হতাম।"

