লেখক : গৌতম ঘোষ-দস্তিদার
দূর কবে ফেলে আসা শীতের ছুটির খাতাটাকে
অফুরান ফিরে ফিরে চাই –
নবজাতকের শিষগুলো ওখানে শিশিরের কালি দিয়ে
শীতলপাটির শরীরে লেখা হয় মিলনের স্মৃতিকথা…
উষ্ণায়িত কোন পৃথিবীর স্বাদ ভুলেও চাইনি আমি!
কস্মিনকালে ওইসব মহাকাব্যের দল –
ধর্ষক-মনা নীলগ্রহ জুড়ে যেমনটি পড়ে আছে থাক
সংঘর্ষের দাবানলে ওরা যদি জ্বলে যেতে চায়, যাক…
আগুনে গল্পগুলোও ওদের সঙ্গী হতে চায়, হোক!
আর কেউ যদি শুনতে না চায়, না-ই বা শুনুক
অবশিষ্ট অবনী নয় থাক তার বধিরতা নিয়ে…
তোমাকেই শুধু সঙ্গোপনে বলে যেতে চাই –
এই দেহ শব হয়ে গেলে কিছুতেই যেন তারে
আগুনে দিও না ছুঁড়ে ফেলে;
শীতকাঁথা মুড়ি দেওয়া কোন রাতের কাছে
তাকে জমা করে এস, অথবা, বরফ-আয়না
কোন নদীর সুখের বুকে ভাসিয়েই দিও নিদেন;
সঙ্গে দিও যুদ্ধশেষের প্রতিশ্রুতি-মাখা অনুক্ত শ্বেতপত্র…
লেখক পরিচিতি : গৌতম ঘোষ-দস্তিদার
প্রাক্তনী - প্রেসিডেন্সি কলেজ, যাদবপুর বিশ্ববিদ্যালয়, স্ত্রাসবুরগ বিশ্ববিদ্যালয়। ভারতবর্ষে ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রতিষ্ঠানে সাড়ে তিন দশক জুড়ে বাংলা ইংরেজি ও ফরাসি পড়ানোর সঙ্গে সঙ্গে বাংলা ও ইংরেজিতে শখের সাংবাদিকতা। অধুনা অবসরে সৃজনশীল লেখা, সম্পাদনা ও অনুবাদ।

