লেখক : কাজী রাহ্নুমা নূর
তোমার নামটা ঠোঁটে নিতেই রাতের তারা, বুকের ভিতর ঝরে পড়ে । কেউ জানে না, এই শহরের তুমুল ভিড়ে একটা মানুষ ফিরবে না তার প্রিয়ার ঘরে । রোদটা কেমন তোমার গায়ের গন্ধ মেখে দাঁড়িয়ে থাকে, হাত বাড়ালে টুপ ডুবে তার মুখটা ঢাকে। তোমার চোখের নদীটাতে ভেজালাম পা - সাঁতরে যাব ভেবে যখন ঝাঁপ দিয়েছি - পানি কোথায়? চোরাবালি গোগ্রাসেতে গিলে নিল সমস্তটা। ভেবেছিলাম ডুবলে বুঝি তোমায় পাব! সাঁতার জানা এই আমি তো ডুবেই গেলাম - ডুবেই গেলাম... ডুবতে ডুবতে মৃত্যুসম দুঃখ পেলাম। ঘুমহীন চাঁদ যেমন রাতের আঁধার কাটে, তেমন করেই কষ্টগুলো বুকের ভিতর নীরব হাঁটে। হারিয়ে যাওয়া এক ডুবুরির দীর্ঘশ্বাসে সন্ধ্যা যদি হয় কিছুটা এলোমেলো, কপাল জুড়ে লেপ্টে থাকা তোমার ছোট্ট কালো টিপে, আমার নামে এক বিন্দু আলো জ্বেলো। ভালবাসার মানে - শুধুই ডুবে যাওয়া? একটু একটু করে তাকে হারিয়ে পাওয়া? এই শহরের কোলাহলে তোমার মত কেউ ডাকে না এই আমাকে। একদিন সেই গাছের নীচে সময় করে আসবে না কি! তোমার হাতের আঙুলগুলোয় আমার সকল সুখেরা থাকে।
লেখক পরিচিতি : কাজী রাহ্নুমা নূর
কাজী রাহ্নুমা নূর , একজন কলম চাষা , অনুবাদক ও আবৃত্তিকার

