কিশোরবেলা

লেখক : বিপ্লব চন্দ্র দত্ত

নদীর তীরে কাশের বন ঘন সবুজ মাঠ,
পশুখালীর বাঁকে যেন শোভে বাঁশের হাট!
ধরমপাশা ছোট্ট শহর কংস নদীর তীরে,
বিষুদবারে হাট গমাগম মানুষের ভিড়ে!
বাঁশের চালি ভাসে গাঙে ধীরগতির ভেলা!
নদীর ঘাটে ডুবসাঁতারে কিশোর করে খেলা।
দুই কুলে হাওয়ায় দোলে ঢোলকলমীর লতা,
নদীর জলে মিশে তারা বলে মনের কথা!
সন্ধ্যা হলে জোনাক জ্বলে আঁধারভরা পথে,
চাঁদের আলো নদীর বুকে জ্বলে নীরব রথে!
ঘোর বরিষায় বল নিয়ে মাঠ দাবিয়ে খেলা,
নাথপাড়ায় সন্ধ্যা নামে শেষ হয়ে যায় বেলা!
বর্ষা শেষে ভরা ভাদর গাঙে অথৈ পানি,
এমন দিনে মনে পড়ে মায়ের বদনখানি!
নদীর ধারে ছোট্ট বাড়ি সবুজ ঘেরা গাঁও,
ভোরের আলো উঠোনজুড়ে ছড়ায় রঙিন নাও!
আশ্বিনমাসে মাঠ জুড়ে শিশির ভেজা ঘাস,
শিউলিতলায় ছেয়ে থাকে সাদা ফুলের রাশ!
নদীর কূলে গাছের ছায়ে দুর্বাদলে বসি,
সারাদিন পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াই চষি!


লেখক পরিচিতি : বিপ্লব চন্দ্র দত্ত
বাংলাদেশ ব্যাংক সিলেট এ অতিরিক্ত পরিচালক পদে কর্মরত আছেন। প্রহেলিকা, আয়না, মুখোশ, স্বপ্নডানা ও ছড়া পড়ুক ছড়িয়ে নামে 5টি কাব্যগ্রন্থ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। জন্মস্থান-নেত্রকোনা, 20শে কার্ত্তিক,1374

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up