অনুরাগ

লেখক : অর্দ্ধেন্দু গায়েন

সারাটা দিন মেপে চলি খুব, হিসেবি কোন ঘরে,
ছন্দভাঙা শহরটা কেবল কাজের কথা বলে।
তারপর আলো নেভে—
একটুখানি নিঃশব্দতা নেমে আসে বারান্দার কোণে,
আর ঠিক তখনই, আড়ালে জমে থাকা মেঘগুলোর মত
তুমি ঘন হয়ে ওঠো মনের মধ্যে।
তোমাকে দেখতে পাওয়ার জন্য কোন বিশেষ দিনের দরকার হয় না,
তুমিও তো চাওনি কখনও বড় বড় কোন উপহার কিংবা প্রতিশ্রুতির ভিড়।
তুমি শুধু রয়ে গেছ—
আমার না-বলা কথাগুলোর ফাঁকে ফাঁকে,
হঠাৎ ডেকে ওঠা চেনা কোন সুরের দোলায়,
কিংবা এক কাপ গরম চায়ে আলতো করে ওঠা ধোঁয়ার বাষ্পে।
ভালবাসার কত শত নাম থাকে দুনিয়ায়,
কেউ তাকে অধিকার বলে, কেউ বা নাম দেয় মায়া।
আমি শুধু জানি, এই যে নিঃশব্দে জড়িয়ে রাখা,
কোনো দাবি না রেখেও কোন এক মানুষের জন্য
ভিতরে ভিতরে থমকে যাওয়া—
এটাই তো অনুরাগ।
দূরত্ব মেপে লাভ কী বলো?
তুমি তো আছই—আমার খুব নিভৃত এক আবদারে,
আমার অগোছালো সব অনুভূতির অনুবাদে।


লেখক পরিচিতি : অর্দ্ধেন্দু গায়েন
জন্ম উত্তর চব্বিশ পরগনার যোগেশগঞ্জের মাধবকাটী গ্রামে।পেশায় সরকারী চাকুরী হলেও নেশা পড়াশোনা , ইচ্ছে হলেই লেখা-সে কবিতা, ছোটগল্প, অণুগল্প, প্রবন্ধ যা কিছু হতে পারে, অবসরে বাগান করা,ছোট্ট ছোট্ট বাচ্চাদের সঙ্গে খেলা ইত্যাদি।তবে সব পরিচয়ের সমাপ্তি ঘটে সৃষ্টিতে --পাঠক যেভাবে চিনবেন আমি সেভাবেই থেকে যাবো।

One comment

  1. অর্দ্ধেন্দু গায়েন

    ‘ লেখালেখি সব বাংলায়’ – এর সম্মানীয় অগণিত পাঠকদের আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানাই।আমার বিশ্বাস আপনারা যাঁরা সাহিত্য ভালোবাসেন, পড়তে ভালোবাসেন তাঁরা ঠিক একটু হলেও চোখ বুলিয়ে নেন, এখানে প্রকাশিত সমস্ত সৃষ্টি গুলোর সমস্ত শরীরে।
    আমার সৃষ্টি যদি আপনাদের সমৃদ্ধি দিতে পারে,আমার ভাবনাগুলো যদি আপনাদের হৃদয়কে একটু হলেও স্পর্শ করতে পারে,তাহলে কমেন্ট করে আমায় উদ্বুদ্ধ করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up