লেখক : রুবাই শুভজিৎ ঘোষ
১
প্রথম প্রেম হারায়না কখনও
বারে বারে সে ফিরে ফিরে আসে
সময় থেকে সময় ধার নিয়ে
মন আবার তাকেই ভালবাসে
বৃষ্টি ভেজা দুপুর কিংবা সন্ধে
চার বাহুপাশে আমায় করো বন্দী
আমার কি সাধ্য আছে বলো
যে পেরোব তোমার এই গণ্ডি
সময় শুধু থেমে থাকলেই হ’ল
তোমার সাথে সময় কাটাব আরও
আমার শরীরে তোমার ঘ্রাণ মেখে
তোমার কাছে ফিরে আসব আবারও
২
প্রথম প্রেম ভাগ্যে জোটেনা কারও
যার জোটে তার কথা ছাড়ো
আমি আমার কথা বলব
আমি আমার কথা লিখব
আমি আজও তোমার জন্য বাঁচি
মরতে হ’লে তোমার জন্য মরব
তোমার বাড়ির জানলায় রোদ পড়ে আজও
আমি এই পাড়ে দাঁড়িয়ে দেখি
যদি তুমি আস একবার
আর পর্দা টেনে হেসে যাও একটুখানি
আমি বাঁচব সেই হাসিটুকু নিয়ে
শুধু তুমি আসনি এই ক’টা বছরে
আমি আজও ভিক্টোরিয়া পার্কে বসি
তুমি আসবে কখন সেই অপেক্ষায়
গল্পে গল্পে কেটে যাবে বিকাল
বহুবার কেটে গেছে সন্ধ্যেটাও
শুধু তুমি আসনি কতকাল
আমি সেই সব গাছেদের ছুঁয়ে দেখি
ছুঁয়ে দেখি সেইসব বই খাতা,
সেই বালিশ, বিছানার চাদর
যাতে লেগে আছে তোমার ঘ্রাণ
যাতে লেগে আছে তোমার আদর
শুধু জানি আর আদর করবে না তুমি আমায়
কেন চলে গেলে এত দূরে
এত অভিমান নিয়ে
আর একটু কি অপেক্ষা করা যেত না বলো!
আমি এখন কী নিয়ে বাঁচব!
লেখক পরিচিতি : রুবাই শুভজিৎ ঘোষ
লেখকের জন্ম পশ্চিমবাংলায়। পেশায় একটি বহুজাতিক সংস্থার তথ্যপ্রযুক্তিবিদ। লেখা তাঁর নেশা। বাঙালির জনপ্রিয় ওয়েবসাইট সববাংলায় এর অন্যতম প্রতিষ্ঠাতা তিনি। কবিতা থেকে শুরু করে গল্প, প্রবন্ধ, উপন্যাস, চিত্রনাট্য সবকিছুই লিখতে ভালবাসেন। লিটিল ম্যাগাজিন থেকে শুরু করে বাণিজ্যিক বিভিন্ন ম্যাগাজিনে নিয়মিত লিখেছেন। দৃষ্টি, বালিঘড়ি এবং স্মরণে রবি এই কবিতার সংকলনগুলিতে রয়েছে তাঁর কবিতা । এছাড়া তথ্যচিত্র বা শর্ট ফিল্ম পরিচালনা করেন তিনি। ধর্ম এবং বিজ্ঞান তাঁর প্রিয় বিষয়। ঘুরতে খুবই ভালবাসেন। অন্যান্য শখের মধ্যে রয়েছে স্কেচ, ফটোগ্রাফি, ছবি ডিজাইন করা।

