সোনম ওয়াংচুক

লেখক : অভিজিৎ সুর

বেঁচে থাকুন সোনম ওয়াংচুক।
বেপরোয়া শাসকের দাম্ভিক আস্ফালনের
মুঠো ভেদ করে বেঁচে থাকুন,
খসে পড়া মুখোশের ওপর
অনাঘ্রাত কবিতার মত বেঁচে থাকুন।
সামাজিক পচনশীল বর্জ্যর ওপর
এক মুঠো রোদ্দুর হয়ে বেঁচে থাকুন,
দালাল মিডিয়ার মুখে বিদ্রুপ হয়ে বেঁচে থাকুন।
এখনও কাদের ঘুম ছোটেনি? এখনও কাদের চোখ অন্ধ?
তাদের চোখে মহাজাগতিক অশনি হয়ে বেঁচে থাকুন।

বেঁচে থাকুন,
আপনাকে বড় প্রয়োজন
পাখির, গাছের, মাটির,
ধূসর মাটিতে একটি চারা গাছের জন্মের জন্য বেঁচে থাকুন;
আমাদের রুক্ষ বুক আর কম্পমান পাঁজরের
ইতিহাস হয়ে বেঁচে থাকুন।

এ সময় বড় আত্মসর্বস্ব,
ক্ষমতালোভী শ্বাপদের মৃগয়াক্ষেত্র;
এই সর্বংসহা মানচিত্রে বিদ্রোহ হয়ে বেঁচে থাকুন,
এই প্রেমহীন প্রান্তরে ভালবাসা হয়ে বেঁচে থাকুন,
বেঁচে থাকুন সোনম ওয়াংচুক।


লেখক পরিচিতি : অভিজিৎ সুর
একক জীবন, পরিচিতিহীন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up