লেখক : বিপ্লব চন্দ্র দত্ত
বটতলায় বুড়োদের জমে আড্ডাখানা,
চায়ের সাথে গল্পে চলে সবার তা জানা।
কে কী ছিল আগে,
স্মৃতির কোঠায় জাগে,
ফেটে পড়ে হাসিতে নেই তাদের মানা!
কারও চোখে চশমা থাকে, কারও লাঠি হাতে,
কারও টেকো মাথা, কারও চুলে কালি তাতে!
পুরাতন দিনের গান,
গুনগুনিয়ে গায় প্রাণ,
সময় যে থেমে থাকে, বুড়োদের দিনে-রাতে।
বিকেল শেষে যখন সূর্য ডোবে নীরব পথে,
ধীরে ধীরে সবাই ফেরে আড্ডাখানা হ’তে!
রাত ভর মনে রয়,
শেষবেলায় নেই ভয়!
আবার মিলবে তারা একই সুখ-রথে।
লেখক পরিচিতি : বিপ্লব চন্দ্র দত্ত
বাংলাদেশ ব্যাংক সিলেট এ অতিরিক্ত পরিচালক পদে কর্মরত আছেন। প্রহেলিকা, আয়না, মুখোশ, স্বপ্নডানা ও ছড়া পড়ুক ছড়িয়ে নামে 5টি কাব্যগ্রন্থ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। জন্মস্থান-নেত্রকোনা, 20শে কার্ত্তিক,1374

