ধর্ষিত ভ্রূণের শপথ

লেখক : এস. আজাদ

উদরের পরিবর্তে
অনিচ্ছাসত্ত্বেও যখন আমার উদোম শরীরের সব উত্তাপ
শুষে নিচ্ছিল কানকাটা দিলীপ
ঠিক তখনই চোখের বদলে খাদ্য আর
কথার বদলে জীবন দান
প্রকল্প ঘোষণা করল অন্ধ ঈশ্বর।

আমার চোখে বাষ্পীভূত মেঘ
ভয় পেয়েছে —ক্ষমতার ভয়,
ক্ষিদের ভয় —প্রাণের ভয়।

আমি ঠিক করতে পারছিলাম না
কোনটা আগে,
ভয় না জীবন?
জীবন —ভবিষ্যত, ভবিষ্যতই তো ভয়।

আমরা ভয়ের জন্য বাঁচি,
ভয় দেখিয়ে বাঁচি—ভয় পেয়ে বাঁচি
ভয় নিয়ে বাঁচি।
উপস্থাপনের সারল্যে ভয় আর জীবন—জীবন আর ভয়
মাখামাখি।

ভয়ের একটা অদ্ভুত অ্যাডভেঞ্চার আছে
সাথে ট্রাজেডিও
পোকা ভয় পায় মোমের মতো নরম মৃত্যু বহনকারী
রঙিন ডানাওয়ালা পাখি,
সরের মতো মোলায়েম ব্যাঙের জিভ।

ব্যাঙ–পাখি ভয় পায় তার খাদক
ধাপে ধাপে আমরা সবাই খাদক
আমরা সবাই ভীতু—অসম্ভব ভীতু
আমরা নিজেকেও ভয় পাই, যখন একলা থাকি
স্বপ্ন দেখি —নিজেকে বেচি।
ঈশ্বরও ভীতু সেও রেহাই চায়।

কানকাটা —হাতকাটা —পা কাটা নেতা
লুলা-ল্যাংড়া রাজা,
বোবা জনতা আর অন্ধ স্তাবক ভক্তদল
বিজ্ঞাপনে-পোস্টারে এগিয়ে নিয়ে চলেছে দেশ।
দেশ মানে মাটি নয়—শুধুই দ্বিমাত্রিক ছবি

আমার অন্তর্বাসে লেখা হোক সন্ধিপুজোর নির্ঘণ্ট
নয়ত বিদ্রোহের নতুন শ্লোগান
আমার ধর্ষিত ভ্রূণের শপথ
রজঃরক্তের হড়পা বানে—ধংস হোক
ধংস হোক —ধংস হোক।


লেখক পরিচিতি : এস. আজাদ
লেখক পরিচিতি : জন্ম : ১৯৮৩। পেশা : মাধ্যমিক স্কুলের সহকারী শিক্ষক। নেশা : বই পড়া, বেড়ানো। কাটোয়া কলেজ পড়তে পড়তে সম্পাদনা করেছেন মাসিক দেয়াল পত্রিকা 'প্রগত'। ছাপার অক্ষরে তিন বছর সম্পাদনা করেছেন ত্রৈমাসিক লিটিল ম্যাগাজিন 'প্রগত'। বর্ধমান থেকে প্রকাশিত লিটিল ম্যাগাজিন 'ফরিয়াদ' পত্রিকার প্রতিষ্ঠাতা সহ-সম্পাদক। জীবনানন্দের কবিতা পড়ে কবিতার প্রতি প্রেম। কবিতা লেখার নেশায় পেয়েছিল সুদূর অতীতে ছাত্রাবস্থায়। পরে বুঝেছেন ‘সকলেই কবি নয় কেউ কেউ কবি’। মাঝখানে দীর্ঘ বিরতির পর আবার শুরু করেছেন সাহিত্য চর্চা। এখন মূলত ছোট গল্প ও অনু গল্প লেখেন দু-একটা কবিতা ও লেখেন কখনো কখনো, প্রবন্ধ মাঝে মধ্যে। অজ গ্রামের দরিদ্র কৃষক পরিবারের সন্তান। বাবা একজন প্রান্তিক চাষী। পড়াশোনার পাশাপাশি করেছেন শ্রমসাধ্য কৃষি কাজ। জীবন কে দেখেছেন একেবারে ভিতর থেকে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up