মেঘের নোঙর, ভাঙা সাঁকো

লেখক : অভিজিৎ হালদার

সেখানে অনেক নদী একা একা বহে যায়, জয়তী,
তুমি কি দেখনি সেই হিজলের বনে
বিকেলের ম্লান রোদ কীভাবে ঝরেছে?
জীবনানন্দের সেই শঙ্খচিল আজও ওড়ে,
অথচ তোমার বুকে মেঘের নোঙর।
আমি এক ভাঙা সাঁকো, একা দাঁড়িয়েছি একা,
নিচে জল, উজান জলের বুকে কার মুখ ভাসে?
জয় গোস্বামীর মত বুকপকেটে হাত রেখে বলি—
‘সবাই তো চলে যায়, তুমি কেন রয়ে গেলে ঘুমে?’
ধানসিঁড়ি নদীটির পাশে আজ কোন গল্প নেই,
শুধু আছে কিছু চেনা মানুষের মুখের ছায়া।
তোমাকে ছুঁয়েছি আমি বিষণ্ণ আলোর মত,
যেন এক রূপসী বাংলা, বুকে তার ক্ষত।
যদি কোনদিন সেই চেনা শাড়ি ওড়ে বাতাসে,
জেনে নিও, কবি আজও সেইখানে একা বসে আছে—
হাতে এক নীল ডায়েরি, চোখে তার নক্ষত্রের জল।


লেখক পরিচিতি : অভিজিৎ হালদার
লেখক পরিচিতি:- লেখক অভিজিৎ হালদার এর জন্ম নদীয়া জেলার অন্তর্গত মোবারকপুর গ্রামে ২০০১ সালের ১লা সেপ্টেম্বর। পিতা কার্ত্তিক হালদার ও মাতা আরতি হালদার। প্রাথমিক শিক্ষা মোবারকপুর প্রাইমারী বিদ্যালয় , মাধ্যমিক শিক্ষা ভাজনঘাট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় , সুধীরঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয় থেকে স্নাতক এবং বর্তমানে আই টি আই এর ছাত্র। লেখালেখির সূএপাত: স্কুল জীবন থেকে। লেখালেখি:- বিভিন্ন – পএ পত্রিকা, ম্যাগাজিন , ওয়েবজিন, ফেসবুক পেজ/ ফেসবুক গ্রুপ , ব্লগসাইট , ওয়েবসাইট , অনলাইন প্লাটফর্ম , এছাড়া বিভিন্ন ফোরামে। প্রথম বই: "প্রথম আলো " পেশা ও পরিচয়: তরুণ কবি, গল্পকার, উপন্যাসিক, গীতিকার, লেখক ও অন্যান্য। সাহিত্যিক ধারা: আধুনিক ও উত্তর-আধুনিক কবিতা, প্রেম ও বিরহ, অস্তিত্ববাদী ভাবনা, গ্রামীণ ও শহুরে জীবনচিত্র , বাস্তববাদী, দার্শনিক চিন্তাধারা, কল্পনাবিলাসী , রূপকথা , বাস্তব পেক্ষাপট ও সমসাময়িক। বিশেষ উক্তি: "এই শহরকে ভালো না বেসে যদি আমি চাঁদের মাটিকে ভালো বাসতাম তবে আমি নীল ডায়েরি না হয়ে নীল আর্মস্ট্রং হতাম।"

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up