লেখক : বিপ্লব চন্দ্র দত্ত
এ’যুগের ছেলেমেয়েরা বড়ই অদ্ভুত জাত,
মোবাইল হাতে নিয়ে করে জীবনটা পাত!
সকালবেলায় ভাঙে না ঘুম সুরেলা পাখির ডাকে,
নোটিফিকেশনের টুং-টাং বাজে কানটার ফাঁকে।
দুপুরবেলা চোখ খুলেই ফেসবুকটা করে চেক,
বিশ্বের খবর রাখে না, দেখে শুধু লাইক এক!
বইখাতা পড়ে অবহেলায় ধুলো জমে স্থির,
পরিবারকে পর করে নেট দুনিয়ায় বাঁধে নীড়!
পরীক্ষার আগের রাতে হঠাৎ পড়ে টেনশন,
গুগলই তখন গুরু, ইউটিউবেই সলিউশন!
পরিবারের পাশে বসে কোন কথা নাই,
চ্যাট করে বন্ধুকে, ‘কেমন আছিস ভাই?’
জীবনযুদ্ধে হেরে কেবল গেম খেলে জিতে,
মাথা ঝুলে রাখে এরা দুনিয়া ঘুরে নিতে।
মোবাইল ফোন না থাকলে জীবন শেষ আজ!
মোবাইলটাই আসল যেন পড়ে থাক কাজ!
এ যুগের ছেলেরা এখন মোবাইলের দাস,
মোবাইলই প্রাণসাথী, নেটই সর্বনাশ!
তবু বলি, ‘শোন বন্ধু, একটু থামো ভাই,
মোবাইলটা কমিয়ে দিলে ভাল জীবন পাই।’
লেখক পরিচিতি : বিপ্লব চন্দ্র দত্ত
বাংলাদেশ ব্যাংক সিলেট এ অতিরিক্ত পরিচালক পদে কর্মরত আছেন। প্রহেলিক, আয়না, মুখোশ, স্বপ্নডানা নামে 4টি কাব্যগ্রন্থ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। জন্মস্থান-নেত্রকোনা, 20শে কার্ত্তিক,1374

