লেখক : অভিজিৎ সুর
‘Something is rotten in the state of Denmark’
(Dialogue from Hamlet by William Shakespeare)
কোথাও কিছু পচেছে নিশ্চয়ই।
কথা বলবে না কেউ শুধু একজন ছাড়া,
সারা দেশ জুড়ে শোভা পাক শুধু তার ছবি,
আর চাপা দেওয়া থাক যাবতীয় অন্ধকার,
বিরুদ্ধ কথা বললেই দেশদ্রোহী।
নধর দুপুরে কাক ছিঁড়ে খায় পাকস্থলী,
আর কে যেন নর্দমা থেকে খুঁজতে থাকে গুগলি।
কিছু লাশ পড়ে থাকে ফুটপাতে, যদিও তারা নিঃশ্বাস নেয়,
এখনও জানা নেই তারা কোন দেশের
অথবা আদৌ তারা এই পৃথিবীর কিনা।
হয়ত কোনদিন শোনা যাবে ওরা নাকি আমরা
এই ব্রহ্মাণ্ডেরই বাসিন্দা নই;
শুধু ভয় ঘুরে মরে সন্ধ্যের আঁধারের মত মানুষের মনে,
যদিও মানুষ ‘সত্য’ কিনা সেটাও একটা প্রশ্ন বটে।
শুধু শব্দ ওঠে, চিৎকার,
সুবেশ সঞ্চালক মুচকি হেসে ব্যাঙ্ক ব্যালেন্স গোনেন,
ওইখানেই পড়ে আছে মগজ;
শিরদাঁড়া, সে তো অনেককাল নিশ্চিহ্ন;
তোমার কথা, আমার কথা, আগামীর কথা,
দেবালয়ের সিঁড়ির শেষ ধাপের ছায়ায়
মুখ লুকিয়েছে অনেক দিন,
ঘৃণা উপচে পড়ে পর্দা থেকে জাহ্নবী যমুনায়।
কিছু আত্মহত্যা ঘটে যায় ফাঁকতালে
কিছু উটকো মানুষ জড়ো হয় এখানে ওখানে
মোমবাতি হাতে, উপাধি জোটে ‘বিদেশি এজেণ্ট’।
কিছু প্রশ্নপত্র ভেসে আসে ভাঙাচোরা পথঘাটে,
কেউ জানে না, কেউ দেখে না,
অথচ সকলেই জানে ন্যায়দণ্ড আসলে কার হাতে ধরা।
মধ্যদিনে গান থামিয়ে পাখি ভাবে,
এই কি মৃত্যুকালীন যুক্তি।
গণতান্ত্রিক ধূসর শস্য ক্ষেতের ওপর
পাক খায় পুঁজিবাদী শকুন, দৃষ্টি তার নিবদ্ধ প্রখরতায়,
কোথাও কিছু পচেছে নিশ্চয়ই।
লেখক পরিচিতি : অভিজিৎ সুর
একক জীবন, পরিচিতিহীন

