পরিমাপ

লেখক : বকুল বিশ্বাস

তুমি কি জানো,
একটা চাতকের বুকে লুকিয়ে থাকে কতটা তৃষ্ণার মরুভূমি।
একটা ছোট্ট বটের বীজে লুকিয়ে থাকে কত বড় প্রাণ,
একটা সাগরের ঢেউয়ে কতটা আবেগ,
এক ফোঁটা চোখের জলে কতটা দুঃখের সমুদ্র।

তুমি কি জানো,
একটা ঘুমহীন রাত কতটা দীর্ঘ হতে পারে,
একটা কানা ভাঙা ফুলদানি ভরাতে পারে কতটা রজনীগন্ধা।
একটা কলার ছেঁড়া জামাতে লুকিয়ে থাকে কতগুলি দায়িত্বের পাহাড়।

তুমি কি জানো
একটা ছোট্ট চড়ুইয়ের ডানায় লুকিয়ে থাকে কতটা আকাশ,
ভাঙা কুঁড়েঘরে আঁটতে পারে কতটা পৃথিবী।
আর তোমার লিপিস্টিকহীন ঠোঁটে লুকিয়ে
কত সহস্র বছরের জমানো ভালবাসা।


লেখক পরিচিতি : বকুল বিশ্বাস
বকুল বিশ্বাস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up