তোমার পড়া হয়নি সে চিঠি

লেখক : অম্লান ভট্টাচার্য

দিগন্ত ছুঁয়ে ছিল তোমার সাহসী স্বপ্ন
সাগরের ঢেউ এসে ভিজিয়ে দিল
তোমার শরীর
তোমার মাথার চুল
নগ্ন পা
অশান্ত মন,

অচেনা কোন আকাশের রঙ পাল্টে পাল্টে
তোমার আকাশে রঙ ছড়ায়
অচেনা হালকা বাতাস গতি বাড়িয়ে
সাগর পাড়ে দাঁড়ানো তোমায়
চিনে নেয়,

একটা সি-বার্ড তোমার আশে পাশে ঘুরতে থাকে
ঢেউ এলে উড়ে যায় আবার কাছে আসে
পাখির গলার স্বর
সাগরের ঢেউয়ের শব্দ
তোমার বালি ছড়িয়ে হাঁটা
সবকিছু একাকার,

নির্জন সাগর পাড়ে তুমি একা
আর তোমার ট্রাভেল ব্যাগ,
তোমার ট্রাভেল ব্যাগে একটা কবিতার বই ও জলের বোতল
বইয়ের ভিতর তোমাকে পাঠানো একটা খোলা চিঠি,

বই খুলতেই হাওয়ায় হাওয়ায় মিলিয়ে গেল খোলা চিঠি সাগরের বুকে
তোমার পড়া হয়নি সে চিঠি।


লেখক পরিচিতি : অম্লান ভট্টাচার্য
জন্ম ২৫ ডিসেম্বর ১৯৫৭, কলকাতা। স্কুল - ঢাকুরিয়া রামচন্দ্র হাইস্কুল, কলেজ - সেন্টপলস, বিজ্ঞান বিভাগে স্নাতক, কলা বিভাগে স্পেশাল স্নাতক, কারিগরি শিক্ষা, কম্পিউটার ডিপ্লোমা ও টেগোর রিসার্চ ইনস্টিটিউটে শিক্ষা গ্রহণ, কেন্দ্রীয় সরকারি চাকরি অবশেষে ৩১ ডিসেম্বর ২০১৭ অবসর। এযাবৎ তিনটি কাব্যগ্রন্থ প্রকাশিত, মূলত কবিতা প্রাধান্য পেয়েছে লেখালেখিতে এবং এই সূত্রে চতুর্থ কাব্যগ্রন্থের প্রকাশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up