লেখক : অর্দ্ধেন্দু গায়েন
সোনামণি তখন তুমি
একেবারেই কচি,
মাটির ভাঙা পাঁচিল ধ’রে
পাশাপাশি নাচি।
সেই থেকেই ভাব হয়েছে
নরম দু’টি মনের,
সব খাবারই ভাগাভাগি
মধ্যে দু’ইজনের।
যখন তুমি একটু বড়
স্কুলেতে যাও,
নিজের খাবার গর্ব করে
বান্ধবীদের দাও।
স্কুলেতে প্রার্থনা, তোমার
চোখে চোখ—
মনে হল সব পুড়ে যাক
যা হওয়ার তা হোক।
এখন তুমি অনেক বড়
এখন তুমি ষোল,
অন্য কারও সাথে তুমি
লুকিয়ে কথা বলো।
মাধ্যমিকে ফেল করেছ
পড়াশুনায় ফাঁকি,
অনেক কথা বলা হ’লেও
রইল অনেক বাকি।
এখন তুমি অন্য কারও
এখন তুমি বউ,
আমার মনের কষ্টগুলো
জানবে না তো কেউ।
এখন তুমি অন্য কারও
এখন তুমি মা,
মায়ের সাথে অন্য কারও
হয় না তুলনা।
এখন আমি নইতো প্রেমিক
এখন আমি সুখী,
ভাবের ঘরে তবুও মোরা
আজও মুখোমুখি।
লেখক পরিচিতি : অর্দ্ধেন্দু গায়েন
জন্ম উত্তর চব্বিশ পরগনার যোগেশগঞ্জের মাধবকাটী গ্রামে।পেশায় সরকারী চাকুরী হলেও নেশা পড়াশোনা , ইচ্ছে হলেই লেখা-সে কবিতা, ছোটগল্প, অণুগল্প, প্রবন্ধ যা কিছু হতে পারে, অবসরে বাগান করা,ছোট্ট ছোট্ট বাচ্চাদের সঙ্গে খেলা ইত্যাদি।তবে সব পরিচয়ের সমাপ্তি ঘটে সৃষ্টিতে --পাঠক যেভাবে চিনবেন আমি সেভাবেই থেকে যাবো।

