লেখক : অভিজিৎ সুর
একটা মেয়ে স্বপ্ন বোনে হলুদ বনের গান,
বাতাস দিল বাউল হয়ে একতারাতে টান।
একটা মেয়ে নদীর মত জোয়ার হয়ে বয়,
কাজ ভুলেছে জগৎ এখন আবার স্বপ্নময়।
একটা মেয়ে কবিতা হয় শব্দ নিয়ে খেলা,
শুনতে চেয়ে বৃষ্টি এল হঠাৎ বিকেল বেলা।
একটা মেয়ে দুপুর ছুঁয়ে বিকেল হয়েই থাকে,
এক গোধূলি মেঘ কেমন অবাক দেখে তাকে।
একটা মেয়ের মনে যখন শান্ত নীরবতা,
সন্ধ্যেতারা শুনিয়ে দিল রেখাবে কথকতা।
একটা মেয়ের তন্দ্রা এলে আকাশ হ’ল একা,
ভোরের স্বপ্ন হাত ছোঁয়ালে শব্দে-সুরে দেখা।
একটা মেয়ের চোখের তারায় শিশির ভোরে জুঁই
সকাল বলল, চল এবার জীবনকে খুঁজবই।
লেখক পরিচিতি : অভিজিৎ সুর
একক জীবন, পরিচিতিহীন

