শ্রাবণের ধারার মত…

লেখক : অভিজিৎ সুর

চল্ মেঘ,
শ্রাবণ এলে আজও সেই পুরনো দুপুর ফিরে আসে অহেতুক, সেই ভিজে ভিজে আবহাওয়া
হঠাৎ আমার নাম ধরে তোর ডাকা;
হয়ত তখন আকাশের দিকে চাইলে দেখা যেত
বকের উড়ে যাওয়া,
যদিও দেখিনি তবু মনে হয় যেন।
মনে হয় যেন বত্রিশ বছরের ওপার থেকে গতকাল;
কারা যেন বলেছিল স্মৃতি নাকি ফিকে হয়,
আমার স্মৃতি যেন মহেঞ্জোদারোতে উৎকীর্ণ আছে।

কলেজ থেকে বাড়ি ফেরা সাইকেলে,
কত কথা হত, কত রকম নেহাতই মামুলি মধ্যবিত্ত।
কখনও কখনও আমার সাইকেল টাল খেত একটু আধটু,
তুই ধমক দিতিস, “সাইকেলটা ঠিক করে চালাতে পারিস না?” আমি হাসতাম, তোর হলুদ ওড়না উড়ত হাওয়ায়।
আমি কবিতা লিখতাম, তুই পড়তিস,
বলতিস আমি নাকি ভাল লিখি।
আজ স্বীকার করে যাই যে আমি কবিতা লিখতে জানি না, একটা কবিতাও আজ পর্যন্ত লিখতে পারিনি,
শুধু অভিধানিক শব্দ সাজিয়ে গিয়েছি,
শুধু শব্দ।

প্রাইভেট টিউশন থেকেও ফিরতাম ওইভাবে, সাইকেলে। তখনও কথা বলতাম, কথা,
আসলে শব্দ।
আজ বত্রিশ বছরের এপার থেকে মনে হয়
অত কথা, অত শব্দের কোন প্রয়োজন ছিল না,
শুধু তোর পাশে সাইকেল চালিয়ে যাওয়া উচিত ছিল কথাদের ছুটি দিয়ে।
সেই মুহূর্তদের কথার, শব্দের আঘাত না দিয়ে
নীরবতা দিয়ে সাজিয়ে দেওয়া উচিত ছিল।
পুকুরের জলে নেমে আসা গোধূলির চাঁদ আপন মনে আমাদের অচেতন বোকামো দেখে গিয়েছে।

এখন ইচ্ছে করে আবার সাইকেল চালাই তোর পাশে পাশে। এখন বয়সকাল, এখন হাঁটুতে টান,
সাইকেল চালানো বন্ধ;
তবে হাঁটতে পারি যদি চাস,
হেঁটে যেতে পারি চুপচাপ কোন কথা না বলে,
সঙ্গে থাকুক প্রয়োজনীয় নীরবতা
আর রচিত হোক ঠিকঠাক একখানা কবিতা।
চেনা সুরের ছায়ায় ছায়ায়
চল্ মেঘ হেঁটে আসি সচেতন সত্তায়।


লেখক পরিচিতি : অভিজিৎ সুর
একক জীবন, পরিচিতিহীন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up