লাশ

লেখক : ইয়াসেফ মোহাঃ রিয়ান

মর্গে এক লাশ পাশের লাশকে —
ভাই, তোমায় এত নিথর, মৃত দেখাচ্ছে কেন?

মুমূর্ষু লাশটি বলল—
বেঁচে থাকতেই আমার মৃত্যু হয়েছিল।
অন্যায় দেখেছি,
চোখ নামিয়েছি।
চিৎকার শুনেছি,
দরজা বন্ধ করেছি।
শিরদাঁড়াটি চিরকালই দুর্বল !

আজ মৃত চোখে দেখতে পাচ্ছি—
কী দীর্ঘ ছিল
মৃত্যুর মত নির্জীব সেই জীবন।
কী শুষ্ক, কী জড়
কী আশ্চর্য নিঃশব্দ ছিল
আমার বেঁচে থাকা।

থাক আমার কথা।
তা, তোমায় কেন এত শান্ত, খুশি দেখাচ্ছে ভাই?

প্রথম লাশটি মৃদু হেসে বলল—
আমার মৃত্যু হয়েছে
কাল, পরশু,
অথবা মাঝে মাঝেই—
কখনও মিছিলে,
কখনও প্রতিবাদে,
কখনও কারও ওপর নেমে-আসা লাঠির সামনে
নিজেকে দাঁড় করাতে গিয়ে।

ভয় স্থান পায়নি
আমার অগ্নি-প্রাণে।
তাই মরে গিয়ে এই লাশ মৃত্যুহীন।
আগুনের আবার মৃত্যু কী?

দুই লাশের কথা
চুপচাপ শুনছিল
মর্গের এক কোণে পড়ে থাকা
আরও কয়েকটি শরীর।

তারা তখনও শ্বাস নিচ্ছিল।
প্রাণ ছিল না,
প্রেম ছিল না
ওদের ভিতর।
শুধু প্রাণহীন শ্বাস নিচ্ছিল ওরা।


লেখক পরিচিতি : ইয়াসেফ মোহাঃ রিয়ান
ইয়াসেফ মোহা: রিয়ান একজন সাহিত্যনুরাগী। পেশায় তিনি একজন স্থপতি। বর্তমানে তিনি চীনের Xian_Jiaotong-Liverpool University-এর স্থাপত্য বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up